বিজেপি শাসনের ছয় মাসে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ: প্রথম পর্ব

সংগৃহীত
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম ছয় মাসের শাসনে মাত্রাছাড়া সাম্প্রদায়িক নিপীড়নের অভিযোগ উঠেছে। গণধর্ষণ, নাবালিকা ধর্ষণসহ যৌন হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলছে ক্রসফায়ার।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সরকার পরিবর্তনের ঘটনা নতুন নয়। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে যদি রাষ্ট্রের চরিত্র, শাসনের অগ্রাধিকার এবং নাগরিক অধিকারের ধারণাটাই বদলে যেতে শুরু করে, তাহলে সেই পরিবর্তনকে নিছক ক্ষমতার হাতবদল বলে ব্যাখ্যা করা যায় না। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের মাধ্যমে অগণিত বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়ে একপ্রকার জোর করে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। আর তারপর হিন্দুত্ববাদের শাসনের প্রথম ছয় মাসের অভিজ্ঞতা নিয়ে যেসব অভিযোগ, ঘটনা ও সামাজিক প্রতিক্রিয়া সামনে আসছে, সেগুলো একত্রে বিচার করলে যে উদ্বেগজনক রাজনৈতিক প্রবণতা স্পষ্ট হয়, তার অন্যতম হলো সাম্প্রদায়িক নিপীড়ন ও যৌন হিংসার আদলে মনুবাদী পিতৃতন্ত্র কায়েমের চেষ্টা। পাশাপাশি বিচারব্যবস্থাকে অবরুদ্ধ করার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোর ধ্বংসসাধন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বলবৎ করার প্রতিচ্ছবি ফুটে ওঠে পরপর ঘটে চলা ক্রসফায়ার বা ভুয়া এনকাউন্টারের মতো ঘটনায়।
সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের ওপর হামলা
ভারতের সংবিধান বহুত্ববাদী রাষ্ট্রের ধারণাকে স্বীকৃতি দিয়েছে। একজন নাগরিকের অধিকার তাঁর ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভরশীল হতে পারে না। কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির বিপদ এখানেই যে, এটি নাগরিক পরিচয়ের জায়গায় ধর্মীয় পরিচয়কে বসাতে চায়। তাই বাঙালি মুসলিমদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে পুশব্যাকের পাশাপাশি সামগ্রিকভাবে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে উত্তেজনা, খাদ্যাভ্যাস ও ধর্মাচরণ নিয়ে হেনস্তা কিংবা ধর্মান্তরের অভিযোগকে হাতিয়ার করে সামাজিক বিদ্বেষ তৈরির প্রবণতা পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে।
২০২৬ সালের মে মাসে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থা, নাগরিক সমাজ এবং সংখ্যালঘু সংগঠনগুলো এসব ঘটনা নথিভুক্ত করে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, রাজ্য সরকার ও শাসক দল এই অভিযোগগুলোকে পরিকল্পিত নিপীড়ন নয়, বরং বিচ্ছিন্ন ঘটনা এবং ধর্মান্তরকরণের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে।
বিভিন্ন নাগরিক সমাজ ও গবেষণামূলক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও প্রার্থনা সভায় হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাবের তথ্যমতে, মে থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় খ্রিস্টানদের লক্ষ্য করে অন্তত ৬০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদ এবং কলকাতায় অনুষ্ঠিত একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ অন্তত ৪৮টি হামলার ঘটনার কথা জানিয়েছে। অভিযোগ উঠেছে, এসব ঘটনার মধ্যে মাত্র ১৫টি ক্ষেত্রে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে।
অধিকাংশ ক্ষেত্রে ‘জোরপূর্বক ধর্মান্তকরণের’ অভিযোগ তুলে গির্জা, গৃহ-উপাসনালয় (হাউস চার্চ) এবং ব্যক্তিগত প্রার্থনা সভায় ঢুকে ভাঙচুর, বাইবেল কেড়ে নেওয়া, যাজকদের মারধর এবং নারীদের হেনস্তা করার অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও সুভাষগ্রাম, উত্তর ২৪ পরগনার বারাসাত ও ব্যারাকপুর, মালদহের হরিশ্চন্দ্রপুর, নদীয়া, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও পাঁশকুড়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোল ও দুর্গাপুরে এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।
২০২৬ সালের নভেম্বরের শুরুতে খ্রিস্টান সম্প্রদায়ের শত শত মানুষ ও ধর্মীয় নেতারা কলকাতায় প্রতিবাদ মিছিল করে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং উপাসনালয়ের নিরাপত্তা দাবি করেন।
অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে সরাসরি উপাসনালয়ে হামলার পাশাপাশি পরিচয়কেন্দ্রিক হয়রানি, আটক এবং নাগরিকত্বসংক্রান্ত সন্দেহের বিষয়গুলো নাগরিক সমাজের আলোচনায় উঠে এসেছে।
মানবাধিকারকর্মী ও সাবেক আমলাদের একটি যৌথ প্ল্যাটফর্ম অভিযোগ করেছে যে, বাংলাভাষী মুসলিমদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা এবং সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার (ডিপোর্টেশন) মতো ঘটনা ঘটেছে। ২০২৬ সালের জুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় পাঁচ হাজার মানুষকে সীমান্তের ওপারে পাঠানোর দাবি করেছিলেন।
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুসন্ধানে—যেমন ‘কারওয়ানে মহব্বত’ ও ‘সবর ইনস্টিটিউট’ আয়োজিত গণশুনানিতে—মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ, প্রশাসনিক বৈষম্য এবং বিভিন্ন স্থানে ভীতি প্রদর্শনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগী পরিবার এবং দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখিত নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, ক্ষমতাসীন দলের আদর্শিক সংগঠনগুলোর (যেমন বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ) কর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত। অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করছে বলেও অভিযোগ উঠেছে।
রাজ্যের শাসক দল বিজেপি সংখ্যালঘুদের ওপর ‘পরিকল্পিত নিপীড়নের’ অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতাদের দাবি, প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাচ্ছেন, যাকে রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘু নির্যাতন হিসেবে তুলে ধরা হচ্ছে। রাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন, উপাসনার স্বাধীনতা রক্ষা করা হবে, তবে জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ উঠলে তারও তদন্ত করা হবে।
সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনও হামলার ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে তা অপরাধীদের উৎসাহিত করে। রাজনৈতিক পরিচয় বা সংখ্যাগরিষ্ঠের আবেগ কখনও আইনের ঊর্ধ্বে হতে পারে না।
ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ
পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রকাশিত তথ্য এবং ভারতের তথ্যের অধিকার আইন বা আরটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসে রাজ্যে ২ হাজার ৪৫৪টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মে মাসে ৩৪৯টি, জুনে ৩৮৯টি, জুলাইয়ে ৭৪৬টি, আগস্টে ৪৫৯টি এবং সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত ৪৭১টি মামলা নথিভুক্ত হয়েছে। আরও দেখা গেছে, ধর্ষণের বিভিন্ন ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে বিজেপির নেতা-কর্মীরাও রয়েছেন।
এই পরিসংখ্যান ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সিপিএমসহ বামফ্রন্ট, কংগ্রেস ও অপ্রাতিষ্ঠানিক বামপন্থী দলগুলো রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, শাসক দলও এই তথ্য উপস্থাপন নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সম্প্রতি রায়গঞ্জ ও বারুইপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে পুলিশের এনকাউন্টারের ঘটনাও ঘটেছে, যা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ন্যায়বিচারের বদলে ক্রসফায়ার
গণধর্ষণ, ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিচার ও আইনসম্মত শাস্তি নিশ্চিত করার বদলে চলছে ভুয়া এনকাউন্টার বা ক্রসফায়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এ পর্যন্ত মোট চারটি ক্রসফায়ার বা ভুয়া এনকাউন্টারের ঘটনা ঘটেছে।
১। ৮ জুলাই, ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২-১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হন। পুলিশের দাবি ছিল, অপরাধের পুনর্নির্মাণের সময় তিনি অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে গুলিতে নিহত হন। উল্লেখ্য, প্রভাস মণ্ডল নিহত হওয়ার আগে গণধর্ষণের ঘটনায় বিজেপির এক স্থানীয় নেতার সংশ্লিষ্টতার কথা প্রকাশ করছিলেন।
২। ২৭ অক্টোবর, ২০২৬: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। মাঝরাতে ঘটনাস্থল পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
৩। ২৭ অক্টোবর, ২০২৬: একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান (সামসেরগঞ্জে) বিজেপি কর্মী সুজিত মণ্ডল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সামিউল শেখ (সামিউল হক) পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে এই ‘এনকাউন্টার’ ঘটে।
৪। নভেম্বর ২০২৬: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হন। পারাপুকুর গ্রামে গ্রেপ্তারি অভিযানের সময় এ ঘটনা ঘটে।
এসব ঘটনা থেকে স্পষ্ট, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচারব্যবস্থাকে অবরুদ্ধ করে রাষ্ট্রযন্ত্রকে বিচারকের আসনে বসিয়েছে বিজেপি-চালিত পশ্চিমবঙ্গ সরকার।
-- --
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



