জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি ১১ নারী সংগঠনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭পরিবর্তন করতে ক্লিক করুন
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি ১১ নারী সংগঠনের
শেয়ার করুন:

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ১১টি নারী সংগঠনের নেত্রীরা।

 

 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে তারা এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন।

 

স্মারকলিপি প্রদান শেষে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এটি দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর আত্মমর্যাদা ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি।’

 

যদিও দলটির পক্ষ থেকে অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার দাবি করা হয়েছে, তবে নেত্রীরা এই ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ বলে অভিহিত করেছেন।

 

নেত্রীরা জানান, কথিত হ্যাকিংয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এমন অস্পষ্টতা হ্যাকিংয়ের দাবিকে আরও সন্দেহজনক করে তুলেছে। মোশরেফা মিশু বলেন, পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অবদান যখন জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি, তখন এ ধরনের বক্তব্য সংবিধানস্বীকৃত নারী মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী।

 

নারী সংগঠনগুলোর পক্ষ থেকে ৪টি দাবি উত্থাপন করা হয়েছে:

১. বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রকাশ্যে প্রত্যাহার করা।

২. নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

৩. ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার অঙ্গীকার।

৪. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল করা।

 

স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের শবনম হাফিজসহ ১১টি সংগঠনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। তারা মনে করেন, রাজনৈতিক নেতৃত্বের এমন মন্তব্য সমাজে নারীর প্রতি ঘৃণা ও সহিংসতাকে উসকে দেয়, যা কোনোভাবেই কাম্য নয়।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: