তুলির আঁচড়ে সাম্রাজ্যবাদ: কোলেসওয়ার্দি গ্র্যান্টের ‘রুরাল লাইফ ইন বেঙ্গল’


কোলেসওয়ার্দি গ্র্যান্ট
ইংল্যান্ডে বসে কোলেসওয়ার্দি গ্র্যান্ট-এর বোনেরা যখন ‘মনোহর’ বাংলার গল্প পড়ছিলেন, তখন এই বাংলার মাটিতেই রেললাইন আর নীলকুঠি গড়ার নামে উচ্ছেদ হচ্ছিলেন দরিদ্র চাষি ও আদিবাসীরা। আজ নীলকররা নেই, কিন্তু ‘উন্নয়ন’-এর নামে জমি ছিনতাই আর বহুজাতিক কর্পোরেশনের দাপটে সেই বঞ্চনার আর্তনাদ আজও এই উপমহাদেশের গ্রামে গ্রামে প্রতিধ্বনিত হয়।
১৮৬০ সালে ইংল্যান্ডে থাকা বোনদের উদ্দেশে লেখা চিঠিতে বাংলার গ্রামীণ জীবনের ছবি এঁকেছিলেন ব্রিটিশ শিল্পী কোলেসওয়ার্দি গ্র্যান্ট। কিন্তু সেই আপাত-নির্দোষ ক্যানভাসের আড়ালে লুকিয়ে ছিল প্রাক-ঔপনিবেশিক বাংলার নিখোঁজ কারিগরি অতীত, জমিদার-নীলকরদের যৌথ দোর্দণ্ডপ্রতাপ আর ঔপনিবেশিক মননের এক সূক্ষ্ম রাজনীতি।
উনিশ শতকের মধ্যভাগ। মহাবিদ্রোহের উত্তাপ তখনও পুরোপুরি স্তিমিত হয়নি। ঠিক সেই সন্ধিক্ষণে, ১৮৬০ সালে লন্ডন ও কলকাতা থেকে ডব্লিউ. থ্যাকার অ্যান্ড কোং প্রকাশ করল একটি চমকপ্রদ বই, ‘রুরাল লাইফ ইন বেঙ্গল’। লেখক ব্রিটিশ শিল্পী কোলেসওয়ার্দি গ্র্যান্ট। ইংল্যান্ডে থাকা তাঁর বোনদের কাছে লেখা চিঠির সংকলন এই বইটিতে উঠে এসেছে বাংলার নীলকুঠি, গ্রামীণ জনপদ, নদী-নৌকা, উৎসব, শিক্ষাব্যবস্থা, বিচারব্যবস্থা, এমনকি রোমাঞ্চকর কুমির শিকারের বিবরণও। প্রথম দেখায় বইটিকে একজন রসিক, সংবেদনশীল বিদেশির ভ্রমণবৃত্তান্ত বলেই মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে তাকালেই বোঝা যায়, এই আপাত-নির্দোষ বর্ণনার পরতে পরতে জড়িয়ে রয়েছে তিনটি জটিল ঔপনিবেশিক ধারণা—প্রাক-ঔপনিবেশিক বাংলার নিখোঁজ কারিগরি অতীত, সার্বভৌম গ্রাম্যতার লুপ্ত ধারণা আর প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি। গ্র্যান্টের তুলিকলম একদিকে যেমন বাংলার গ্রামকে রোমান্টিকতার আড়ালে রহস্যময় হিসেবে এঁকেছে, অন্যদিকে পরোক্ষভাবে বৈধতা দিয়েছে ব্রিটিশ শাসনের তথাকথিত ‘সভ্যতার বোঝা’ তত্ত্ব বা সিভিলাইজিং মিশনকে।
গ্র্যান্টের গ্রামীণ অর্থনীতির বর্ণনায় সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো বাংলার ঐতিহ্যবাহী কারিগর শ্রেণির প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি। তিনি অক্লান্ত পরিশ্রমে লিখেছেন ধান, পাট, সরষে, তিল, আখ, তামাক আর নীলচাষ ও প্রক্রিয়াকরণের খুঁটিনাটি। অথচ যে বাংলার তাঁত, রেশম ও ধাতব শিল্প মাত্র কয়েক দশক আগেও বিশ্ববাজারে দাপিয়ে বেড়াত, সেই বাংলার তাঁতি, কামার, কুমোর, পটুয়া, চর্মকার কিংবা রেশম কারিগরদের কোনো স্বতন্ত্র উল্লেখ তাঁর বইয়ে নেই। ব্যতিক্রম বলতে নীলকুঠির সেই কয়েকজন ‘মিস্ত্রি’ ও ‘কামার’, যাঁদের কাজ ছিল কেবল কারখানার যন্ত্রপাতি মেরামত করা।
বইটিতে ১৬৬টি অসাধারণ খোদাইচিত্র বা এনগ্রেভিং রয়েছে। সেখানে নৌকা আছে, লাঙল আছে, ঢেঁকি আছে, নীল তৈরির যন্ত্র, পাগড়ি, এমনকি কুমিরের খুলিও বাদ পড়েনি, কিন্তু একটি কর্মরত তাঁত বা তাঁতির ছবি নেই। এই নীরবতা নিছক কাকতালীয় নয়। ১৮১৩ সালে বাণিজ্যের উদারীকরণ এবং ১৮৩০-এর দশক থেকে ল্যাঙ্কাশায়ারের বস্ত্রের ব্যাপক আমদানি বাংলার কারিগরিকে ধ্বংসের কিনারায় ঠেলে দিয়েছিল।
গ্র্যান্টের চুপ থাকা সেই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞেরই এক নীরব স্বীকৃতি। বইয়ের ভূমিকায় তিনি দাবি করেছিলেন, তিনি কেবল যা দেখেছেন, তা-ই লিখেছেন। কিন্তু ব্রিটিশ শাসনের ‘আধুনিকীকরণ’ ও ‘উন্নয়ন’-এর গল্পের সঙ্গে যেহেতু দেশীয় কারুশিল্পের ঐতিহ্য খাপ খায়নি, তাই তাঁর শিল্পী-চোখ সেদিকে তাকানোর প্রয়োজনও বোধ করেনি।
ব্রিটিশ শাসনব্যবস্থায় ‘আইনের শাসন’-এর যতই জয়গান গাওয়া হোক না কেন, উনিশ শতকের বাংলার গ্রামে প্রকৃত ক্ষমতা ছিল জমিদার ও নীলকরদের হাতেই। গ্র্যান্টের লেখায় তাই নেই ‘সার্বভৌম গ্রাম্যতা’র ছবি। তিনি জানাচ্ছেন, জমিদার বা তাঁর নায়েবরা বিঘাপ্রতি ছয় থেকে আট আনা, কখনো বারো আনা হারে রায়তদের জমি পাট্টা দিতেন। কিন্তু শোষণের আসল ফাঁদ ছিল অন্যত্র—সুদখোর মহাজনের চক্রবৃদ্ধি ঋণ, ফসল তোলার আগেই তা বন্ধক রাখা এবং বেআইনিভাবে জমিদারের খাজনা বৃদ্ধি। ১৮২৫ সালের ‘নোটস অন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স’ উদ্ধৃত করে গ্র্যান্ট দেখিয়েছেন, তখনও গ্রামের অবস্থা বিন্দুমাত্র বদলায়নি: জমিদারের সংসারে একটি সন্তানের জন্ম, পুত্র-কন্যার বিবাহ কিংবা কারও মৃত্যু, সবকিছুরই মাশুল গুনতে হতো অসহায় রায়তকে।
এই অরাজকতায় সরকারি পুলিশ বা দারোগার ভূমিকা ছিল আরও ভয়াবহ। গ্র্যান্টের ভাষায়, গ্রামবাসীরা দারোগা ও তাঁর পুলিশ বাহিনীকে ডাকাত দলের মতোই ভয় ও ঘৃণা করত। জমিদার ও নীলকররা ঘুষ দিয়ে অনায়াসে মামলা জিতে নিতেন। আশ্চর্যের বিষয় হলো, গ্র্যান্ট নিজেই স্বীকার করেছেন যে সরকারি বিচারব্যবস্থা অকার্যকর ছিল এবং মধ্যস্থতাকারী হিসেবে একজন নীলকর সাহেব বেতনভোগী ম্যাজিস্ট্রেটের চেয়ে অনেক বেশি কার্যকর বিচারক হয়ে ওঠেন। অর্থাৎ ব্রিটিশ প্রশাসনের নিচে নীলকর-জমিদাররাই ছিলেন গ্রামের প্রকৃত ‘সার্বভৌম’ শাসক।
তবে গ্র্যান্টের বইয়ের সবচেয়ে সাহসী ও গুরুত্বপূর্ণ দিক হলো নীলকরদের কুখ্যাত ‘দস্তুর’ প্রথার স্বীকৃতি, যা বহু সরকারি রিপোর্টে সযত্নে অস্বীকার করা হতো। পাবনা জেলার উদাহরণ দিয়ে তিনি লিখেছেন, নীলচাষিরা যে অগ্রিম পেতেন, তার অর্ধেক, এক-তৃতীয়াংশ বা তারও কম তাঁদের হাতে থাকত; বাকিটা গ্রাস করত কারখানা কর্তৃপক্ষ। ব্রিটেনে এমনটা ঘটলে কী হতো, সেই প্রশ্নও তিনি তুলেছেন। কিন্তু এই শোষণের কাঠামোগত মূল উপড়ে ফেলার বদলে তিনি সমাধান খুঁজেছেন উপনিবেশিত জনতাকে ‘শিক্ষা’দানের ‘মিশনারি’ প্রচেষ্টায়।
গ্র্যান্টের প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি কাজ করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে। একদিকে তিনি মুলনাথের বাগান, হাসপাতাল, স্কুল, গির্জা, নদী-খাল-বিল আর গ্রীষ্মের ঝড়ের মায়াময় বর্ণনা দিয়ে পাঠককে মুগ্ধ করেছেন। কুমিরের মতো হিংস্র প্রাণীকেও বানিয়ে তুলেছেন রোমাঞ্চকর শিকারের উপাদান। এই নান্দনিক রোমান্টিকতার আড়ালে চাপা পড়ে গিয়েছে গ্রামীণ দারিদ্র্যের করুণ বাস্তবতা।
অন্যদিকে, বইটির ভূমিকায় তিনি নিজেকে ‘দরিদ্রের পতাকাতলে’ তালিকাভুক্ত করার দাবি করেছেন। কিন্তু দরিদ্রদের হয়ে লড়াইয়ের যে পথ তিনি বেছে নিয়েছেন, তা ছিল সম্পূর্ণ নিরাপদ। যেখানে তিনি শোষণের অংশীদার মিশনারি ও নীলকরদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। বাল্যবিবাহ, বিধবাদের দুর্দশা, কুসংস্কার কিংবা অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, সতীদাহ প্রথা বিলোপের জন্য লর্ড বেন্টিঙ্কের প্রশংসা করেছেন। কিন্তু সেই সমালোচনার সুরে ছিল ‘সভ্য’ ব্রিটিশ অহংকার। তিনি দাবি করেছেন, প্রাচীনকালে হিন্দু নারীদের অবস্থা ভালো ছিল, কিন্তু মুসলিম আক্রমণের পর তা নষ্ট হয়ে যায়। যেন ব্রিটিশরাই এসে সেই হারানো সভ্যতা ফিরিয়ে আনছে। তাঁর লেখায় সবচেয়ে প্রকট হয়ে উঠেছে উপনিবেশের শিকার ব্যক্তির প্রতিই দোষারোপ বা ভিকটিম ব্লেমিংয়ের প্রবণতা। একদিকে তিনি দস্তুর ও মহাজনি শোষণের কথা বলছেন, অন্যদিকে সেই শোষিত রায়তদেরই দাগিয়ে দিচ্ছেন ‘অশিক্ষিত’, ‘ভাগ্যবাদী’, ‘অলস’ ও ‘অসত্যবাদী’ হিসেবে। পাশাপাশি, তাঁর পুরো ক্যানভাসজুড়ে গ্রামীণ নারী, দলিত ও আদিবাসীরা রয়ে গিয়েছেন সম্পূর্ণ অদৃশ্য।
প্রায় ১৬৫ বছর আগে প্রকাশিত এই বইটি আজ আর কেবল একটি ঐতিহাসিক দলিল নয়, বরং আজকের সময়েরও একরকম আয়না। আজও ‘গ্রামীণ অর্থনীতি’ বলতে আমরা মূলত কৃষিকেই বুঝি, কারিগরি বা হস্তশিল্পকে নয়। এই ধারণার শিকড় প্রোথিত রয়েছে গ্র্যান্টের মতো ঔপনিবেশিক লেখকদের বয়ানেই। আজকের বহু তথ্যচিত্র, আলোকচিত্র কিংবা উন্নয়নকামী এনজিও প্রতিবেদনে সেই ‘নিরপেক্ষ শিল্পী’র মুখোশ দেখা যায়, যেখানে নিম্নবর্গীয় মানুষের জীবন নান্দনিকভাবে চিত্রিত হয়, কিন্তু তাঁদের রাজনৈতিক সংগ্রাম থাকে উপেক্ষিত।
গ্র্যান্ট কখনো প্রশ্ন তোলেননি, কেন ব্রিটিশ সরকার নীলকরদের শোষণকে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় দিয়েছিল? কেন একজন ইংরেজ প্ল্যান্টার একাধারে বিচারক, জুরি ও শাস্তিদাতা হতে পারতেন? ইংল্যান্ডে বসে তাঁর বোনেরা যখন ‘মনোহর’ বাংলার গল্প পড়ছিলেন, তখন এই বাংলার মাটিতেই রেললাইন আর নীলকুঠি গড়ার নামে উচ্ছেদ হচ্ছিলেন দরিদ্র চাষি ও আদিবাসীরা। আজ নীলকররা নেই, কিন্তু ‘উন্নয়ন’-এর নামে জমি ছিনতাই আর বহুজাতিক কর্পোরেশনের দাপটে সেই বঞ্চনার আর্তনাদ আজও এই উপমহাদেশের গ্রামে গ্রামে প্রতিধ্বনিত হয়। কোলেসওয়ার্দি গ্র্যান্টের ‘শিল্পীর চোখ’ তাই আজও আমাদের সতর্ক করে, জানান দেয় যে নান্দনিকতার রঙিন আবরণে ঢাকা রাজনৈতিক নির্বিকারতা আসলে শেষ পর্যন্ত শোষণেরই সহায়ক হয়ে ওঠে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



