নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ চায় জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ চায় জাতিসংঘ

ছবি: উইকি

শেয়ার করুন:

'নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা ও হয়রানি নিয়ে তারা সচেতন।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার দুপুরে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ পুনর্ব্যক্ত করছে যে, নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা ও বৈষম্যের ঝুঁকিতে থাকেন, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

 

নির্বাচনের আগে নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগের কথা উল্লেখ করে জাতিসংঘ জানায়, 'নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা ও হয়রানি নিয়ে তারা সচেতন। বিশেষ করে নারী রাজনীতিক, কর্মী ও সাংবাদিকদের লক্ষ্য করে সাইবার বুলিং, ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির হার বাড়ছে।'

 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য বা অনলাইন নির্যাতনের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতা ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি বা সহিংসতা দেখানো উচিত নয়। কারণ, একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা অপরিহার্য।

 

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় আরও জানায়, তারা ধারাবাহিকভাবে নারীদের নির্বাচনী প্রতিনিধিত্ব বাড়াতে নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে। কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি ব্যক্তির সুরক্ষা দেবে বলে তারা বিশ্বাস করে। সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় জাতিসংঘ সবসময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: