মেয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তার শঙ্কায় পরিবারসহ গাজীপুর ছাড়লেন রুমি
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে ধরা শাহজালাল রুমি ক্রমাগত হুমকি ও নিরাপত্তাহীনতার মুখে পরিবারসহ আত্মগোপনে চলে গেছেন। রবিবার দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি নিয়ে পুলিশ মাদ্রাসা কর্তৃপক্ষ ও রুমি—দুই পক্ষের দায়ের করা পাল্টাপাল্টি মামলা তদন্ত করছে।
বিইআরসি নির্ধারিত দাম উপেক্ষা করে চড়া দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার
সরকার নির্ধারিত ১,৮৩৭ টাকার বিপরীতে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার সর্বোচ্চ ২,৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, ঢাকা জেলা প্রশাসনের তদারকিতে বিভিন্ন উপজেলায় বসুন্ধরাসহ একাধিক কোম্পানির গ্যাস নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রির চিত্র উঠে এসেছে।
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে রবিবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ ও ডিএমপির তালিকাভুক্ত হওয়ায় তাকে রায়েরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ অক্টোবর দোকানে তেল আনতে যাওয়ার সময় স্থানীয় এক ব্যবসায়ী শিশুটিকে ধর্ষণ করে এবং বর্তমানে ভুক্তভোগী শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিন দশকের সর্বনিম্নে এডিপি বাস্তবায়ন, প্রথম প্রান্তিকে হার মাত্র ৩.৮৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩.৮৯ শতাংশ বাস্তবায়ন করেছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, আইএমইডির প্রকাশিত এই হার গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন, যা প্রশাসনিক অস্থিরতা ও প্রকল্প পর্যালোচনার কারণে শ্লথ হয়েছে।
ভারত থেকে আসা বাঘের আক্রমণে লালমনিরহাট সীমান্তে ৩ বাংলাদেশি আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে রবিবার নারীসহ তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করায় বিজিবি ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।
মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমান প্রত্যাহার
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়ী করে পোস্ট দেওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তকে রবিবার প্রত্যাহার করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চিকিৎসাধীন এই কর্মকর্তাকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই সময়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি প্রায় ১১.৯ শতাংশ।
চার বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে থাকার পর বগুড়ার আসামি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে গাজীপুর থেকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে সাজা ঘোষণার পর থেকে দীর্ঘ ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি।
পর্যটকদের কার্ডের আয়ের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা
বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে আয় করা ডলারের সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ পাচ্ছেন দেশের উদ্যোক্তারা। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, পর্যটন খাতকে উৎসাহিত ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ করতে বাংলাদেশ ব্যাংক রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ট্রাম্পের তাৎক্ষণিক বিমান হামলা নাকচ, কাতারি মধ্যস্থতাকারীরা তেহরানে
ইরানে এখনই কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিজের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, রবিবার শান্তি আলোচনার উদ্দেশ্যে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছেছেন। তবে এই সংকট সৃষ্টির জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে ইরানের জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মক্কা প্রদেশ ও রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি আরব
মক্কা প্রদেশ, রিয়াদসহ বিভিন্ন শহর লক্ষ্য করে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রবিবার প্রতিহত করেছে সৌদি সামরিক বাহিনী। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থান ও বিমানবন্দরে এই হামলার ঘটনায় তীব্র আন্তর্জাতিক নিন্দা ও উদবেগ সৃষ্টি হয়েছে।
গ্রিন পার্টিকে 'বর্ণবাদী দল' হিসেবে ঘোষণা করেছে ব্রিটেনের শীর্ষ ইহুদি সংস্থা
ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টিকে একটি 'বর্ণবাদী দল' হিসেবে রবিবার ঘোষণা করেছে ব্রিটেনের শীর্ষ ইহুদি সংস্থা বোর্ড অব ডেপুটিজ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টির সম্মেলনে "জায়নবাদ একটি বর্ণবাদী মতাদর্শ" সংক্রান্ত প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেওয়া হয়।
গাজায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮
গাজা সিটির ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস ও অন্যান্য এলাকায় রবিবার ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, ক্যাম্পাসে জোড়া হামলায় ৩ সিকিউরিটি গার্ড নিহত ও শিক্ষার্থীরা আহত হন। জাতিসংঘ জানায়, গাজার ৯৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
আলবেনিয়ায় কড়াকড়ির মধ্যেও পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী রামোর কার্যালয়ের সামনে বিক্ষোভ
অসন্তোষ দমনে নতুন আইনি কড়াকড়ি জারি করা সত্ত্বেও রবিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এডি রামোর পদত্যাগের দাবিতে রবিবার আবার রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি, বেকারত্ব ও শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।
সরকারের ওপর চাপ বাড়াতে ফ্রান্সে ফের মহাসমাবেশ ও দেশব্যাপী ধর্মঘটের ডাক
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে আগামী ৩১ অক্টোবর নতুন করে বিক্ষোভ এবং ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী দল ও ট্রেড ইউনিয়নগুলো। রবিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ব্যাপক তৎপরতায় রবিবারের বিক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানাচ্ছে রয়টার্স। গত শনিবার ৪ লাখ ১০ হাজার মানুষের বিক্ষোভের পর চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
লিসবনে আবাসন সংকটের প্রতিবাদ শিবির উচ্ছেদ, ২৫ জন গ্রেপ্তার
বাড়তি ঘরভাড়া ও আবাসন সংকট সমাধানের দাবিতে পর্তুগালের লিসবনে গড়ে তোলা একটি প্রতিবাদ শিবির রবিবার লাঠিচার্জ করে উচ্ছেদ করেছে পুলিশ। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, গভীর রাতে পরিচালিত এই অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের সাথে সংঘর্ষে বহু বিক্ষোভকারী আহত হন।
আলজেরিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে নাইজারে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন
প্রতিবেশী নাইজার সরকারের আহ্বানে সেদেশের তেলক্ষেত্র সুরক্ষা, সেনা বিদ্রোহ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহযোগিতায় সেনা পাঠানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে আলজেরিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। রবিবার এক বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর দেশের বাইরে আলজেরীয় সেনাবাহিনীর এটিই হতে যাচ্ছে প্রথম কোনো সামরিক মিশন।