আজকে কলকাতা যা ছাড়ে, কাল প্রথম আলো তা গিলে’: সাঈদ যখন ‘সইদ'

সোয়েব মাহমুদ
সোয়েব মাহমুদ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৫:৪৯পরিবর্তন করতে ক্লিক করুন
আজকে কলকাতা যা ছাড়ে, কাল প্রথম আলো তা গিলে’: সাঈদ যখন ‘সইদ'
শেয়ার করুন:

পুরো দুনিয়ার তাবৎ ইংরেজি, স্প্যানিশ বা ফরাসিভাষী মানুষ যাঁর নাম উচ্চারণ করছে ‘আল-সাইয়েদ’, আরবিভাষায় যার অর্থ ‘নেতা’ বা ‘মহানুভব’, কলকাতার আনন্দবাজারিয় ভদ্রলোকি জবানিতে তিনি এক মুহূর্তে নেমে এলেন ‘সইদ’-এ।

গোপাল কৃষ্ণ গোখলে বেঁচে থাকলে আজ নিশ্চিতভাবেই নিজের বিখ্যাত উক্তিটির পুনর্বিবেচনা করতেন। বিশ শতকের শুরুর সেই গম্ভীর ঘোষণা, ‘হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো’, আজ এক অদ্ভুত আঞ্চলিক কৌতুক আর অধঃপতনের চক্রে এসে ঠেকেছে। অধুনা দক্ষিণ এশীয় বাস্তবতায় লাইনটিকে একটু মার্জিত রূপ দিয়ে বলা যায়: ‘আজকে কলকাতার বাবু-মিডিয়া যা অবচেতন হেজিমনিতে রোমন্থন করে, কারওয়ান বাজারের কালচারাল জমিদাররা আগামীকাল তা-ই সগৌরবে উদগীরণ করে।’

তবে এই প্রক্রিয়ায় কোনো বুদ্ধিবৃত্তিক লেনদেন নেই, কোনো চিন্তার লড়াই নেই; আছে কেবল স্বঘোষিত আলোকিত প্রতিষ্ঠানের এক চরম দাস্যবৃত্তি, যার নাম ‘কপিকাট ফকিন্নিপনা’।

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে দীর্ঘ ২৩৭ বছরের শ্বেতাঙ্গ ও প্রোটেস্ট্যান্ট আধিপত্যের দেয়াল গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছেন একজন তরুণ আরব-আমেরিকান মুসলিম। নাম তাঁর ড. আবদুর রহমান মোহাম্মদ আবদুল আল-সাইয়েদ (Abdul El-Sayed)। তিনি অক্সফোর্ডের রোডস স্কলার, কলাম্বিয়ার ডক্টর অব মেডিসিন, ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য পরিচালক, বার্নি স্যান্ডার্স আর ওকাসিও-কর্টেজের কমরেড, এবং সবচেয়ে বড় কথা, আমেরিকান রাজনীতিতে ইসরায়েলি লবি এআইপ্যাক (AIPAC)-এর কোটি কোটি ডলারের কালোটাকার পাহাড় চূর্ণ করে জয়ী হওয়া এক অবিসংবাদিত প্রগতিশীল যোদ্ধা।

কিন্তু কলকাতা ও ঢাকার কিছু সংবাদপত্রের ‘বুদ্ধিবৃত্তিক চশমা’ যখন এই মহামানবিক রাজনৈতিক পরিবর্তনের ওপর পড়ে, তখন তাদের স্ক্রিনে কোনো সাম্রাজ্যবাদবিরোধী লড়াই দেখা যায় না, কোনো ফিলিস্তিনপন্থী গণআন্দোলনের জয় দেখা যায় না, দেখা যায় স্রেফ একটি জিনিস: ‘ইন্ডিয়ার জামাইবাবু’। আর সেই জামাইবাবুর নাম? আনন্দবাজারের ভাষায় তিনি ‘আব্দুল এল-সইদ’। পুরো দুনিয়ার তাবৎ ইংরেজি, স্প্যানিশ বা ফরাসিভাষী মানুষ যাঁর নাম উচ্চারণ করছে ‘আল-সাইয়েদ’ (El-Sayed), আরবিভাষায় যার অর্থ ‘নেতা’ বা ‘মহানুভব’, কলকাতার আনন্দবাজারিয় ভদ্রলোকি জবানিতে তিনি এক মুহূর্তে নেমে এলেন ‘সইদ’-এ।

অথচ লক্ষণীয় বিষয়, ট্রাম্পের আশীর্বাদপুষ্ট চরমপন্থী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে কিন্তু তারা ভুল করেও ‘রজস’ বা ‘রুজু’ লেখেনি; রজার্সের বানান নিখুঁত সাহেবীয় মর্যাদায় অক্ষত রাখা হয়েছে। সমস্যাটা বেধেছে ঐ মুসলিম নামটিতে এসে। এই যে সাইয়েদকে ‘সইদ’ বানিয়ে দেওয়া, এটা কোনো মুদ্রণপ্রমাদ নয়, এটা হলো দুইশত বছরের ঔপনিবেশিক জাত্যাভিমানের ভাষাতাত্ত্বিক অবশেষ।

ফোর্ট উইলিয়াম কলেজের সেই পুরনো কেরানিগিরির ভূত এখনো কলকাতার প্রেসপাড়ায় ঘুরে বেড়ায়। ভদ্রলোকের অবচেতনে মুসলিম মানেই তো খাস কলকাতার কোনো ঘিঞ্জি গলির সুরমা-চোখা, কিফায়া ঝোলানো, ‘এই যে সইদ মিঞা, দু’মুঠো চাল দাও তো’ গোছের কোনো চরিত্র। যে চরিত্রে কোনো বুদ্ধিবৃত্তিক তেজ থাকবে না, রোডস স্কলারশিপ থাকবে না, বর্ণবাদের বিরুদ্ধে রণহুঙ্কার থাকবে না; থাকবে শুধু সস্তা বাংলা সিনেমার খলনায়কের পেছনে সাদা টুপি পরে ‘হুজুর হুজুর’ করা অনুগত এক ভৃত্য।

একজন মিসরীয় বংশোদ্ভূত তুখোড় বক্তা, যিনি ট্রাম্প আর জেডি ভ্যান্সের মুখের ওপর তাঁদের ‘সাইকোপ্যাথ’ আক্রমণ ফিরিয়ে দিয়ে ক্যাপিটল হিল কাঁপিয়ে দিতে পারেন, তাঁকে কলকাতার পেজে আনতে গেলে আগে তাঁর নামের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তাঁকে বানাতে হবে ‘সইদ’, যাতে তাঁর মধ্যপ্রাচ্যীয় আভিজাত্য চূর্ণ হয়ে এক অদ্ভুত স্থানীয় খাটোত্বে রূপ নেয়। মানুষ রুচিহীন হলে কড়া বাক্যবাণে শোধরানো যায়, কিন্তু গোটা অঞ্চলের সাংস্কৃতিক এলিট শ্রেণির নিউরনে যদি নাম বিকৃত করার শতাব্দীপ্রাচীন বর্ণবাদী ছাঁচ গেঁথে থাকে, তার চিকিৎসা কোন হাসপাতালে হবে? কিন্তু ট্র্যাজেডি কেবল আনন্দবাজারের নয়; আসল ট্র্যাজেডি হলো আমাদের দেশীয় প্রগতিবাদের স্বঘোষিত অভিভাবক ‘প্রথম আলো’-কে নিয়ে। আনন্দবাজার যখন তাঁদের জাত্যাভিমান আর কৌতূহল মেটাতে আবদুল আল-সাইয়েদকে ‘ভারতীয় জামাই’ বানিয়ে তৃপ্তির ঢেকুর তুলল, কারওয়ান বাজারের ‘প্রথম আলো’ তখন সেই পচা এন্ট্রিকেই তাদের মহা-আলোকিত বিশ্লেষণের প্রধান খাদ্য বানিয়ে বসল।

প্রথম আলোর প্রচ্ছদজুড়ে যেন এক পরম আত্মীয়তার মোচ্ছব: ‘কর্ণাটকের জামাই’! ‘ভাটকলের আনন্দ’! যেখানে আন্তর্জাতিক রাজনীতির পাঠকেরা চোখ রাখছিলেন যে, ট্রাম্পের নিজের অঙ্গরাজ্য মিশিগানে কীভাবে একজন ডেমোক্র্যাট জিতলেন; কীভাবে গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলি আগ্রাসনকে দ্ব্যর্থহীন ভাষায় ‘গণহত্যা’ আখ্যা দিয়ে একজন মুসলিম প্রার্থী মধ্যবর্তী নির্বাচনের কঠিন বৈতরণী পার হলেন; কীভাবে ইসরায়েলপন্থী লবি এআইপ্যাকের ৬ কোটি ডলারের প্রোপাগান্ডা বুড়ো আঙুল দেখিয়ে ডেমোক্র্যাটিক দল ও মার্কিন সিনেটে এক নতুন বামপন্থী শক্তির উত্থান ঘটল, প্রথম আলোর কাছে সেসব হয়ে গেল সাইড-নোট। তাদের প্রধান বিষয়: কর্ণাটকের শ্বশুরবাড়িতে মিষ্টি বিতরণ হচ্ছে এবং সাইয়েদ সাহেব তাঁর মিসরীয় চাচার সঙ্গে একদা ভারতীয় বংশোদ্ভূত মেয়ে বিয়ে করা নিয়ে কী ঠাট্টা করেছিলেন! এই আঞ্চলিক হেজিমনির কাছে নতজানু হওয়ার মানসিকতাটা ঠিক কেমন? এটা একধরনের হীনম্মন্যতামূলক মনস্তত্ত্ব, যেখানে নিজের কোনো পরিচয় নেই, আত্মমর্যাদা নেই, বিশ্বমঞ্চে চোখ তুলে তাকানোর স্বাধীন দৃষ্টি নেই; পাশের দেশের আধিপত্যকামী মিডিয়া যেভাবে বিশ্বকে দেখবে, ঠিক সেই অ্যাঙ্গেল থেকেই ধার করা আলোয় নিজেকে আলোকিত দেখাতে হবে। ওয়াশিংটনের ক্ষমতা-কাঠামো কাঁপিয়ে দেওয়া এক বৈপ্লবিক রাজনৈতিক উত্থানকে প্রথম আলো পর্যবসিত করল ভাটকলের বিরিয়ানি আর বিয়ের গল্পে! বাংলাদেশে প্রথম আলো কোনো সাধারণ পত্রিকা নয়; তারা নিজেদের বিবেচনা করে এই সমাজের ‘বুদ্ধিবৃত্তিক জমিদার’।

তারা ঠিক করে দেবে জাতি কী খাবে, কী পড়বে, কোন সুশীলতায় বিশ্বাস করবে আর কার পদলেহন করবে। কিন্তু সমস্যা হলো, এই কালচারাল জমিদার যখন আন্তর্জাতিক সংকটে বা ভূ-রাজনৈতিক বয়ানে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ভিনদেশি প্রভুর দরবারে গালিচা বিছিয়ে দেয়, তখন সেই সুশীলতার মুখোশ খসে পড়ে প্রকট নগ্নতায়। আমেরিকার নির্বাচনে সারা জুকাকুর পূর্বপুরুষ ভারতের ছিলেন, এ কথা এক বাক্যে তথ্যের খাতিরে উল্লেখ করাই যেত। কিন্তু পুরো রিপোর্টটিকে ‘কর্ণাটকের জামাই’ ফ্রেমে বেঁধে আনন্দবাজারের চর্বিতচর্বণ গিলিয়ে দেওয়ার এই যে নির্লজ্জ আর্তি, এর চেয়ে বড় বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব আর কী হতে পারে? আবদুল আল-সাইয়েদের বিজয় কোনো ‘শ্বশুরবাড়ির দয়া’ নয়। এই বিজয় এসেছে আমেরিকার বর্ণবাদীদের বিরুদ্ধে লড়ে, রিপাবলিকানদের ‘জিহাদি’ আর ‘শরিয়াহ সন্ত্রাসী’ গালির মুখে অবিচল থেকে, মিশিগানের শ্বেতাঙ্গ শ্রমজীবী মানুষ ও অভিবাসী আরবদের যৌথ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে।

তিনি জিতেছেন কারণ তিনি সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবার কথা বলেছেন, করপোরেট দানবদের প্রভাব কমানোর কথা বলেছেন। অথচ আমাদের পত্রিকা তাঁকে এমনভাবে চিত্রিত করল, যেন লোকটার সবচেয়ে বড় রাজনৈতিক যোগ্যতা, তিনি ভারতের কর্ণাটকে চার দিনের জন্য বেড়াতে গিয়ে শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে ছবি তুলেছিলেন! যে পত্রিকা প্রতিদিন আমাদের ‘জাতীয় আত্মমর্যাদা’ আর ‘বিশ্বনাগরিক’ হওয়ার তালিম দেয়, তারা যখন কলকাতার একটা নিচুস্তরের আঞ্চলিক ক্লিকবেইট সাংবাদিকতার ফটোকপি করে নিজেদের পাতায় ছাপে, তখন বুঝতে বাকি থাকে না, এদের আলোকায়ন আসলে বনসাই আলোকায়ন।

বাইরে বিশাল বটবৃক্ষের মতো ভান, কিন্তু ভেতরে শিকড়হীন এক পরজীবী চারাগাছ, যা পাশের বাড়ির ড্রেন থেকে পানি টেনে বেঁচে থাকে। প্রথম আলোর এই প্রতিবেদনের ভেতরে এক জায়গায় কোল ওজনিয়াকের বক্তব্য আছে, যেখানে বলা হয়েছে, তৃণমূলের শক্তি কীভাবে পুরোনো ধারার রাজনীতিকে উপড়ে ফেলেছে। কিন্তু সেই বৈপ্লবিক সুরকে ঢাকা দেওয়া হয়েছে কর্ণাটকি জামাইষষ্ঠীর মেহফিল দিয়ে। এআইপ্যাক যখন হ্যালি স্টিভেন্সের পক্ষে ৩ কোটি ডলার ঢেলেছিল, তখন আমেরিকার কর্পোরেট মিডিয়াও সাইয়েদের রাজনৈতিক মৃত্যু ঘোষণা করেছিল। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আটচল্লিশ ঘণ্টা আগে স্টিভেন্স ডেমোক্র্যাট হয়েও রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দিয়ে দলত্যাগ ও বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নজির গড়েন।

সেই মুহূর্তে চব্বিশ ঘণ্টায় আমেরিকার সাধারণ মানুষ ২৪ লাখ ডলার তুলে দিয়েছিল আল-সাইয়েদের হাতে। এই যে জনতার শক্তির বিস্ফোরণ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন আরব যুবকের এই অবিশ্বাস্য লড়াই, এই গভীর রাজনৈতিক বাস্তবতা কি কলকাতা বা ঢাকার সেই সুশীল বাবুদের রোচে? রোচে না। কারণ সেই গভীরতা বুঝতে গেলে সাম্রাজ্যবাদবিরোধী স্পর্ধা লাগে, মেরুদণ্ড লাগে। যার কোনোটাই কারওয়ান বাজারের এলিটদের নেই। তাদের কাছে খবর বিক্রির সবচেয়ে নিরাপদ ফর্মুলা হলো ‘ভারতীয় রক্তের জয়জয়কার’। সুনীতা উইলিয়ামস মহাকাশে গেলে যেমন তাঁর নাড়ি খুঁজে গুজরাটে নিয়ে আসা হয়, ঠিক তেমনি আবদুল আল-সাইয়েদ সিনেটর হলে তাঁকে টেনে এনে ভাটকলের খাস খাটের পায়ার সাথে বেঁধে ফেলতে হবে। বিশ্বরাজনীতি এখন যে গতিতে এগোচ্ছে, তাতে আমাদের এই সাব-কন্টিনেন্টাল মিডিয়া সিন্ডিকেটের জন্য শুভকামনা জানানো ছাড়া উপায় নেই। ভবিষ্যতে যদি কোনো এলিয়েন মহাকাশযান নিয়ে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে এসে নামে এবং সেই এলিয়েনের রিমোট কন্ট্রোলের প্লাস্টিকটা কোনো দূরবর্তী সম্পর্কে ব্যাঙ্গালুরুর কোনো কারখানায় তৈরি হয়ে থাকে, তবে আনন্দবাজার নির্দ্বিধায় হেডলাইন করবে: ‘মহাজাগতিক যানের চালক আসলে ভারতের ভাগ্নে!’ আর তার ঠিক চব্বিশ ঘণ্টা পর, কারওয়ান বাজার থেকে প্রথম আলো সেই খবরের ওপর বার্নিশ মেরে চার কলামের সচিত্র ফিচার ছাপাবে: ‘গ্রহান্তরের জামাই: গ্যালাক্সি চষে আলোড়ন তুললেন যিনি, তাঁর ঠাকুরমার এক মামাতো ভাই ছিলেন কলকাতার শিয়ালদহের!’ এই নতজানু, রুচিহীন অনুকরণপ্রিয়তার সংস্কৃতি যতদিন না কাটছে, ততদিন আমাদের বুদ্ধিবৃত্তিক মানচিত্রটা ফোর্ট উইলিয়ামের বারান্দায় বাঁধা ওই ‘সইদ মিঞা’র কাল্পনিক টুপির নিচেই আটকে থাকবে। আর প্রথম আলো? তারা নিজেদের আলো দিয়ে জাতিকে পথ দেখাবে কী, তাদের নিজেদের ঘরে যে বাতিটি জ্বলে, তার সুইচবোর্ডটি এখনো বসানো আছে ভিনদেশি এক ক্ষয়িষ্ণু বাবুসমাজের শোবার ঘরে!

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: