আন্তর্জাতিক নারী দিবস যেভাবে আমাদের হলো
ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রায় চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের পালন নারী জাগরণের এক জীবন্ত ইতিহাস।
১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতির পর বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে সচেতনতা বাড়তে থাকে। তবে প্রামাণ্য সংবাদ সূত্র ও দলিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ১৯৮৮ সালে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘১৯৮৮ সালে, তিন দশকেরও বেশি আগে, বাংলাদেশে প্রথমবারের মতো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়।’
অনুসন্ধান বলছে, এরপর নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের নারী আন্দোলন আরও সংগঠিত ও শক্তিশালী রূপ লাভ করে। নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও শালিস কেন্দ্রসহ বিভিন্ন নারী সংগঠন দিবসটিকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ ও আইনি অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়। ১৯৯০ সালে প্রথমবারের মতো জাতীয় মহিলা সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে বৃহত্তর পরিসরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যা পরবর্তী বছরগুলোতে আরও প্রসার লাভ করে।
বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসটি ব্যাপক মাত্রায় পালিত হয়। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও নারী সংগঠন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে। দিনটি উপলক্ষ্যে পাহাড় ও সমতলে থাকে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারীদের সাফল্যকে সম্মাননা জানানোর আয়োজন।
প্রায় চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের পালন নারী জাগরণের এক জীবন্ত ইতিহাস। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নারী-পুরুষের সমতা ও ন্যায়বিচারের সমাজ গড়ার অঙ্গীকারে উদ্বুদ্ধ হওয়ার দিন। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নারী অধিকার আন্দোলন কেবল আজকের নয়, এটি এক শতাব্দীরও বেশি সময় ধরে সংগ্রামের ধারাবাহিকতা। আর এই সংগ্রামকে এগিয়ে নিতে বাংলাদেশের নারীরা আজও প্রতিজ্ঞাবদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবসের শিকড় বিংশ শতাব্দীর শুরুতে, উত্তর আমেরিকা ও ইউরোপের শ্রমিক আন্দোলনের মধ্যে প্রোথিত। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৫ হাজার নারী শ্রমিক অধিকার ও ভোটাধিকার চেয়ে রাস্তায় নামেন। এর প্রেক্ষিতে ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম জাতীয় নারী দিবস পালন করে আমেরিকার সমাজতান্ত্রিক দল।
এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন একটি প্রস্তাব উত্থাপন করেন—প্রত্যেক বছর একটি আন্তর্জাতিক নারী দিবস পালনের ধারণা। ১৭টি দেশের ১০০ প্রতিনিধি সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেন। এর ফলশ্রুতিতে ১৯১১ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে দিবসটি উদযাপিত হয়।
৮ মার্চ তারিখটি নির্ধারণের পেছনে রয়েছে ঐতিহাসিক এক ঘটনা। ১৯১৭ সালের ২৩ ফেব্রুয়ারি (রাশিয়ায় তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে) রুশ নারীরা 'রুটি ও শান্তি'-র দাবিতে ধর্মঘটে নামেন। প্রথম বিশ্বযুদ্ধে রুশ সৈন্যদের মৃত্যু ও খাদ্য সংকটের প্রতিবাদে এই আন্দোলন চারদিনের মাথায় জারকে পদত্যাগে বাধ্য করে এবং অস্থায়ী সরকার নারীদের ভোটাধিকার প্রদান করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সেই তারিখটি ছিল ৮ মার্চ।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



