বিশ্বের নজর এখন বাংলাদেশে: জেন-জি বিপ্লব পরবর্তী প্রথম ভোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্বের নজর এখন বাংলাদেশে: জেন-জি বিপ্লব পরবর্তী প্রথম ভোট
শেয়ার করুন:

রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং সিএনএনের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের এই নির্বাচনকে ‘গণতন্ত্রের অগ্নিপরীক্ষা’ এবং ‘জেন-জি প্রজন্মের মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

 

সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র নির্ধারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে আয়োজন করা হয়েছে ঐতিহাসিক গণভোট। বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

 

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম এই নির্বাচনকে ঘিরে শুধু দেশের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং সিএনএনের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের এই নির্বাচনকে ‘গণতন্ত্রের অগ্নিপরীক্ষা’ এবং ‘জেন-জি প্রজন্মের মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

 

রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই দেশটিতে স্থিতিশীল সুশাসন প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্থাটি এই নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি অনুপ্রাণিত’ নির্বাচন হিসেবেও উল্লেখ করেছে।

 

অন্যদিকে, বিবিসি তাদের লাইভ আপডেটে জানিয়েছে, আওয়ামী লীগের একসময়ের শক্ত ঘাঁটিগুলোতে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত বেশ কম। গোপালগঞ্জের মতো এলাকাগুলোতে সকালের দিকে ভোটারদের আনাগোনা ছিল নগণ্য।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশের এই ভোটকে ‘কড়া নিরাপত্তায় গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই’ হিসেবে বর্ণনা করেছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। বিশেষভাবে আলোচনায় এসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা জুলাই বিপ্লবের কারিগরদের হাত ধরে প্রতিষ্ঠিত। তবে সিএনএন তাদের এক প্রতিবেদনে মন্তব্য করেছে, বিপ্লবের পেছনে তরুণরা থাকলেও নির্বাচনের মাঠে এখনো পুরোনো ও ঐতিহ্যবাহী দলগুলোর প্রভাবই বেশি।

 

এবারের নির্বাচনে ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১ শতাংশের বেশি প্রবাসী ভোটার প্রথমবারের মতো ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিশৃঙ্খলা ঠেকাতে আকাশপথে ড্রোন এবং পুলিশ-সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতিসহ নজরদারির পাঁচটি স্তর সক্রিয় রাখা হয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: