ভোট দেখতে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮পরিবর্তন করতে ক্লিক করুন
ভোট দেখতে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক
শেয়ার করুন:

ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক মহলের নজিরবিহীন আগ্রহ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই দুই আয়োজন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের দশম নির্বাচনে মাত্র ৪ জন এবং ২০১৮ সালের একাদশ নির্বাচনে ১৫৮ জন বিদেশি পর্যবেক্ষক এসেছিলেন। সেই তুলনায় এবারের ৩৯৪ জনের উপস্থিতি এক বড় উল্লম্ফন।

 

আগতদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ২৪০ জন দ্বিপক্ষীয় রাষ্ট্র ও ইউরোপীয় পর্যবেক্ষক। সংস্থাগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল), কমনওয়েলথ, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ওআইসি।

 

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও জাপানসহ ২১টি দেশের প্রতিনিধিরা সরাসরি ভোট পর্যবেক্ষণ করবেন।

 

এবারের বহরে বেশ কয়েকজন উচ্চপ্রোফাইল ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা এবং যুক্তরাজ্যের লর্ড রিচার্ড নিউবি অন্যতম।

 

জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, ‘এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। শুধু সংখ্যায় নয়, মানের দিক থেকেও পর্যবেক্ষকদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক।’

 

ভোটের মাঠে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ দুই হাজারের বেশি প্রার্থী লড়ছেন। একই দিনে ভোটাররা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নেও তাঁদের রায় দেবেন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ সমন্বয় সেল খোলা হয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: