মওলানা ভাসানীর জমিদারবিরোধী আন্দোলনের অনালোকিত আখ্যান

আজাদ খান ভাসানী
আজাদ খান ভাসানী
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৭পরিবর্তন করতে ক্লিক করুন
মওলানা ভাসানীর জমিদারবিরোধী আন্দোলনের অনালোকিত আখ্যান

মওলানা ভাসানী│ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করা, ভূমিবিরোধ ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানো এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের সন্তোষ–কাগমারী, জয়পুরহাটের মহীপুর–বীরনগর ও বগুড়ার কাঞ্চনপুরের ঘটনাপ্রবাহে উঠে আসে তাঁর জমিদারবিরোধী আন্দোলনের অনালোকিত আখ্যান।

জমিদারদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের কথা লোকজন কমই জানে। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সংগঠিত করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। এখান থেকেই তিনি তত্ত্ব নিয়েছেন। কীভাবে জমিদারদের বিরুদ্ধে মানুষকে জাগিয়েছিলেন, কীভাবে কৃষকদের নিয়ে একের পর এক আন্দোলন গড়ে তুলেছিলেন, তার ইতিহাস খুব বেশি আলোচনায় আসেনি।

টাঙ্গাইলের সন্তোষ–কাগমারী থেকে জয়পুরহাটের মহীপুর–বীরনগর, আর বগুড়ার কাঞ্চনপুর—এই তিন অঞ্চলের ঘটনা তাঁর আন্দোলনের পথ, কৌশল আর কৃষকের অধিকার আদায়ে এক আপসহীন নেতার সংগ্রামী জীবন তুলে ধরে। তিনি প্রথমে স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। মাজার ও মসজিদে অবস্থান করতেন। ইমামতি ও শিক্ষকতার মাধ্যমে মানুষের কাছাকাছি যেতেন। এরপর কৃষকদের সমস্যা, জমিদারি শোষণ ও অধিকারহীনতার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতেন।

সন্তোষ–কাগমারী পর্ব

১৯০৯ সালে মওলানা ভাসানী প্রথম টাঙ্গাইলের কাগমারীতে আসেন। সেখানে পীর শাহজামান কাশ্মীরী (রহ.)-এর মাজারে অবস্থান নেন। পীর শাহজামান কাশ্মীরী ছিলেন সম্রাট আওরঙ্গজেবের সমসাময়িক ও সতীর্থ। সম্রাট তাঁকে ২২টি গ্রামসহ কাগমারী পরগনা তাম্রপত্রের মাধ্যমে দান করেন। কাগমারীতে ভাসানী মাজার সংলগ্ন মসজিদে ইমামতি শুরু করেন। পাশাপাশি স্থানীয় মক্তবে শিক্ষকতা করেন। এভাবেই তিনি স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং মানুষের জীবনযাপন, সমস্যা ও জমিদারি শোষণের বাস্তব চিত্র জানার সুযোগ পান।

সন্তোষের জমিদারি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জমিদারি শোষণ সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেন। ভূমিবিরোধ, জমিদারদের অত্যাচার এবং কৃষকদের অধিকারহীনতার বিরুদ্ধে সক্রিয় হন। পাশাপাশি অধিকার আদায়ে আইনি পথ অনুসরণের উদ্যোগও নেন। এ কারণে স্থানীয় জমিদারদের বিরাগভাজন হন।

তাঁকে বহিরাগত আখ্যা দিয়ে টাঙ্গাইল থেকে বিতাড়নের চেষ্টাও করা হয়। পরবর্তী সময়ে কাগমারী পরগনার গোয়ালপাড়া গ্রামের আশেক হাজী তাঁকে প্রায় তিন বিঘা জমি লিখে দেন। তিনি ওই জমির খাজনা পরিশোধ করে স্থানীয় সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করেন। ১৯৩৩ সালের দিকে তিনি দিঘুলিয়া গ্রামের আবদুর রহমান মীরের কন্যা আকলিমা খাতুনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর আকলিমা খাতুন মৃত্যুবরণ করেন।

পরবর্তী সময়ে খোশনদপুর গ্রাম (যা বর্তমানে সন্তোষ নামে পরিচিত) তাঁর অন্যতম কর্মক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পীর শাহজামানের ইসলামী মিশনের ঐতিহ্যকে সামনে রেখে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা ও উদ্যোগ গড়ে ওঠে। শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণ ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেন। তাঁর অসিয়ত অনুযায়ী, মৃত্যুর পর তাঁকে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরেই সমাহিত করা হয়।

মহীপুর–বীরনগর পর্ব

কাগমারীর আন্দোলনকালীন জমিদারদের বিরাগভাজন হয়ে মওলানা ভাসানী একপর্যায়ে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় চলে যান। সেখানে পাথরঘাটায় নিমাই শাহের মাজারে আশ্রয় নেন বলে জানা যায়। স্থানটি ধর্মীয় ঐতিহ্য ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্যও গুরুত্বপূর্ণ। জায়গাটি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তিস্থল। কাগমারীর মতো এখানেও তিনি মাজারকেন্দ্রিক পরিবেশে অবস্থান করেন। মসজিদে ইমামতি ও শিক্ষাদানের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

এ সময় বীরনগরের তালুকদার সামির উদ্দিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। স্থানীয় বিবরণ অনুযায়ী, সামির উদ্দিন ছিলেন প্রজাহিতৈষী ও কৃষকবান্ধব ব্যক্তিত্ব। জমিদারদের সঙ্গে বিরোধ এবং কৃষকদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় ভাসানী তাঁর সঙ্গে যুক্ত হন। ১৯১৮ সালে সামির উদ্দিনের সঙ্গে তিনি প্রথমবার হজ পালন করেন। পরে সামির উদ্দিনের কন্যা আলেমা খাতুনের গৃহশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২৫ সালে তাঁকে বিয়ে করেন। আলেমা খাতুন ছিলেন মওলানা ভাসানীর প্রথম স্ত্রী।

আলেমা খাতুনের কাছ থেকে পাওয়া প্রায় ৬০ বিঘা জমিতে পাঁচবিবির মহীপুরে তিনি হক্কুল এবাদ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের অধীনে স্কুল, কলেজ, কৃষি উদ্যান ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। মহীপুর–বীরনগর পর্বের বিশেষ গুরুত্ব এখানেই। এখানে তিনি স্থানীয় নেতৃত্বের সহযোগিতা নিয়ে শিক্ষা, কৃষি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। অর্থাৎ, শুধু জমিদারি শোষণের বিরুদ্ধে আন্দোলন নয়, মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য প্রতিষ্ঠান নির্মাণও তাঁর কর্মপরিকল্পনার অংশ ছিল।

কাঞ্চনপুর পর্ব 

ত্রিশের দশকে টাঙ্গাইল থেকে পুনরায় বিতাড়িত হওয়ার পর একপর্যায়ে মওলানা ভাসানী বগুড়া জেলার আদমদীঘি থানার কাঞ্চনপুর এলাকার পারসুন গ্রামে আশ্রয় নেন। সেখানে একটি পুরোনো মসজিদ ও মাজার ছিল। স্থানীয় বিবরণ অনুযায়ী, পারস্য থেকে আগত সুফি দরবেশ শাহ কদম আলী (রহ.) ও শাহ মোবারক আলী (রহ.) সেখানে মসজিদ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার করেন। তাঁদের সমাধিসহ কয়েকটি কবর এখনো সেখানে রয়েছে। প্রচলিত বিবরণ অনুযায়ী, মসজিদটি একসময় জঙ্গলে আচ্ছাদিত ও প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। ভাসানীর উদ্যোগে স্থানীয় মানুষ জঙ্গল পরিষ্কার করেন। এতে মসজিদ ও সমাধিগুলো দৃশ্যমান হয়। এরপর তিনি সেখানে নামাজ আদায় ও ইমামতির দায়িত্ব পালন করেন। সেখানে গম্বুজবিশিষ্ট মসজিদটি মোগল আমলে নির্মিত বলে ধারণা করা হয়।

এখানে এসে ভাসানী মসজিদ ও মাজারের সম্পত্তির অধিকার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। মসজিদ ও মাজার সংশ্লিষ্ট লাখেরাজ সম্পত্তির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধ দেখা দিলে তিনি ওই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করেন বলে স্থানীয় বিবরণে উল্লেখ রয়েছে। এ নিয়ে স্থানীয় মহারাজার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ শুধু ধর্মীয় সম্পত্তির মালিকানার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে স্থানীয় ক্ষমতাকাঠামো, ভূমির অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে পড়ে।

এ সময় কাঞ্চনপুরের জোতদার ও কৃষকনেতা কাশেম আলী সরকার তাঁর পাশে দাঁড়ান। কাশেম আলী সরকার জোতদার শ্রেণির মানুষ হয়েও কৃষকদের প্রতি সহানুভূতিশীল ও সমাজ হিতৈষী হিসেবে পরিচিত ছিলেন। কৃষকদের সমস্যা ও জমিদারবিরোধী আন্দোলনের সূত্রে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে ভাসানী তাঁর বাড়িতেও আশ্রয় নেন।

স্থানীয় কৃষকদের সংগঠিত করতে ভাসানীর উদ্যোগে ওই অঞ্চলে একটি বড় কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে কৃষকরা নিজেদের সমস্যা নিয়ে একত্রিত হওয়ার সুযোগ পান। পরবর্তী সময়ে কাশেম আলী সরকারের কন্যা উমিলা খাতুনকে ভাসানী বিয়ে করেন। বিয়ের পর তাঁর নাম রাখেন হামিদা খানম। তিনি ছিলেন মওলানা ভাসানীর তৃতীয় স্ত্রী।

পারসুন–কাঞ্চনপুর পর্বে ধর্মীয় স্থানের পুনরুজ্জীবন, সম্পত্তির অধিকার রক্ষা, স্থানীয় নেতৃত্বের সহযোগিতা এবং কৃষকদের সংগঠিত করার উদ্যোগ একসঙ্গে দেখা যায়। এখানে মসজিদ ও মাজার শুধু ধর্মীয় কর্মকাণ্ডের স্থান ছিল না। এগুলো স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল।

তবে তিনটি অঞ্চলে তাঁর কর্মকাণ্ডের ধরনে কিছু পার্থক্য ছিল। কাগমারীতে ইতিহাস ভাবনা ও কৃষকের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছিল। মহীপুর–বীরনগরে স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ ছিল লক্ষণীয়। আর কাঞ্চনপুরে ধর্মীয় সম্পত্তির অধিকার রক্ষা এবং কৃষকদের সম্মেলনের মাধ্যমে সংগঠিত করার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

মওলানা ভাসানীর জমিদারবিরোধী আন্দোলনের ইতিহাস একরৈখিক ছিল না। ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য, শিক্ষা, স্থানীয় নেতৃত্ব এবং কৃষক সংগঠন—সবকিছুকে এক সুতোয় গেঁথে তিনি আন্দোলনের ভিত তৈরি করেছিলেন। এভাবেই স্থানীয় মানুষের জীবন ও অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাঁর জমিদারবিরোধী সংগ্রাম।

____________
লেখক: সদস্য সচিব, ভাসানী পরিষদ


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: