কলকাতায় হিন্দুত্ববাদ: বিগিনিং পয়েন্ট ইজ দ্য এন্ড

মাসকাওয়াথ আহসান
মাসকাওয়াথ আহসান
প্রকাশ: ৫ মে ২০২৬, ৮:৫০পরিবর্তন করতে ক্লিক করুন
কলকাতায় হিন্দুত্ববাদ: বিগিনিং পয়েন্ট ইজ দ্য এন্ড

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ছবি: ফেসবুক পেজ

শেয়ার করুন:

বৃটিশ আমলে ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের মাঝ দিয়ে যে লব্ধ প্রতিষ্ঠ মুন্সী, পেশকার, সেরেস্তাদার শ্রেণীটি রাতারাতি জমিদার সেজে বসেছিলো পূর্ববঙ্গে; ভারতের বাংলাদেশ নীতি সেই জমিদার মানসের ওপর প্রতিষ্ঠিত।

ভারতে হিন্দুত্ববাদ রাষ্ট্রক্ষমতায় এসেছে ২০১৪ সালে। প্রায় এক যুগ পরে ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদ রাজ্যক্ষমতায় এলো। বাংলাদেশ রাষ্ট্রটিকে ঘিরে ভারতের যে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য; সবকটিই এখন হিন্দুত্ববাদের শক্ত ঘাঁটি।

 

এতে বাংলাদেশের নাগরিকদের বিচলিত হবার কোন কারণ আছে বলে মনে হয় না। ভারতের রাষ্ট্রক্ষমতায় কংগ্রেস থাকুক; আর বিজেপি থাকুক; দিল্লির বাংলাদেশ নীতি মোটামুটি একই রকম।

 

বৃটিশ আমলে ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের মাঝ দিয়ে যে লব্ধ প্রতিষ্ঠ মুন্সী, পেশকার, সেরেস্তাদার শ্রেণীটি রাতারাতি জমিদার সেজে বসেছিলো পূর্ববঙ্গে; ভারতের বাংলাদেশ নীতি সেই জমিদার মানসের ওপর প্রতিষ্ঠিত।

 

কংগ্রেস নেতা প্রণব মুখার্জি বাংলাদেশের সেনাসমর্থিত এক এগারো সরকারকে দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতার যে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছিলেন; তা ছিলো ইতিহাসের সেই জমিদারকলার একবিংশের রুপ। প্রণব মুখার্জির বাংলাদেশ বিষয়ে যে সেন্স অফ এনটাইটেলমেন্ট বা প্রাধিকার বোধ; জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর ভারতের সাবেক রাষ্ট্রদূত বীণা সিক্রি, হর্ষবর্ধন শ্রিংলা, পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর, পশ্চিমবঙ্গের সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু; এমনকি নর্থ ইস্ট নিউজের ইনফরমেশন হিটম্যান চন্দন নন্দীর কন্ঠে সেই একই প্রাধিকার বোধ উচ্চারিত হয়েছে।

বৃটিশ আমলে কলকাতার বেঙ্গল রেনেসাঁর বংকিমচন্দ্রের পূর্ব বঙ্গ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছিলো; সেটাই আজ পর্যন্ত ভারতের বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি।

 

পূর্ববঙ্গের সুলতানি, মুঘল ও নবাবি আমলের অর্থনৈতিক সামর্থ্য, সাংস্কৃতিক বোধ ও আভিজাত্যকে পলাশীর যুদ্ধের মাধ্যমে কেড়ে নিয়ে; যুদ্ধ পরবর্তী বিশৃংখলার সময় হঠাত ধনী হয়ে ওঠা বৃটিশের ছোট কর্মচারীরা রাতারাতি জমিদারির আভিজাত্য কাঠামো তৈরির সময়টাতে গড়ে ওঠে ঐ বংকিম মানস।

 

বৃটিশের সংস্পর্শে থেকে দেশীয় এই ব্রাউন ফিলিস্টাইন্সদের যে আর্য কল্পনা; কলকাতা সেই ভ্রান্ত অধ্যাসের কলকাকলী বিশেষ। মধ্য এশিয়া থেকে আসা যে কথিত আর্যরা উত্তর  ভারতে উচ্চ বর্গের কাল্পনিক আসন দখল করেছিলো; তারা আবার পশ্চিমবঙ্গের আর্য কল্পনাকে নাকচ করে দেয়। এই যে বেঙ্গল রেনেসাঁর সূত্র ধরে; দুই কাঁধে দশ কেজি ওজনের সংস্কৃতি চর্চার ভারী পাথর বেঁধে দেয়া হয়েছিলো কলকাতার কাঁধে; তা নিয়ে উত্তর-পশ্চিম ভারতের কথিত আর্য মহলে বেশ হাসাহাসি রয়েছে।

 

আজকের পৃথিবীতে একি কল্পনা করা যায় যে, কলকাতায় জাত-পাত মেনে কিছু লোক উচ্চ বর্গ সেজে থাকে। বেঙ্গল রেনেসাঁর আলোকিত সমাজের এই লোকজ অহমের বিপরীতে দেখুন ইউরোপের রেনেসাঁর প্রভাবে সেখানে সাম্য মানসের সমাজ তৈরি হয়েছে। এটাই হচ্ছে ভারত বর্ষের গ্রাম্য আলোকিত সমাজের সঙ্গে ইউরোপের শহুরে এনলাইটেনমেন্টের পার্থক্য।

 

যখনই জাত-পাত-ধর্ম-গোত্র-রাজনৈতিক আদর্শের ভিত্তিতে সমাজে কাস্ট সিস্টেম দেখা যায়; তখনই বোঝা যায়; সমাজটি কসমোপলিটান হতে পারেনি। বাংলাদেশ একভাষী দেশ হওয়ায় বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা-পঠন-পাঠন পিছিয়ে পড়ায়; এক শ্রেণীর মানুষ ‘কলকাতা’ থেকে আধুনিকতা শিখতে গিয়ে কালচারের নামে হিন্দু ধর্মের রিচুয়ালে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের যারা বৃটিশ আমল থেকেই ইংরেজি পঠন পাঠন শিখে ফেলেছে; তারা ইউরোপের রেনেসাঁ থেকে কিছু শিক্ষা নিতে পেরেছে। ফলে তারা কলকাতার হিন্দু ধর্ম কেন্দ্রিক ‘আলোকিত’ সমাজের কালচার না শিখে; ইউরোপের এনলাইটেনমেন্টের খোঁজ পেয়েছে।

 

ঢাকায় এক শ্রেণীর লোক কলকাতার রেনেসাঁ দিয়ে ‘অসাম্প্রদায়িকতার’ দীক্ষা দিতে গিয়ে আসলে হিন্দুত্ববাদে দীক্ষিত করেছে বিপুল সংখ্যক মানুষকে। ফলে 'আওয়ামী লীগ'কে হিন্দুত্ববাদী প্রকল্প হিসেবে প্রণব মুখার্জি ২০০৯ সালেই প্রতিষ্ঠিত করে গেছেন। প্রণব প্রথমে বামপন্থী ছিলেন, এরপর কংগ্রেসে যোগ দিয়ে মন্ত্রী ও রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু সবশেষে শিবসেনার মন্দিরে গিয়ে আলুথালু হয়ে নিজের মেয়েকে বিজেপির সাংসদ হবার আহবান জানিয়েছিলেন। মেয়ে অবশ্য ইউরোপের এনলাইটেনমেন্টের খোঁজখবর রাখায়; সে প্রস্তাব প্রত্যাখান করেছেন।

সেই বেঙ্গল রেনেসাঁর পণ্ডিত যদুনাথ সরকার; পশ্চিমবঙ্গকে জায়নিস্ট মডেলে গড়ে তোলার আশা পোষণ করেছিলেন। হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলকে ফাদারল্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়ে; ভারতকে মাদারল্যান্ড সাজিয়েছেন। মাদারল্যান্ড হিসেবে ফাদারল্যান্ডের নীতি অনুসরণ করে মোদী অবশ্য ২০০২ সালেই গুজরাটে 'প্যালেস্টাইন ল্যাবরেটরি' বানিয়েছেন। প্রধানমন্ত্রী হবার পর কাশ্মীর, উত্তর ভারত, আসাম হয়ে এবার পশ্চিমবঙ্গ। মুসলমানদের এথনিং ক্লিনসিং এ হত্যা, নাগরিকত্ব কেড়ে নেয়া, আসামে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা, উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে মসজিদ ও মুসলমানদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া; সবশেষে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলমানকে বাদ দেয়া। ডেমোগ্রাফিক এই এনজিনিয়ারিং করে ভোটে জিতে বিজেপি নেতা শুভেন্দু সদর্পে ঘোষণা করলেন, মুসলমানরা মমতাকে আর হিন্দুরা আমাকে ভোট দিয়েছে।

 

ভারতের এই গরীবের জায়নিজম শুরু হয়েছিলো বাবরী মসজিদের নীচে মন্দিরের খোঁজ পাওয়ার মাঝ দিয়ে। সেই থেকে প্রায় নিয়মিত রাতের ও দিনের স্বপ্নে বিভিন্ন প্রাচীন মসজিদের নীচে মন্দিরের খোঁজ করে সেগুলো ভাঙ্গাভাঙ্গি চলছে। ইতিহাসের দিল্লি সালতানাত ও মুঘল আমলের ওপর প্রতিশোধ নিতে মসজিদ ভাঙ্গা ও মুঘল শাসকদের খলনায়ক দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ; নরেন্দ্র মোদী বেশ শখ মিটিয়ে মুসলিম বিদ্বেষ চরিতার্থ করেছেন।

 

এই যে এক যুগের মাঝে ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়ে ওঠা; এটা কি কোন মেটামরফসিস! মোটেও তা নয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইউরোপের এনলাইটেনমেন্টের প্রভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ থকথকে ভারতের শরীরে অসাম্প্রদায়িকতার রেশমী চাদর পরিয়ে দিয়েছিলেন। কিন্তু তার দলেই প্রণব মুখার্জির মতো ধর্মপ্রাণ হিন্দুরা ছিলেন। সাম্প্রদায়িকতা রোগের চিকিতসা না করে তা রেশমী বস্ত্রে ঢেকে রাখায়; ২০১৪ সালে সে চর্মরোগ প্রকট আকারে দৃশ্যমান হয়েছে।

 

পৃথিবীর ইতিহাসে নাতসিবাদ, জায়নবাদের মতো যে নরভোজি ইজমগুলো আমাদের চোখে ধরা পড়ে; সেগুলো ছাড়িয়ে যাবে ভারতের হিন্দুত্ববাদ। আশংকার কথা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে গ্রুমিং করা হয়েছে; একইভাবে আফঘানিস্তানের তালেবানদের গ্রুমিং করছে দিল্লি। ভারতের কিছু মীরজাফর ঘরানারা মুসলিম রাজনৈতিক দল হিন্দুত্ববাদী প্রকল্পের সহগামী হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতাতে তাদের ভূমিকা আছে। বাংলাদেশেও ঐ হিন্দুত্ববাদী ইসলামপন্থী দলের শাখা আছে। ফলে দাড়ি টুপি পরে মুখে ‘ইসলাম খাতরে মে হ্যায়’ বলে অপকর্ম করে হিন্দুত্ববাদের জন্য গেরুয়া চাদর বিছিয়ে দেবার কাজগুলো এরা করে চলেছে। শেখ হাসিনার সময়ে এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে ইসলামোফোবিয়া বাস্তবায়নে হাসিনার যে আন্তরিকতা; তারই পুরস্কার হিসেবে হাসিনা এখন দিল্লিতে রাষ্ট্রীয় অতিথিশালায় বসবাস করছেন। আর হাসিনার মানবতা বিরোধী অপরাধের আওয়ামী দোসরেরা কলকাতায় ফুল নিয়ে শুভেন্দুকে শুভেচ্ছা জানাতে গেছেন। 

 

বেঙ্গল রেনেসাঁর মোড়কে যে হিন্দুত্ববাদ কলকাতাতেই যাত্রা শুরু করেছিলো; আবার তা সেখানেই ফিরে এসেছে। এতে অবাক হবার কিছু নাই। কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভারতের ধর্মীয় বিদ্বেষের অভিঘাতে কোন রকম ধর্মীয় বিদ্বেষকে প্রশ্রয় না দেয়া। একটা সমাজ হচ্ছে বিচিত্র মানুষের সমাহার। এখানে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ে উচ্ছ্বসিত হিন্দুত্ববাদী ও গেরুয়া প্রগতিশীল রয়েছে। ফেসবুকে তাদের দেখাও মিলছে। এই মানুষেরা তাদের ‘অখণ্ড ভারত’-এর কল্পনা নিয়ে খোয়াড়ি করুক। কিন্তু কক্ষণো তাদের উস্কানিতে পা দেয়া যাবে না।

 

বেঙ্গল রেনেসাঁর মোড়কে ঢাকার আলোকিত সমাজ মাইনপাতা ভূমির মত; সে সারাদিন কুঁচ কুঁচ করে; সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তৈরির চেষ্টা করবে। সে তার ভারতস্বামীর হিন্দুত্বায়নকে জাস্টিফিকেশন দিতে ‘পশ্চিমবঙ্গে মমতা হারার পাঁচটি কারণ’ বর্ণনা করবে; আসল কারণ বাদ দিয়ে; আর দাড়ি টুপিওয়ালা লোকের পান থেকে চুন খসলে তাকে উগ্রবাদি ডেকে, ‘আলো আমার আলো’ গান গাইবে।

 

বিশ্বকাপ ফুটবলে ফুটবলার মাতারাজ্জি, ফুটবলার জিনেদিন জিদানকে তার বোন তুলে গালি দিলে জিদান উত্তেজিত হয়। ফলাফল লালকার্ড নিয়ে জিদানেরই মাঠ থেকে বেরিয়ে যাওয়া। গেরুয়া প্রগতিশীলেরা হচ্ছে; মাতারাজ্জি; এর স্বভাবই কুঁচ কুঁচ করে মুসলিম বিদ্বেষ প্রকাশ। এই উস্কানিকে পাত্তা না দিলেই দেখবেন; ধীরে ধীরে নতুন প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক, আনসফিস্টিকিটেড প্রপঞ্চ হিসেবে  এদের চিন্তা- বার্ধক্যের বলিরেখার মতো দেখাবে।

--

লেখক: এডিটর ইন চিফ, ই-সাউথএশিয়া।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: