বিএনপিকে যুক্তরাষ্ট্র ও ভারতের অভিনন্দন

মোদি বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
একই সঙ্গে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, ‘সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা।’
তিনি আরও বলেন, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সফল নির্বাচনের জন্য জনগণকে অভিনন্দন জানায়।
বার্তায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।
এদিকে বিএনপির এই বড় বিজয়ে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’
ভারত একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে উল্লেখ করে মোদি আরও বলেন, উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে তিনি বাংলাদেশের হবু সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন।
এ ছাড়া তারেক রহমানকে আলাদা বার্তায় অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন সরকারের আমলে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



