তারেক রহমানের প্রজ্ঞায় দেশ সমৃদ্ধির পথে এগোবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২পরিবর্তন করতে ক্লিক করুন
তারেক রহমানের প্রজ্ঞায় দেশ সমৃদ্ধির পথে এগোবে: ড. ইউনূস
শেয়ার করুন:

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।’

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

 

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই নিরঙ্কুশ জয় দেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি উল্লেখ করেন, জনগণের এই সুস্পষ্ট রায় সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

 

প্রফেসর ইউনূস তার বার্তায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।’

 

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, তাদের আদর্শ আগামী দিনে নতুন সরকারের পথচলাকে আলোকিত করবে।

 

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুসমন্বিত মেধার প্রয়োগ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে দেশে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

 

বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমানের দেওয়া গঠনমূলক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে বিএনপির ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাফল্য কামনা করে বলেন, দেশের মানুষের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের সকল উদ্যোগ সফল হোক।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: