ক্রসফায়ার প্রহসন ও রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ ইতিহাস

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১৩:৫০পরিবর্তন করতে ক্লিক করুন
ক্রসফায়ার প্রহসন ও রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ ইতিহাস

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

বাংলাদেশে ‘ক্রসফায়ার’-এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যু, সাজানো বন্দুকযুদ্ধের বিবরণ, পরিবারের কান্না এবং বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা। আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই গড়ে উঠেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারাই, যারা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে কিংবা সরকারের কাছে যাদের কেবল পথের কাঁটা মনে হয়েছে।

মার্ক্স লিখেছিলেন, ইতিহাসে ঘটনা দুবার ফিরে আসে—প্রথমবার ট্র্যাজেডি হিসেবে, দ্বিতীয়বার প্রহসন হিসেবে। বাংলাদেশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারবিষয়ক বক্তব্য শুনে কথাটা মনে পড়ে। ২৬ অক্টোবর তিনি বলেছেন, সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করবে। সমালোচনার মুখে পরে পুলিশ সদর দপ্তর জানাল, তিনি নাকি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে বলেননি; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। কিন্তু অনাক্ষরিক অর্থেই বা ক্রসফায়ার বলতে কী বোঝানো হয়েছে, সেই কথা আবার অনুপস্থিত। আইজিপির এই বক্তব্য রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ইতিহাসকে আড়াল করার আরেকটি প্রহসন।

বাংলাদেশে ‘ক্রসফায়ার’-এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যু, সাজানো বন্দুকযুদ্ধের বিবরণ, পরিবারের কান্না এবং বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা। আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই গড়ে উঠেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারাই, যারা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে কিংবা সরকারের কাছে যাদের কেবল পথের কাঁটা মনে হয়েছে। আর এই ইতিহাসের প্রথম সারিতে আছেন কমিউনিস্ট বিপ্লবীরা।

১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা কমরেড সিরাজ সিকদার। তাঁকে বিশেষ বিমানে ঢাকায় এনে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের কার্যালয়ে নির্যাতন করা হয়। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। ২৫ জানুয়ারি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের প্রশ্ন—‘কোথায় আজ সিরাজ সিকদার?’—রাষ্ট্রীয় ক্ষমতার সেই হত্যাকে প্রকাশ্য দম্ভে পরিণত করেছিল। রাষ্ট্রীয় হেফাজতে একজন রাজনৈতিক বন্দিকে হত্যা করার পর সংসদে এমন উক্তি ক্রসফায়ারের আদ্যোপান্ত আমাদের বুঝিয়ে দেয়। ক্ষমতাসীনদের এক অদ্ভুত ক্ষমতা দিয়ে দেয় রাষ্ট্র। রাষ্ট্রকে নিছক অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন সন্ত্রাসী, মাদক পাচারকারী কিংবা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের নির্মূল করার ক্ষমতা দেয়। এর ফলে নাগরিকেরা সংবিধানপ্রদত্ত ন্যায়সংগত, প্রকাশ্য ও দ্রুত বিচারের অধিকার থেকে ময়লার ভাগাড়ে নিক্ষিপ্ত হয়।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে গঠিত রক্ষীবাহিনী সেই রাষ্ট্রীয় দমননীতিকে আরও বিস্তৃত করে। মাওবাদী ও অন্যান্য বিপ্লবী কমিউনিস্ট সংগঠনের শত শত নেতা-কর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বলে বিভিন্ন রাজনৈতিক ইতিহাস ও গবেষণায় উল্লেখ আছে। শুধু কমিউনিস্টরাই নন, মুক্তিযোদ্ধা এবং জাসদের নেতা-কর্মীরাও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হন। সাংবাদিক আহমেদ মুসার ‘বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনাপর্ব—ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ’ বইয়ে ওই সময়ের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিবরণ এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত বহু কমিউনিস্টের নাম পাওয়া যায়। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা ধরে রাখার অন্যতম রাজনৈতিক কৌশল হলো ক্রসফায়ার।

এর পরের বড় অধ্যায় ২০০৪ সালে র‍্যাব গঠনের মধ্য দিয়ে শুরু হয়। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ‘ক্রসফায়ার’ শব্দটি রাষ্ট্রীয় ভাষ্য ও সংবাদপত্রের নিয়মিত শব্দে পরিণত হয়। ২০০৬ সালের মধ্যে র‍্যাবের হাতে শত শত মৃত্যুর তথ্য নথিবদ্ধ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ; সংস্থাটির হিসাবে, ২০০৪ সালের জুন থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাবের হাতে ৩৬৭টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছিল, যার বড় অংশকে ‘ক্রসফায়ার’ বা বন্দুকযুদ্ধ বলে বর্ণনা করা হয়। পরবর্তী সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এই ধারা থামেনি। সরকার বদলেছে, কিন্তু বিচারবহির্ভূত হত্যার রাষ্ট্রীয় পদ্ধতি টিকে থেকেছে। এই সময়ের নিহত কমিউনিস্ট ও রাজনৈতিক কর্মীদের নাম সংরক্ষণে নেসার আহমেদের ‘ক্রসফায়ার: রাষ্ট্রের রাজনৈতিক হত্যাকাণ্ড’ গুরুত্বপূর্ণ কাজ। বইটিতে সংবাদপত্রের প্রতিবেদন, মানবাধিকার সংস্থার তথ্য এবং স্থানীয় মানুষের সাক্ষ্য মিলিয়ে বিভিন্ন কমিউনিস্ট পার্টি ও রাজনৈতিক সংগঠনের প্রায় ৫০০ নিহত কর্মীর নাম-পরিচয় একত্র করা হয়েছে। তালিকাটি অসম্পূর্ণ—এ কথা মনে রেখেও এর প্রতিটি নাম পড়া জরুরি। মানিক, সুরুজ, জাহিদ, রেজাউল, মতিন, আলাউদ্দিন, টিপু—নামগুলো আজও আড়াল করে ইতিহাসের এক একটি অধ্যায়। তারা গ্রামের মানুষ, শ্রমজীবী পরিবারের সন্তান, রাজনৈতিক বিশ্বাস নিয়ে বেঁচে থাকা মানুষ। রাষ্ট্রের সরকারি ভাষ্যে তারা ‘সন্ত্রাসী’ কিংবা ‘বন্দুকযুদ্ধে নিহত’; কিন্তু তাদের পরিবার ও সহযোদ্ধাদের কাছে তারা ছিল আপনজন, সহযোদ্ধা, স্বপ্নের সঙ্গী। তাঁরাও পায়নি কোনো উত্তর। যে আইন ও সংবিধানের কথা সরকার বলে, সেই আইন, মানবাধিকার ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যা করা হয়েছে শয়ে শয়ে মানুষকে।

