বুকে বাংলাদেশ, পিঠে স্বৈরাচার: বাংলাদেশের অমীমাংসিত গণতন্ত্র


শহীদ নূর হোসেন
যত দিন না পর্যন্ত রাষ্ট্র কাঠামোগতভাবে জবাবদিহিমূলক হয়, যত দিন ক্ষমতার লোভে সংবিধানকে পদদলিত করার সুযোগ থাকবে, তত দিন স্বৈরাচারের পুনর্জন্ম থামবে না। তবে নূর হোসেনদের রক্ত কখনোই সম্পূর্ণ বৃথা যায় না; তা ভূগর্ভস্থ ফল্গুধারার মতো জমে থাকে। যখনই শাসকের অহংকার আকাশ স্পর্শ করে, তখনই সেই রক্ত নতুন কোনো আবু সাঈদের শরীরে স্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ কোনো সরলরেখায় চলেনি; তা এগিয়েছে এক অনন্ত রক্তক্ষয়ী বৃত্তে। যে মাটির জন্মই হয়েছিল শোষণের শৃঙ্খল ভেঙে আত্মনিয়ন্ত্রণের অধিকার ও একটি শোষণমুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন নিয়ে, সেই ভূখণ্ডেই বারবার ফিরে এসেছে স্বৈরশাসনের নির্মম ছায়া। এখানে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক বিবর্তন নয়, বরং রাজপথের পিচঢালা কালো পিঠে ছিটকে পড়া তাজা রক্তে কেনা এক সাময়িক বিরতি মাত্র। সামরিক বুট, ছদ্মবেশী বেসামরিক একনায়কতন্ত্র কিংবা আধুনিক ফ্যাসিবাদের যাঁতাকলে বারবার পিষ্ট হয়েছে গণমানুষের ভোটাধিকার ও বাক্স্বাধীনতা। এ দেশের রাষ্ট্রযন্ত্র যেন এক অদ্ভুত প্যারাডক্সে বন্দি, যেখানে এক স্বৈরাচারের পতনের জন্য পুরো একটি প্রজন্মকে আত্মাহুতি দিতে হয়, অথচ সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই ক্ষমতার অলিন্দে ভর করে নতুন আরেক স্বৈরাচার। এই ট্র্যাজিক রাজনীতির মহাকাব্যে সবচেয়ে তীব্র, নগ্ন ও জীবন্ত এক অধ্যায়ের নাম নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারী এরশাদের লেলিয়ে দেওয়া ঘাতক বুলেটের সামনে বুক পেতে দেওয়া এই তরুণ এক অবিনাশী প্রতিবাদের নাম। কিন্তু প্রশ্ন থেকে যায়, নূর হোসেনরা যে গণতন্ত্রের জন্য বুক পেতে দেন, সেই গণতন্ত্র কি আদৌ মুক্তি পায়, নাকি কেবল শাসকের মুখচ্ছবিই বদলে যায়?
নূর হোসেন কোনো প্রথাগত রাজনৈতিক তাত্ত্বিক ছিলেন না, ছিলেন না কোনো অভিজাত পরিবারের সন্তান। তিনি ছিলেন খাঁটি মেহনতি মানুষের প্রতিনিধি। পিরোজপুরের মঠবাড়িয়ার প্রত্যন্ত ঝাটিবুনিয়া গ্রাম থেকে ভাগ্যান্বেষণে ঢাকায় আসা এক নিঃস্ব পিতা মজিবুর রহমানের দ্বিতীয় সন্তান তিনি। ঢাকার নারিন্দার বনগ্রামের এক কামরার বস্তিসদৃশ ঘরে বেড়ে ওঠা এই যুবক জীবিকার তাগিদে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন; কাজ করতেন পরিবহন খাতে। পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু সেই অভাব তাঁর আত্মমর্যাদা আর রাজনৈতিক চৈতন্যকে গ্রাস করতে পারেনি।
১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের এই ক্ষমতা দখল বাংলাদেশকে এক অন্ধকার দশকের দিকে ঠেলে দেয়। ১৯৮৭ সাল নাগাদ আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় এবং বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোটের এক দফা আন্দোলন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি, এক উত্তাল রূপ নেয়। ১০ নভেম্বর ডাকা হয় ঐতিহাসিক ‘ঢাকা অবরোধ’ বা সচিবালয় ঘেরাও কর্মসূচি।
এই কর্মসূচির আগের রাতে নূর হোসেন সাধারণ এক রাজনৈতিক কর্মী থেকে রূপান্তরিত হন প্রতিবাদের এক মহাকাব্যিক শিল্পকর্মে। ৯ নভেম্বর সন্ধ্যায় তিনি শিল্পী মোহাম্মদ একরাম হোসেনের কাছে যান। কোনো ব্যানার বা ফেস্টুন নয়, তিনি নিজের শরীরকেই বানাতে চান প্রতিবাদের ক্যানভাস। প্রথমে শিল্পী একরাম কিছুটা দ্বিধান্বিত হলেও নূর হোসেনের চোখের অদ্ভুত সংকল্প দেখে না করতে পারেননি। সাদা এনামেল রঙে তাঁর শ্যামলা বুকে আঁকা হলো ‘স্বৈরাচার নিপাত যাক’, আর পিঠে খোদাই হলো ‘গণতন্ত্র মুক্তি পাক’।
সেই রাতে তিনি ঘরে ফেরেননি। বায়তুল মোকাররমের নির্মাণাধীন ডিআইটি মসজিদের দোতলায় স্লোগান লেখা শরীর নিয়ে মশার কামড় সহ্য করে ঘুমিয়েছিলেন। ১০ নভেম্বর ভোরে মা মরিয়ম বেগম ও বাবা মজিবুর রহমান সেখানে ছুটে এসে ছেলের বুকে ও পিঠে ওই লেখা দেখে শিউরে ওঠেন। মা চাদর টেনে দিতে চাইলে নূর হোসেন তা সরিয়ে দেন। বাবা ও মাকে কথা দিয়েছিলেন, বাড়ি ফিরে যাবেন; কিন্তু তিনি জানতেন, তাঁর সামনে তখন অন্য এক ডাক—ইতিহাসের ডাক।
সকাল ১০টার দিকে ঢাকার রাজপথে নামেন নূর হোসেন। পরনে জিনস প্যান্ট, খালি গা, বুক টান টান করে মিছিলের পুরোভাগে। বড় ভাই আলী হোসেন যখন মিছিলে ভাইকে দেখে আঁতকে উঠে টেনে সরিয়ে নিতে চাইলেন, তখন নূর হোসেনের চোখ দেখে থমকে গিয়েছিলেন। আলী হোসেন পরবর্তীকালে বলেছিলেন, “ওর মুখের দিকে তাকাইতে পারিনি। যেন আগুন জ্বলতাছে।” জিরো পয়েন্টে (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পৌঁছামাত্রই পুলিশের রাইফেল গর্জে ওঠে। একটি গুলি এসে নূর হোসেনের বুক ফুটো করে দেয়। লুটিয়ে পড়েন এই তরুণ। তাঁর সঙ্গে শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল এবং কৃষক নেতা আমিরুল হুদা টিটো। দিনু আলম আর পাবেল রহমানের ক্যামেরার লেন্সে মৃত্যুর ঠিক আগমুহূর্তে বন্দি হয় নূর হোসেনের সেই অমর ভঙ্গি, যা পরবর্তীকালে বিশ্বজুড়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অবিস্মরণীয় প্রতীক হয়ে ওঠে।
নূর হোসেনের এই আত্মাহুতি এরশাদ সরকারকে তাৎক্ষণিকভাবে কতটা নাড়িয়ে দিয়েছিল? সমকালীন রাজনৈতিক দলিল এবং তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের আচরণ বিশ্লেষণ করলে এক নিষ্ঠুর সত্য উন্মোচিত হয়: স্বৈরাচারী ক্ষমতার অন্ধ অহংকার নূর হোসেনের মৃত্যুকে গোনায় ধরতেই চায়নি।
তৎকালীন এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘চলমান ইতিহাস: জীবনের কিছু সময় কিছু কথা: ১৯৮৩ থেকে ১৯৯০’-এ ১৯৮৭ সালের ১০ নভেম্বরের আন্দোলনের ব্যাপক বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, কীভাবে সরকার জরুরি অবস্থা জারি করেছিল, ট্রেন ও লঞ্চ বন্ধ করেছিল, বিডিআর ও সেনা নামিয়েছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, পুরো গ্রন্থে একবারের জন্যও তিনি ‘নূর হোসেন’ নামটি উচ্চারণ করেননি। ঠিক একইভাবে এরশাদ সরকারের তৎকালীন জ্বালানিমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরবর্তীকালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেন, নূর হোসেনের মৃত্যু নিয়ে মন্ত্রিসভায় বা সরকারের ওপর মহলে কোনো আলোচনা বা উদ্বেগই তৈরি হয়নি। তাঁরা ভেবেছিলেন, এটি রাজপথের আর দশটি নিয়মিত সংঘর্ষের মতোই একটি বিচ্ছিন্ন ঘটনা।
নূর হোসেন নিহত হওয়ার পরদিনই, অর্থাৎ ১১ নভেম্বর ফরিদপুরের চরভদ্রাসনে এক জনসভায় জেনারেল এরশাদ অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে বলেন, “১০ নভেম্বর বিরোধী দল ৫০ লাখ লোকের ঢাকা সমাবেশ করবে বলেছিল, কিন্তু তারা ৫ হাজার লোকও আনতে পারেনি।” সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটে বিরোধীদের সহিংসতা দমনের কথা বলে দেখামাত্র গুলির নির্দেশ বহাল রাখা হয়।
রাষ্ট্রযন্ত্র এতটাই ভীত ও নিষ্ঠুর ছিল যে নূর হোসেনের লাশটি পর্যন্ত তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। মৃত্যুর পর নূর হোসেনের পরিবার হন্যে হয়ে হাসপাতাল ও আঞ্জুমান মফিদুল ইসলামে খুঁজেছে। শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে গেলে এক পুলিশ কর্মকর্তা নূর হোসেনের বাবাকে চরম তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়ে বলেন, “একটি লাশ থেকে আরও অনেক লাশ হতে পারে।”
প্রকৃতপক্ষে, ১০ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় কড়া পুলিশ ও বিডিআর পাহারায় আঞ্জুমান মফিদুলের গাড়িতে করে তিনটি লাশ নেওয়া হয় জুরাইন কবরস্থানে। কবরখোদক আলমগীর পরবর্তীকালে সাংবাদিক মতিউর রহমানকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পুলিশ সদস্যরা প্রচণ্ড তাড়াহুড়ো করছিলেন। তাঁরা নূর হোসেনের বুকে ও পিঠে কেরোসিন ঢেলে লেখা স্লোগানগুলো মোছার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু রক্তের সঙ্গে মিশে যাওয়া সেই লেখা পুরোপুরি ওঠেনি। ধর্মীয় বিধান উপেক্ষা করে তড়িঘড়ি করে লাশ মাটিচাপা দেওয়া হয়। গোরখোদকদের সেই বিবরণের সূত্র ধরেই ১৩ নভেম্বর পিতা মজিবুর রহমান প্রাচীরের পাশে ছেলের কবর শনাক্ত করতে পেরেছিলেন। স্বৈরাচার একটি শরীর লুকাতে পেরেছিল, কিন্তু সেই শরীরে লেখা স্লোগান রাষ্ট্রযন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছিল।
নূর হোসেনের শাহাদাতের মাত্র ১৭ দিন পরের ঘটনা। ১৯৮৭ সালের ২৮ নভেম্বর। সাংবাদিক মতিউর রহমান (পরবর্তীকালে দৈনিক প্রথম আলোর সম্পাদক) ওয়ারী থেকে একটি বেবিট্যাক্সি ভাড়া করে মণিপুরীপাড়ায় শিল্পী কামরুল হাসানের বাসার দিকে যাচ্ছিলেন। ইন্দিরা রোড হয়ে ফার্মগেটের দিকে গাড়ি চলার সময় হঠাৎ চালকের আসনে বসা বৃদ্ধ চালকটি পেছনে ফিরে তাকান। অত্যন্ত শান্ত অথচ ভেতর থেকে কাঁপিয়ে দেওয়া কণ্ঠে তিনি বলেন, “আমি আপনাকে চিনি। আপনি পত্রিকার লোক। আর আমি শহীদ নূর হোসেনের বাবা।”
মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে যান সাংবাদিক। তাঁর ভাষায়, তিনি একাধারে চমকে ওঠেন, নির্বাক হন এবং তীব্র অপরাধবোধ ও লজ্জায় কুণ্ঠিত হয়ে পড়েন। যে নূর হোসেনকে নিয়ে তখন সারা দেশ তোলপাড়, যাঁর আত্মদান বিরোধী আন্দোলনের প্রধান জ্বালানি হয়ে উঠেছে, তাঁর জন্মদাতা পিতা পেটের দায়ে রাজপথে বেবিট্যাক্সি চালিয়ে বেড়াচ্ছেন!
মজিবুর রহমানের বয়স তখন ৬০ বছর। দীর্ঘ তিন দশক ধরে তিনি পুরান ঢাকার বনগ্রামের একটি মাত্র ঘরে সপরিবারে বসবাস করছেন। পাঁচ সন্তানের মধ্যে নূর হোসেন ছিলেন দ্বিতীয়। বড় ছেলে আলী হোসেন মিনি ট্রাকচালক, মেজ ছেলে দেলোয়ার মিনিবাসের হেলপার, ছোট ছেলে আনোয়ার লেদ মেশিনের শিক্ষানবিশ আর একমাত্র মেয়ে শাহানা তখন অষ্টম শ্রেণিতে পড়ে। শ্রমজীবী এই পরিবারটির প্রতিটি সদস্য কায়িক পরিশ্রম করে বাঁচতেন।
ট্যাক্সিচালক মজিবুর রহমান সাংবাদিক মতিউর রহমানের কাছে কোনো অর্থসাহায্য চাননি, কোনো সুযোগ-সুবিধার জন্য হাত পাতেননি। তিনি কেবল একটি অনুরোধ করেছিলেন—তাঁর ছেলে নূর হোসেনের যে ছবিটি বুকে ও পিঠে স্লোগানসহ পত্রিকায় ছাপা হয়েছে, সেই ছবিটির একটি কপি কি দেওয়া যাবে? তিনি ছবিটি বাঁধিয়ে ঘরে রাখতে চান। এই সামান্য চাওয়া রাষ্ট্রের চোখে এক বিশাল চপেটাঘাত হয়ে বাজে।
নূর হোসেনের এই আত্মদান বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন শামসুর রাহমানকে গভীরভাবে আলোড়িত করেছিল। তিনি লিখেছিলেন তাঁর বিখ্যাত কবিতা ‘বুক তার বাংলাদেশের হৃদয়’।
১৯৮৮ সালের ২০ জানুয়ারি সকালে সাংবাদিক মতিউর রহমান তাঁর বাসার ছোট বারান্দায় বসে সাপ্তাহিক ‘একতা’য় প্রকাশিত সেই সদ্য রচিত কবিতাটি তিনজনকে পড়ে শোনাচ্ছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ মজিবুর রহমান। অপরিশীলিত কণ্ঠে কবিতাটি ধীরে ধীরে আবৃত্তি করা হচ্ছিল:
“উদোম শরীরে নেমে আসে রাজপথে, বুকে পিঠে
রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান,
বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে এবং হঠাৎ
শহরে টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা
নূর হোসেনের বুক নয়, যেন বাংলাদেশের হৃদয়
ফুটো করে দেয়; বাংলাদেশ
বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার
বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে।”
কবিতা পাঠ চলার সময় বৃদ্ধ পিতার দুই চোখ বেয়ে অশ্রুর ধারা নামছিল। কবিতা শেষ হতেই পিতা মজিবুর রহমান আর কান্না চেপে রাখতে পারেননি। ডুকরে কেঁদে উঠে তিনি দুই হাতে চোখ মুছতে মুছতে বারবার বলছিলেন, “ধন্য কবি, ধন্য কবি!” এক পিতা তাঁর সন্তান হারানোর বুকফাটা আর্তনাদকে একাকার করে দিয়েছিলেন দেশের সামগ্রিক মুক্তির কামনার সঙ্গে। কান্নাভেজা কণ্ঠে তিনি প্রার্থনা করেছিলেন, “গণতন্ত্র মুক্তি পাক... আমি দোয়া করছি, দলগুলোর ঐক্য টিকে থাকুক। মানুষের মঙ্গল হোক।” এই দৃশ্য ছিল একাধারে শোকের চরম পরাকাষ্ঠা এবং আত্মমর্যাদার এক অনন্য প্রকাশ।
নূর হোসেনের রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলন অপ্রতিরোধ্য রূপ নিয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তিন বছর পর, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। কিন্তু নূর হোসেনের পিতা ও মাতার যে মৌলিক আকাঙ্ক্ষা, তা কি পূরণ হয়েছিল?
পরবর্তী দশকগুলোতে বাংলাদেশের রাজনীতি যে পথে হেঁটেছে, তা নূর হোসেনের পরিবারের জন্য কেবল হতাশা আর ক্ষোভের জন্ম দিয়েছে। এক স্বৈরাচারের পতনের পর শুরু হয় দলীয় লেবাসে ক্ষমতার আরেক ধরনের আধিপত্যবাদ। যে এরশাদকে হটাতে নূর হোসেন জীবন দিলেন, সেই এরশাদই পরবর্তীকালে প্রধান দুই রাজনৈতিক জোটের কাছে হয়ে ওঠেন ক্ষমতার তুরুপের তাস। যে দলগুলোর জন্য নূর হোসেন বুক পেতে দিয়েছিলেন, তারাই এরশাদকে পুনর্বাসিত করে নিজেদের ক্ষমতার অংশীদার করেছে।
নূর হোসেনের পিতা মজিবুর রহমান তাঁর জীবনের শেষ দিনগুলোতে গভীর ক্ষোভ নিয়ে উচ্চারণ করেছিলেন সেই অমোঘ সত্য, “নূর হোসেন যা চেয়েছিল, তা তো হলো, গণতন্ত্র তো মুক্তি পেল না।”
একই হাহাকার ফুটে উঠেছিল মা মরিয়ম বেগমের কণ্ঠেও। ২০১২ সালের ১০ নভেম্বর নূর হোসেন দিবসে তিনি বুক চাপড়ে বলেছিলেন, “জীবন্ত পোস্টার হইছিল আমার নূর, গণতন্ত্র আসে নাই।”
এই আক্ষেপ কোনো একক পরিবারের ব্যক্তিগত হতাশা নয়; এটি গোটা বাংলাদেশের মেহনতি শ্রেণির এক ঐতিহাসিক দীর্ঘশ্বাস। নূর হোসেনরা বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটান, কিন্তু রাষ্ট্রক্ষমতার মসনদে বসে থাকা শাসকগোষ্ঠী সেই রক্তকে সিঁড়ি বানিয়ে নিজেদের আখের গোছায়। গণতন্ত্রের নামে ফিরে আসে নির্বাচনী প্রহসন, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর ডিজিটাল কিংবা সাইবার নিরাপত্তার মতো কালো আইনের শাসন। যে ভোটাধিকারের জন্য নূর হোসেনের শরীর গুলিতে ঝাঁঝরা হয়েছিল, সেই ভোটাধিকার হরণ করা এক অলিখিত নিয়মে পরিণত হয়।
কেন এই ভূখণ্ডে বারবার নূর হোসেনদের রক্ত দিতে হয়? কেন অর্ধশতাব্দী ধরে রক্ত দেওয়ার পরও এ দেশে স্বৈরাচারের বংশবৃদ্ধি বন্ধ হয় না? কারণটি নিহিত রয়েছে এ দেশের রাজনৈতিক সংস্কৃতির কাঠামোগত দুর্বলতায়। বাংলাদেশে ব্যক্তির পরিবর্তন ঘটেছে, স্বৈরশাসকের চেয়ার বদল হয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামো অক্ষত থেকে গেছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেনি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন হতে দেওয়া হয়নি; বরং বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে একটি চিরস্থায়ী কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার হাতিয়ার বানানো হয়েছে। যখনই কোনো দল ক্ষমতায় এসেছে, তারা নূর হোসেনদের আত্মত্যাগকে স্মারক বা দিবসের মোড়কে বন্দি করে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রকে আড়াল করতে চেয়েছে।
ইতিহাস তাই এ দেশে ট্র্যাজেডি হয়ে বারবার ফিরে আসে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে আসাদ প্রাণ দিয়েছিলেন আইয়ুব খানের সামরিক জান্তার বিরুদ্ধে। ১৯৮৭ সালে নূর হোসেন রক্ত দিলেন এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে। আর সেই একই মুক্তির জন্য ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের রাজপথে দুই হাত প্রসারিত করে ঘাতক পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিতে হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে।
নূর হোসেনের বুক টান করে দাঁড়ানো এবং আবু সাঈদের বুক পেতে গুলির মুখোমুখি হওয়ার ভঙ্গির মধ্যে কোনো তফাত নেই। এটি একটি জাতির ঐতিহাসিক ডিএনএ, যেখানে রাষ্ট্র যখনই দানব হয়ে ওঠে, নাগরিক তখন নিজের খালি বুককেই প্রতিরোধ বানিয়ে ফেলে। অথচ এই সত্যটি আমাদের জন্য একাধারে গর্বের এবং অপরিসীম লজ্জার। একটি স্বাধীন দেশে কেন প্রতি তিন দশক পরপর একটি নতুন প্রজন্মকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত ঢেলে দিতে হবে? কেন আসাদ, নূর হোসেন কিংবা আবু সাঈদদের আত্মদানের পর আবারও নতুন এক ফ্যাসিবাদের জন্ম দেখতে হবে?
নূর হোসেন কেবল একটি নাম নন; তিনি বাংলাদেশের রক্তাক্ত মানচিত্রের এক অলিখিত সংবিধান। তাঁর শরীরে লেখা স্লোগানটি ছিল একটি ঐতিহাসিক চুক্তি, যা রচিত হয়েছিল জনগণের সঙ্গে রাষ্ট্রের মুক্তির দাবিতে। কিন্তু রাষ্ট্র সেই চুক্তির প্রতি পদে পদে বিশ্বাসঘাতকতা করেছে। ক্ষমতার পালাবদলে নূর হোসেনের নামে জিরো পয়েন্টের নাম হয়েছে ‘নূর হোসেন চত্বর’, ডাকটিকিট ছাপা হয়েছে, প্রতি ১০ নভেম্বর রাজনৈতিক দলগুলো ফুল দিয়ে ফটোসেশন করেছে। এমনকি যে জাতীয় পার্টির নির্দেশে নূর হোসেনকে হত্যা করা হয়েছিল, সেই দলের নেতারাও বিভিন্ন সময়ে নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, আবার ভোটের স্বার্থে ক্ষমাও চেয়েছেন।
শামসুর রাহমান তাঁর কবিতায় লিখেছিলেন, “হয়তো ভবিষ্যতে অনেকেই / তার কথা বলে দিব্যি মাতাবে শ্রোতার ভিড়... ওদের মুখোশ আঁটা ভণ্ড মুখে দেবে ছুড়ে থুথু, শুধু থুথু।” কবির এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। নূর হোসেনের নাম বেঁচে আছে রাজনীতির ভণ্ড বক্তৃতায়, কিন্তু তাঁর বুকের স্লোগান ‘গণতন্ত্র মুক্তি পাক’ আজও মুক্ত হতে পারেনি।
যত দিন না পর্যন্ত রাষ্ট্র কাঠামোগতভাবে জবাবদিহিমূলক হয়, যত দিন ক্ষমতার লোভে সংবিধানকে পদদলিত করার সুযোগ থাকবে, তত দিন স্বৈরাচারের পুনর্জন্ম থামবে না। তবে নূর হোসেনদের রক্ত কখনোই সম্পূর্ণ বৃথা যায় না; তা ভূগর্ভস্থ ফল্গুধারার মতো জমে থাকে। যখনই শাসকের অহংকার আকাশ স্পর্শ করে, তখনই সেই রক্ত নতুন কোনো আবু সাঈদের শরীরে স্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠে। নূর হোসেনের শ্যামলা বুক এখনো আমাদের দিকে তাকিয়ে আছে এক নীরব, রক্তাক্ত অভিযোগ নিয়ে। সেই অভিযোগের নিষ্পত্তি তখনই হবে, যেদিন এই দেশের মানুষকে আর গণতন্ত্রের জন্য রক্ত দিতে হবে না; যেদিন গণতন্ত্র কোনো স্লোগান নয়, প্রতিটি নাগরিকের শ্বাস-প্রশ্বাসের মতো স্বাভাবিক অধিকার হয়ে উঠবে।
-- --
লেখকঃ কবি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



