ভোটের সময় যান চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গত ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যান চলাচলে কোনো বাধা থাকবে না। এছাড়া ওষুধ, চিকিৎসাসামগ্রী, সংবাদপত্র, জরুরি পণ্য সরবরাহ এবং টেলিযোগাযোগ সেবার যানবাহন চলাচল করতে পারবে।
বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীরা পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। দূরপাল্লার বাস এবং স্থানীয় পর্যায়ের প্রয়োজনীয় চলাচলেও শিথিলতা থাকবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের এজেন্টদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে তাঁরা একটি করে জিপ, কার বা মাইক্রোবাস ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রেও অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।
জাতীয় মহাসড়ক ও বন্দর এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এছাড়া স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