যাদের হত্যা করা হয়েছে, তাদের অনেকেই এমন এক সমাজের স্বপ্ন দেখতেন, যেখানে শ্রমজীবী মানুষ উৎপাদন করবে, অথচ সম্পদ ও ক্ষমতার মালিকানা থাকবে না মুষ্টিমেয় মানুষের হাতে। এই রাজনৈতিক বিশ্বাসের কারণে রাষ্ট্রের হাতে বিচার ছাড়াই প্রাণ হারানো গ্রহণযোগ্য হতে পারে না। আদালতের বাইরে রাষ্ট্র কাউকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিতে পারে না—এটাই আইনের শাসনের ন্যূনতম শর্ত। সভ্য রাষ্ট্রের সব আইন ভেঙে ভিন্ন সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখাও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হয়ে গেল।

ক্রসফায়ারের রাজনীতি শুধু আওয়ামী লীগ বা বিএনপির একক সম্পত্তি হয়ে থাকেনি। বিভিন্ন সরকার ও রাষ্ট্রীয় বাহিনী এই পদ্ধতিকে ব্যবহার করেছে; ক্ষমতার পালাবদলেও এর কাঠামো অক্ষত থেকেছে।আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যার পরিসংখ্যান সেই ধারাবাহিকতার সাক্ষ্য দেয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে ২০২৬ সালের ২৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ‘ক্রসফায়ার’ বা বন্দুকযুদ্ধে ২,৯৫৭ জন নিহত হয়েছেন; তাঁদের মধ্যে ১,৩৭১ জন পুলিশের এবং ১,২০০ জন র‍্যাবের অভিযানে নিহত বলে নথিভুক্ত। সংখ্যাগুলো এমন এক ব্যবস্থার প্রমাণ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ হারানোর আশঙ্কা নাগরিকের ওপর দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পরও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ও হেফাজতে মৃত্যুর প্রশ্ন মুছে যায়নি। অন্তর্বর্তী সরকারের আমলে থানায় জিডি বা মামলা ছাড়াই মৃত্যুর যে প্রায় ১১৭ জনের হিসাবের কথা বলা হচ্ছে, সেটির উৎস ও শ্রেণিবিন্যাসও প্রকাশ্যে যাচাই করা দরকার। মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত সরকারের আমলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মিছিল থেমে থাকেনি।

ক্ষমতাসীনদের পরিচয় বদলালেই মানবাধিকারের নীতি বদলে যেতে পারে না। নির্বাচিত সরকারের আমলে আইজিপির মুখে ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার’ করার কথা এবং পরে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা—দুটিই দেখায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে জবাবদিহির সংস্কৃতি কতটা দুর্বল।

মার্ক্সের কথার প্রাসঙ্গিকতা এখানেই। সিরাজ সিকদারের হত্যার পর সংসদে উচ্চারিত দম্ভ ছিল ট্র্যাজেডির নির্মমতা; অর্ধশতাব্দী পরে ক্রসফায়ার নিয়ে এমন বক্তব্য, তারপর ‘আক্ষরিক অর্থে’ বলা হয়েনি বলে ব্যাখ্যা দেওয়া, ইতিহাসের সেই ক্ষতকে প্রহসনে পরিণত করে। কিন্তু প্রহসন বলে একে হালকা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র যখন বিচারবহির্ভূত হত্যাকে ভাষার কসরতে আড়াল করে, তখন পরবর্তী হত্যার জন্যও জায়গা তৈরি হয়।

বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির যে নষ্ট কাঠামো দুর্নীতি, লুণ্ঠন, পৃষ্ঠপোষকতা এবং সম্পদ পাচারের সুযোগ তৈরি করে, রাষ্ট্রীয় দমননীতি তারই রক্ষাকবচ হয়ে উঠতে পারে। গণ-অভ্যুত্থান শুধু সরকার বদলের নাম পরিবর্তন পর্যন্ত রয়ে গেছে। ‘মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান’—গানের এই পঙ্‌ক্তি আমরা অভ্যুত্থানের মাঠে নিয়মিত শুনেছি। কিন্তু সেই মৃত্যুর মিছিল নতুনভাবে চালু করার খায়েশ মনে করিয়ে দেয় যে পরিবর্তন আদৌ ঘটেনি। যে রাষ্ট্র নিজের নাগরিকের জীবন কেড়ে নিয়ে পরে শব্দের ব্যাখ্যায় দায় এড়ায়, সেই রাষ্ট্রকে বদলানো ছাড়া মুক্তির পথ তৈরি হয় না।

__________

লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: