বাঁধন-মোশাররফের ওপর হামলা: নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার উল্টোযাত্রা

রোকন-উজ-জামান
রোকন-উজ-জামান
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮পরিবর্তন করতে ক্লিক করুন
বাঁধন-মোশাররফের ওপর হামলা: নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার উল্টোযাত্রা
শেয়ার করুন:

আওয়ামী লীগ কি আদৌ ‘রাজনৈতিক মীমাংসা’ চায়? এটা সত্য, নিষিদ্ধ রেখে দলটির নেতাকর্মীর ওপর যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা সরাসরি সংবিধান লঙ্ঘন এবং সার্বজনীন মানবাধিকারের পরিপন্থী। কিন্তু এটাও সত্য যে, রাজনীতি তারা যা বহন করে, সেই রাজনীতি থেকে যদি ‘রাজনৈতিক মীমাংসা’র বিষয়টি না আসে, তাহলে এই রাষ্ট্র যেখানে চলে গেছে সেখান থেকে ফেরানো যাবে না; সেক্ষেত্রে গোটা দেশকে একটা গৃহযুদ্ধের মুখোমুখি হতে হবে। আমরা কি প্রস্তুত সেই গৃহযুদ্ধ মোকাবিলা করতে?

৫ আগস্টে শেখ হাসিনার পতনের আগেই যাদের হাতে নগদ অর্থ ছিল, তাদের বড় অংশই দেশ থেকে পালিয়েছে। যাদের ভিসা-পাসপোর্ট ছিল, গত ১৬ বছরে সরকারের প্রভাবে যারা অর্থবিত্তশালী হয়েছে, তারা ৫ আগস্টের আগে দেশ ছেড়েছেন। শেখ পরিবারের আত্মীয়স্বজন ঢাকা বিমানবন্দর দিয়ে পাড়ি জমিয়েছেন ইউরোপ, আমেরিকা, কানাডা বা তাদের পছন্দের ফার্স্ট হোমে।

আর যাদের ভিসা-পাসপোর্ট ছিল না বা সেটা বাসাবাড়ি থেকে আনার সুযোগ পাননি, তাদের বড় অংশ গেছে ভারতে; সেখানে দলটির অন্তত ৫০ হাজার সদস্য আশ্রয় নিয়েছেন এমনটি জানা যায়। এরা প্রত্যেকেই লীগ সরকারের কম-বেশি সুবিধাভোগী।

আর যারা কোথাও যেতে পারেনি, অনেকে আবার যেতেও চাননি, সেইসব নেতাকর্মী ৫ আগস্টের পর হামলার শিকার হয়েছেন। অনেকের ব্যবসাবাণিজ্য দখল হয়েছে, লুট হয়েছে বাড়িঘর, খেতখামার ও মাছের ঘের। অনেকে নিহত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দল আওয়ামী লীগ—যাদের সাথে ৫২-র ভাষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই দলের নেতাকর্মীরা ৫ আগস্টের পর বেঘোরে মারা পড়েছে; রাজপথে তাদের হয়ে কেউ নামেনি প্রতিবাদ করতে। কারণ জুলাই ও আগস্ট মাসে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে নিজ জনগণের ওপর ১৯৭১ সালের পরে এতো গুলি কোনো শাসক চালায়নি। মানুষের নিথর দেহ পুলিশের আর্মার্ড ভ্যান থেকে ছুড়ে ফেলতে দেখা গেছে। কার্নিশে ঝুলে থাকা মানুষের দিকেও বন্দুকের নল ছিল উদ্যত। সেই মৃত্যুর মিছিলে কে নেই?

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিকশাশ্রমিক, ফুটপাতের হকার, মাদ্রাসার ছাত্র, বাড়ি ফেরা কেরানি, শিশু কিংবা বৃদ্ধ; হিন্দু অথবা ধর্মে মুসলমান—কেউ বাদ যায়নি। এ যেন রাজপথে রক্ত দিয়ে আঁকা এক লড়াইরত বাংলাদেশ, যেখানে সব পথ, মত, বর্ণ, শ্রেণি রক্ত দিয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছে। সেই রক্ত ও লাশের ব্যারিকেডে হাসিনার ১৬ বছরের অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

এখন এতদিন পরে এসে হিসাব মেলাবেন অনেকে—জুলাই তো জামায়াত-শিবির ও ধর্মান্ধ জঙ্গিরা দখল করেছে। অনেকে বলবেন, জুলাই তো আমেরিকান সাম্রাজ্যবাদের মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল; জুলাইয়ের পরেই তারাই দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকানদের কাছে।

এসব জুলাইয়ের পরে ঘটেছে সত্যি। কিন্তু জুলাই আন্দোলনে অংশ নেওয়া লাখো-কোটি তরুণ-তরুণী কি এটা চেয়েছিল? জুলাই আন্দোলনের ভেতর এসব দাবি দেখা যায়নি। এমনকি সকাল-বিকাল যারা খেলাফত কায়েম করছেন সাদা পতাকা নিয়ে, তাদের টিকিটিও দেখা যায়নি। দেখা যায়নি তাদের খেলাফতের প্রিয় সাদা পতাকা বা খেলাফতের কোনো স্লোগান।

জুলাই অভ্যুত্থানের পর যারা রাষ্ট্রশক্তির ওপর চেপে বসেছিল, তাদের সাথে মাঠে নামা অসংখ্য দলহীন তরুণ-তরুণীকে গুলিয়ে ফেলে হিসাব-নিকাশ করা রাজনৈতিক মূর্খতা।

যদি ধরেও নেই জুলাই আন্দোলনের অভিঘাত হিসেবে এসব হয়েছে, তাহলে বড় প্রশ্ন: মানুষ বড়, নাকি ক্ষমতা? নিজ দেশের জনগণের ওপর প্রায় সাড়ে তিন লাখ গুলি কি চালানো যায়? যে জনগণ রাস্তায় নেমে তার সার্বভৌমত্ব ঘোষণা দিয়ে শহিদ হন, তিনি কি জানতেন জুলাইয়ের পরে রাষ্ট্রক্ষমতায় বসে পড়বে পুরনো এলিট, এনজিও সাম্রাজ্যবাদীরা? তারা কি জানতেন জুলাইয়ের পরে দেশে বাউল, ফকির, মাজার সব আক্রমণের শিকার হবে? তারা কি জানতেন মুক্তিযুদ্ধ মুখোমুখি দাঁড়াবে জুলাইয়ের?

মানুষ ৫ আগস্ট তার কর্তব্য পালন করেছে। ৫ আগস্টে যখন শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের দায়িত্ব শেষ। সে ইতিহাসের জনগণ থেকে আবার আমজনতা হয়ে গেছে। বাকি কাজ ছিল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর; তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলের ব্যর্থতা জনগণের ওপর চাপানো রাজনৈতিক দেউলিয়াত্ব।

সার, বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকট সমাধানে সরকার কার্যকর কিছু এখনো করতে পারেনি। এ সরকার ব্যর্থ হলে সেই গণঅভ্যুত্থানপন্থী মানুষই আবার রাস্তায় নামবে। তখন যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিলেন, তারা কি চুপ করে থাকবেন?

সংবেদনশীল মানুষ চুপ থাকতে পারে না। হাসিনার গুলির জবাব রক্ত দিয়ে যেমন জনগণ দিয়েছে, আগামীতেও মানুষ অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়েই করবে। মনে রাখতে হবে, হাসিনার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে ১৬ বছর পর; ইতিহাসে প্রতিদিন অন্যায়, বৈষম্য, খুনের মতো ঘটনা ঘটলেও মানুষ রাস্তায় নামে না। কিন্তু দুনিয়াতে বিবেকবান মানুষ ও দল ইতিহাসের জনগণকে কাঠগড়ায় তোলে না।

যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের হাত ধরে আওয়ামী লীগ ‘নিষিদ্ধ’ উপাধি ঘুচিয়ে দেশে ফিরবে না। লীগের রাজনীতি জনগণের ভেতর তখনই শক্তিশালী হবে, যখন তা নির্যাতিত ত্যাগী নেতাদের কাছে ফিরবে। তাই বিদেশে বসে যে কাউকে ‘জুলাই সন্ত্রাসী’ বলে হামলা চালালে বাংলাদেশের প্রগতিশীল মধ্যবিত্ত হামলাকারীদের ওপর সামান্য দরদও রাখবে না; বিশেষত যারা কনসেন্ট তৈরি করে, সেই প্রগতিশীল মধ্যবিত্তের ভেতর আওয়ামী লীগের রাজনীতি আরও দুর্বল হবে।

বিএনপি, জামায়াত, এনসিপির রাজনীতি দেশে থাকলে লীগের রাজনীতিও দেশে থাকতে হবে। তা না হলে ভারসাম্যপূর্ণ জাতীয় রাজনীতি থাকবে না। এমনকি বিএনপির স্বার্থেই লীগের রাজনীতি মাঠে থাকা দরকার। জামায়াতের মতো যুদ্ধাপরাধী দল যদি রাজনীতি করতে পারে, তাহলে লীগের রাজনীতি দলগতভাবে নিষিদ্ধ করে রাখা যাবে না। বড় দল নিষিদ্ধ করে রাখলে জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে থাকে। কিন্তু লীগের চৈতন্যোদয় হতে হবে—পলাতক থেকে ‘জুলাই সন্ত্রাসী’ বলে এই আক্রমণের কারণে দলটির সমর্থকরা আরও কোণঠাসা হবে।

অসহিষ্ণুতার রাজনীতি ও ত্যাগের মহিমা

জুলাই-পরবর্তী সংকটের ব্যবচ্ছেদ

নিষিদ্ধ আওয়ামী লীগের ভেতরকার অভ্যন্তরীণ সংকট প্রকট রূপ নিয়েছে। দেশের ও বিদেশের কর্মীদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সামনে আসছে প্রবীণ ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের বিষয়। অন্যদিকে, উগ্রপন্থী ও ছদ্মবেশীদের ভূমিকা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও মোশাররফ করিমের মতো শিল্পীরা হেনস্তার শিকার হয়েছেন। এই মব কালচার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির এক প্রকাশ্য রূপ।

জুলাইয়ের পরিবর্তনের পর দৃশ্যপট বদলে গেছে। দলের সুবিধাবাদী অংশটি বিশাল সম্পদ নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তারা বিদেশে বসে এখন প্রতিহিংসার রাজনীতি উসকে দিচ্ছে। এর ফলে মাঠপর্যায়ের সাধারণ ও অবহেলিত কর্মীরা চরম ঝুঁকিতে পড়ছেন। সুবিধাবাদীরা ক্ষমতার সময়ও কর্মীদের দেয়নি মর্যাদা, ক্ষমতার বাইরেও তাদের ঠেলে দিচ্ছে বিপদে।

ইতিহাস বলছে, মব জাস্টিস বা গণপিটুনির মতো উগ্রতা কখনো জনসমর্থন পায় না। জুলাই-পরবর্তী সময়ে যে উগ্র ডানপন্থী শক্তিগুলো হিংসাত্মক আচরণ দেখিয়েছে, তাদের ওপর মানুষ দ্রুত বীতশ্রদ্ধ হয়ে পড়ছে। সাধারণ বাঙালি কোনো দিনই অতি-চরমপন্থা পছন্দ করেনি।

বাঁধনের মতো শিল্পীদের ওপর হামলা রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ। মতাদর্শ যাই হোক, একজন সাংস্কৃতিক কর্মীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনো পরিপক্ব রাজনীতি নয়। মব কালচার জনমনে ভীতির সঞ্চার করে, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক পরাজয় ডেকে আনে। অতি-উৎসাহীদের কারণেই অনেক আন্দোলন আজ জনসমর্থন হারাচ্ছে।

রাজনীতিতে শর্টকাট বা ষড়যন্ত্রের জয় ক্ষণস্থায়ী। যারা গুজব আর শিল্পাঙ্গনে সহিংসতা করে টিকে থাকতে চায়, তারা মূলত রাজনীতির মূল পথ হারিয়ে ফেলেছে। গণভিত্তি তৈরি হয় ধৈর্য আর গঠনমূলক প্রতিরোধে।

সাংস্কৃতিক অঙ্গনে আক্রমণ মূলত সহনশীল সমাজকাঠামোর ওপর আঘাত। মব ও অসহিষ্ণুতা নিয়ে রাজনৈতিক যুদ্ধে জেতা অসম্ভব। জনগণের প্রকৃত সমর্থন কেবল তাদের ভাগ্যেই জোটে, যারা উসকানি এড়িয়ে অধিকার ও শান্তির পক্ষে লড়াই করে। রাজনীতির শেষ পাঠ হলো ত্যাগের মহিমা, দস্যুপনা নয়। বাঁধন বা মোশাররফ করিমের ওপর আক্রমণ করে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ কী বার্তা দিতে চায়? আওয়ামী লীগ কি আদৌ ‘রাজনৈতিক মীমাংসা’ চায়? এটা সত্য, নিষিদ্ধ রেখে দলটির নেতাকর্মীর ওপর যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা সরাসরি সংবিধান লঙ্ঘন এবং সার্বজনীন মানবাধিকারের পরিপন্থী। কিন্তু এটাও সত্য যে, রাজনীতি তারা যা বহন করে, সেই রাজনীতি থেকে যদি ‘রাজনৈতিক মীমাংসা’র বিষয়টি না আসে, তাহলে এই রাষ্ট্র যেখানে চলে গেছে সেখান থেকে ফেরানো যাবে না; সেক্ষেত্রে গোটা দেশকে একটা গৃহযুদ্ধের মুখোমুখি হতে হবে। আমরা কি প্রস্তুত সেই গৃহযুদ্ধ মোকাবিলা করতে?

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: