নির্বাচিতদের গেজেট জারি, শপথের অপেক্ষা

স্কেচ: এআই
ইসি সচিব মো. আখতার আহমেদ জানান, নিয়মানুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদের সই করা এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন সভা শেষে এই গেজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে সংবিধান সংস্কারের প্রশ্নে জাতীয় গণভোটও অনুষ্ঠিত হয়।
তবে ২৯৯ আসনে ভোট হলেও আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
এছাড়া নির্বাচনের আগে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল। ফলে অবশিষ্ট ২৯৭ আসনের ফলাফল যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করা হয়।
ইসি সচিব মো. আখতার আহমেদ জানান, নিয়মানুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, জাতীয় গণভোটে ভোট প্রদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। তারা ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে ৭৭টি আসনে। বাকি আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দল বিজয়ী হয়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই গেজেট প্রকাশ বর্তমান কমিশনের কর্মতৎপরতার স্বাক্ষর হিসেবে দেখা হচ্ছে।
এখন জাতীয় সংসদ সচিবালয় গেজেট প্রাপ্তির পর নতুন এমপিদের শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



