ক্ষমতার অসুখ আর ফুলবাড়ীর কয়লা উত্তোলনের ইশারা


ঢাকা পেপার্স গ্রাফিক্স
যে সরকার রক্তে লেখা ফুলবাড়ী চুক্তি ভঙ্গের ফন্দি আঁটার রাস্তায় হাঁটতে পারে, সেই সরকার হাজারো শহীদের রক্তে অর্জিত ২৪-পরবর্তী গণতান্ত্রিক পুনর্জাগরণের জমিনে নতুন করে লুটপাটের মহোৎসব চালু করবে না—এমনটা বিশ্বাস করার কোনো কারণ আছে কি?
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিগত নয় মাসে আমরা দেখেছি কৃষকের চরম সার সংকট, টের পাচ্ছি দফায় দফায় তেল-গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের খরচ বৃদ্ধির যন্ত্রণা আর নাগালের বাইরে চলে যেতে থাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাহাড়সম চাপ। পথের রিকশাচালক, শহরের হকার আর নিম্ন পারিশ্রমিকে খাটতে বাধ্য হওয়া গার্মেন্টসের কর্মীরা নতুন রূপে দেখছেন গরিবের ওপর রাষ্ট্রের আগ্রাসী আচরণ। এর সঙ্গে যুক্ত হয়েছে চাঁদাবাজ আর সন্ত্রাসীদের অবাধ বিচরণের ফাঁকা মাঠ।
বহুদিন পর বসতে পারা ক্ষমতার আরাম বুঝি এমনিই! এই আরামে ক্ষমতার চোখ ঢাকা পড়ে যায় সত্য আড়াল করা মিথ্যার পর্দায়। নিপীড়ন আর নির্মমতাকে তখন আইন দিয়ে জায়েজ করার প্রয়োজন দেখা দেয়, সেই সঙ্গে বাস্তবতাকে অস্বীকার করাটা পরিণত হয় অভ্যাসে। আর এ অসুখে ধরেছে বলেই হয়তো যেসব দোষে দুষ্ট হয়ে বিগত আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে স্বৈরাচারে পরিণত হয়েছিল, সরকার গঠন করার মাত্র নয় মাসের মধ্যেই সেই দোষের ছায়াগুলো আবারও জনতার সামনে স্পষ্ট হতে শুরু করেছে।
পুরনো কলকাঠির নতুন নড়াচড়া
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের নভেম্বরেই গিয়েছিলেন তুরস্কে। একই সময়ে দেশে থাকা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তাঁর বরাতে জানা যায় যে, আগামী তিন মাসের মধ্যে কয়লা উত্তোলনের জন্য দরপত্র আহ্বানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যাপারে প্রধানমন্ত্রীর তরফ থেকে নাকি প্রত্যক্ষ নির্দেশ রয়েছে। একদিকে পরিবেশবিষয়ক বৈশ্বিক আয়োজনে গিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির শিকার হওয়া দেশ হিসেবে নিজেদের বিপন্ন অবস্থা তুলে ধরা, আর অন্যদিকে একই সময়ে দেশের ভেতরে পরিবেশ দূষণকারী কয়লার উত্তোলন আর এর ব্যবহারের পরিকল্পনার ঘোষণা দেওয়া আসলে সরকারি নীতির অসামঞ্জস্যতারই প্রতিফলন।
ভুক্তভোগী জনগোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা না করে, তাঁদের কথা আমলে না নিয়ে, স্বাধীন বিশেষজ্ঞ মতামতের তোয়াক্কা না করে, কেবল জোর-জবরদস্তির মাধ্যমে শত কোটি থেকে হাজার কোটি টাকা খরচের প্রকল্পগুলো একের পর এক করে ফেলার চর্চা প্রকৃত অর্থে স্বৈরাচারী আচরণ। সেই আচরণের কুফল এই নিকট অতীতেই বাংলাদেশের মানুষ জীবন দিয়ে টের পেয়েছে, এখনও পাচ্ছে। তাই পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে, দিন বদলের স্লোগান দিয়ে ভোটে জিতে আসার পর ঠিক আগের কায়দাতেই সকল কলকাঠির নড়াচড়া দেখে আমাদের শঙ্কিত না হবার কোনো উপায় নেই।
মাতারবাড়ী থেকে সিঙ্গাপুর ভায়া ফুলবাড়ী
কিছুদিন আগে প্রকৌশলী, অর্থনীতিবিদ, সমাজগবেষক, নৃবিজ্ঞানী, ভূগোলবিদ ও সর্বজন অধিকার কর্মীদের একটি দলের সঙ্গে যাবার সুযোগ হয়েছিল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায়। সেখানে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে প্রায় দুই বছর ধরে। কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় গিয়ে, কয়েকটি জায়গা ঘুরে, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে মেলানোর চেষ্টা করছিলাম কয়লা বিদ্যুৎকেন্দ্র হওয়ার কারণে লাভ-ক্ষতির হিসাব। জানলাম, সেখানে নাকি ধান আসা মাত্রই এখন ফুটে যায়। কারণ, কয়লা বিদ্যুৎকেন্দ্র হওয়ার পরে এলাকার আশপাশে নাকি তাপমাত্রা বেড়ে গেছে, সেই তাপে নাকি ধান গাছে থাকতেই মরে যায়। আরও জানলাম, ওই এলাকায় ভোরবেলায় গাছের পাতার ওপর হাত দিলে নাকি ছাইয়ের পাতলা আস্তরণ আঙুলে উঠে আসে। এমনকি যারা নিয়মিতভাবে বাইরে কাজ করেন, তাঁরা নাকি নিজেদের শরীরেও কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে উড়ে আসা ছাইসহ রাসায়নিক পদার্থ প্রতিনিয়ত উপলব্ধি করেন। একসময় যেই ডাবগাছগুলোতে এক থেকে দেড়শ ডাব অনায়াসে পাওয়া যেত, সেগুলো এখন শুকিয়ে যাচ্ছে। জেলেরা জানাচ্ছিলেন যে, কয়লা বিদ্যুৎকেন্দ্র হওয়ার আগে একেকবার জাল ফেলে ১৫ কিংবা ২০ কেজি পর্যন্ত মাছ তাঁরা ধরতে পারতেন, আর এখন বিদ্যুৎকেন্দ্রের ছাই, বর্জ্য, দূষণ পাশের নদী আর সাগরে ছড়িয়ে পড়ার কারণে সারাদিন জাল ফেলেও নাকি পাওয়া যায় না আধা কেজি মাছ। মাঝে মধ্যে কোরাল আর হরুল মাছ জেলেরা মরা অবস্থায় সাগরে ভাসতে দেখেন। ভুক্তভোগী এক বাবা জানাচ্ছিলেন যে, সেখানকার শিশুরা এখন জন্মগত নানা অসুখ নিয়ে জন্মাচ্ছে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া আর নানা অসুখের চিকিৎসা করাতে নাকি জন্মের আগেই বাবা-মায়ের হাতে অন্তত দুই লক্ষ টাকা জোগাড় করে রাখতে হয়।

মাতারবাড়ীকে সিঙ্গাপুর বানিয়ে দেবার স্বপ্ন দেখিয়ে, জিডিপি বৃদ্ধির গল্প শুনিয়ে, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের মিথ্যা আশ্বাস দিয়ে সেখানকার মানুষকে মূলত ফাঁদে ফেলা হয়েছে। সেখানে চোখের সামনে মানুষ দেখেছে প্রকল্পের জন্য কোহেলিয়া নদীর বুকে মাটি ফেলে রাস্তা করতে আর প্রকল্প নির্মাণকালীন সময়ে টনকে টন বর্জ্য ফেলে নৌ-চ্যানেলকে ভরাট করে ফেলতে। পুনর্বাসনের লোভ দেখিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বলা হয়েছিল, ঘর পছন্দ না হলে চাবি ফেরত দিতে পারার সুবিধার কথা। অথচ একসময়কার খোলা উঠান, নিজস্ব বাগান, হাঁস-মুরগি পালনের জায়গা নিয়ে থাকা মুক্ত মানুষজন যখন ছোট ছোট দুটি ঘর আর এর চেয়েও ছোট একটি রান্নাঘরের খুপড়িতে আটকে পড়লেন, তখন তাঁরা আবিষ্কার করলেন যে, তাঁদের অভিযোগ শোনার জন্য কেউ কোথাও নেই।
মাতারবাড়ীতে স্থানীয়দের জন্য একর প্রতি ক্ষতিপূরণ ধার্য করা হয়েছিল ২৭ লক্ষ টাকা। কিন্তু এই টাকা উঠাতে নানা ধাপে বিভিন্নজনকে ঘুষের টাকা দেওয়া, দালালির খরচ মেটানো, কক্সবাজারে গিয়ে দিনের পর দিন থেকে নানা জনকে ধরাধরি আর তদবিরে টাকা খরচ করতে করতে তাঁদের ৫০ থেকে ৬০ ভাগ টাকাই নাকি খরচ করে ফেলতে হয়েছে। সেখানে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে তাঁদের লবণ চাষ বন্ধ হয়ে গেছে, নদী আর সাগরে মাছের জোগান কমে গেছে, মাঠের ফলনে ধস নেমেছে। একদিকে তাঁরা জমি হারিয়েছেন, অন্যদিকে জীবিকার সংস্থান হারিয়ে বাধ্য হয়েছেন ক্ষতিপূরণের টাকা ভেঙে খরচ করে ফেলতে। এলাকার অনেকেই এরই মধ্যে কাজের খোঁজে চলে গেছেন চট্টগ্রাম কিংবা ঢাকায়। তাঁদের কেউ গার্মেন্টসে কাজ নিয়েছেন, কেউ চালাচ্ছেন রিকশা, কেউ করছেন বাসের হেলপার, আবার কেউবা করছেন হকারি। আর অন্যদিকে সরকার যখন হকারের বিক্রি করতে বসা ফলের ঝুড়ি, সবজির টুকরি আর ফুচকার গাড়ির ওপর বুলডোজার উঠিয়ে দিচ্ছে, রিকশা চালনায় বিধিনিষেধ আরোপ করছে, তখন কিছু মানুষকে দেখা যাচ্ছে শহরের গরিবদের ওপর বিরক্তি ঝেড়ে তাঁদের গ্রামে ফিরে যাবার উপদেশ দিতে।
রাষ্ট্রীয় জুলুমের পালে হাওয়া দিতে থাকা এসব মানুষদের জানা দরকার যে, বিষাক্ত বাতাস, দুর্গন্ধযুক্ত পানি আর চারদিকে নোংরা ছড়ানো শহরগুলোতে কেউ শখ করে রিকশা চালাতে কিংবা বাদাম-বুট বিক্রি করতে আসে না। বরং কখনো অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে, কখনও বা বিদ্যুৎকেন্দ্র তৈরির নামে, এলপিজি টার্মিনাল বানাতে, বিষাক্ত বর্জ্য উৎপাদনকারী শিল্পকারখানা বসিয়ে, ইটভাটা বসানোসহ নানা ফন্দি-ফিকিরের চক্করে প্রান্তে থাকা মানুষদের জমি দখল করা হয়, মাটি চাষবাসের অনুপযুক্ত করে ফেলা হয়, পানির উৎসে মেশানো হয় বিষ। ফলে তৈরি হয় নিঃস্ব মানুষের কাফেলা, যারা শহরে আসতে বাধ্য হন গরিব পরিচয়ের পোশাক পরে। ফুলবাড়ীর কয়লা উত্তোলন প্রকল্প নিশ্চিতভাবেই এমন একই চক্র চালু করবে, যার মাধ্যমে আশঙ্কা আছে যে, কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে নিজেদের জল-জমি-জীবিকার ওপর অধিকার হারিয়ে উদ্বাস্তু হিসেবে ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্য কোনো শহরমুখী কাফেলায় নিজেদের নাম লেখাবেন।
সাহসের রাজধানী এখনও ফুলবাড়ী
২০০৬ সালে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নামে নিজেদের পৈতৃক ভিটেমাটি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যে মোতায়েন করা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন ফুলবাড়ী, বড়পুকুরিয়া, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ এবং তৎসংলগ্ন এলাকার মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনের এক চরমতম পর্যায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-নেতৃত্বাধীন সরকার ও স্থানীয় আন্দোলনকারীদের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ‘ফুলবাড়ী ৬-দফা চুক্তি’, যেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চিরতরে বন্ধের অঙ্গীকার করা হয়েছিল। সেই বিজয় কেবল ফুলবাড়ীবাসীর নিজেদের জমি ও সম্পদকেই রক্ষা করেনি, বরং পুরো দেশের পরিবেশগত নিরাপত্তার দিক থেকেও চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ।
ফুলবাড়ীতে গড়ে ওঠা গণপ্রতিরোধের কার্যকারণ খুঁজে পাওয়া যায় সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টগুলোতেও। যেমন, বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে গঠিত অধ্যাপক নুরুল ইসলামের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়েছে যে, কয়লা খনি প্রকল্পের খনন নির্বিঘ্ন করতে এবং খনি এলাকা শুকনো রাখতে প্রতি সেকেন্ডে ৭ হাজার লিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ফেলার যে প্রয়োজন হবে, তার ফলে খনির কেন্দ্র থেকে এলাকার চারদিকে ৩১৪ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত বিভিন্ন গভীরতায় পানির স্তর নিচে নেমে যাবে এবং এর ফলে ২০০৬ সালের পরিসংখ্যান ও জনঘনত্ব অনুসারেই কমপক্ষে ২ লক্ষ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে (নুরুল ইসলাম কমিটি রিপোর্ট, পৃষ্ঠা ১৪৩)। ২০ বছর পরে এসে কেবলমাত্র পানিশূন্যতায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাই নিশ্চিতভাবে আগের থেকে বেড়ে গেছে কয়েক গুণ। এটি ছাড়াও একই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে যে, খনি কার্যক্রম চলার কারণে ভূ-উপরিস্থিত নানা ধরনের দূষিত পদার্থ মাটির নিচে এবং চারপাশে ছড়িয়ে পড়ে দূষণের ভয়াবহতা বৃদ্ধি করতে পারে। অন্যদিকে ২০১২ সালে মোশাররফ হোসেনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে নির্দিষ্ট করে বলা হয়েছে যে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন অর্থ সাশ্রয়ী হলেও পরিবেশগতভাবে ধ্বংসাত্মক (মোশাররফ হোসেন কমিটি রিপোর্ট, পৃষ্ঠা ৪৯)। প্রতি এক টন কয়লা তুলতে যে ২৫ টনের মতো মাটি, পাথর, বালু ও বর্জ্য সরাতে হবে এবং সেগুলো যে আশপাশের জমিতে, জলাশয়ে, পানির উৎসে নানা মাত্রায় দূষণ ছড়াবে, সে বিষয়েও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
একই রিপোর্টে স্থানীয় ১০ লক্ষ মানুষকে স্থানান্তরের প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে (মোশাররফ হোসেন কমিটি রিপোর্ট, পৃষ্ঠা ৩০)। এখন প্রশ্ন হচ্ছে, পূর্বের পরিকল্পনা অনুসারে যে ৬ হাজার ৬৮৮ হেক্টর কৃষিজমিকে কয়লা খনির জন্য কাজে লাগানোর কথা উল্লেখ করা হয়েছিল, সেই বিশাল এলাকার তিন ফসলি জমির ধানের আবাদ, আলু, মরিচ, সবজি সহ সব নানা চাষাবাদের ক্ষতির অঙ্ক মিলানো হবে কোন হিসাবের খাতায়? কয়েক লক্ষ পরিবারের পুনর্বাসন হবে কোন এলাকায়? কয়লার বিষে আমাদের জমির আবাদ শেষ হয়ে গেলে, নদীর মাছ মরে ভেসে উঠলে, মিঠাপানির উৎস নষ্ট হয়ে গেলে আমরা বেঁচে থাকব কীসের আশা-ভরসায়?

একদিকে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের আয়োজনের চক্করে কয়েক লক্ষ মানুষের জীবন আর জীবিকার শেকড় উপড়ে ফেলে তাঁদের উদ্বাস্তু করার পাঁয়তারা, আর অন্যদিকে একই সময়ে পেটেভাতে বেঁচে থাকার সামান্য আকুতি নিয়ে শহরে জড়ো হওয়া রিকশাশ্রমিক আর হকারদের উচ্ছেদের নির্মমতা এবং গার্মেন্টস কর্মীদের ওপর নিপীড়ন, আগ্রাসন আলাদাভাবে দেখার সুযোগ নেই। বিগত কয়েক মাসের কর্মকাণ্ডে ইতোমধ্যেই এটা স্পষ্ট যে, বর্তমান সরকারের মহাপরিকল্পনায় গরিব, শ্রমিক, কৃষক, হকার, টং দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী আর প্রান্তিক মানুষদের কোনো স্থান নেই।
বর্তমান সরকারের কয়লা উত্তোলনের ইশারা মূলত জনরায়কে অস্বীকার করার দুঃসাহস। ২০০৬ সালে তরিকুল, আল আমিন, সালেকিনের রক্তে ভেজা জমিনে দাঁড়িয়ে ফুলবাড়ীর মানুষ বাধ্য করেছিল জনতার সামনে ক্ষমতার মাথাকে নোয়াতে, সরকার বাধ্য হয়েছিল ফুলবাড়ীর মানুষের সঙ্গে জল-জমি-জীবন-জীবিকা রক্ষার চুক্তিপত্রে স্বাক্ষর করতে। বিশ বছর পরে এসে সেই চুক্তি থেকে সরে যাবার ইশারা বাংলাদেশের মানুষের জন্য এক অশনি সংকেত, যা ক্ষমতার সঙ্গে জনতার সম্পর্কের সংকটকেই তীব্রভাবে নির্দেশ করছে। যে সরকার রক্তে লেখা ফুলবাড়ী চুক্তি ভঙ্গের ফন্দি আঁটার রাস্তায় হাঁটতে পারে, সেই সরকার হাজারো শহীদের রক্তে অর্জিত ২৪-পরবর্তী গণতান্ত্রিক পুনর্জাগরণের জমিনে নতুন করে লুটপাটের মহোৎসব চালু করবে না—এমনটা বিশ্বাস করার কোনো কারণ আছে কি?
___________________________
লেখক: লেখক ও গবেষক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



