আ.লীগবিহীন ভোট ‘অন্তর্ভুক্তিমূলক’ কি না, প্রশ্ন টিআইবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯পরিবর্তন করতে ক্লিক করুন
আ.লীগবিহীন ভোট ‘অন্তর্ভুক্তিমূলক’ কি না, প্রশ্ন টিআইবির
শেয়ার করুন:

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, ৩৫.৭ শতাংশ কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া ২১.৪ শতাংশ কেন্দ্রে জাল ভোট প্রদান এবং সমপরিমাণ কেন্দ্রে অনিয়ম প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে।

 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক’ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এবারের নির্বাচন প্রক্রিয়া মোটের ওপর ‘অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তমূলক’ ছিল। তবে নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনুপস্থিতি এই অন্তর্ভুক্তির সংজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করবে কি না, সেই আলোচনাও সামনে এনেছে সংস্থাটি।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগকে প্রক্রিয়ার বাইরে রেখে এই নির্বাচন প্রকৃতপক্ষে কতটা অন্তর্ভুক্তিমূলক হলো, তা নিয়ে ভবিষ্যতে আরও প্রশ্ন উঠবে।’ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক থাকলেও ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অনিয়ম ও পেশিশক্তির মহড়া লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

টিআইবির পর্যবেক্ষণে ভোটের দিনের বেশ কিছু উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ৩৫.৭ শতাংশ কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া ২১.৪ শতাংশ কেন্দ্রে জাল ভোট প্রদান এবং সমপরিমাণ কেন্দ্রে অনিয়ম প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারা, বুথ দখল এবং প্রতিপক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৪.৩ শতাংশ কেন্দ্রে। ১০.৭ শতাংশ ক্ষেত্রে রিটার্নিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

 

নির্বাচনের দিন তথ্য আদান-প্রদান ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার কথা জানিয়েছে টিআইবি। প্রায় ৭.১ শতাংশ ক্ষেত্রে ৪-জি ও ৩-জি ইন্টারনেট সেবা বন্ধ রাখা এবং সাংবাদিকদের মোটরযান চলাচলে বাধা দেওয়া হয়েছে। এ ছাড়া ভোট গণনায় জালিয়াতি এবং ব্যালট পেপার ফুরিয়ে যাওয়ার মতো বিচ্ছিন্ন কিছু ঘটনার তথ্যও তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে।

 

টিআইবি মনে করে, সামগ্রিকভাবে নির্বাচনটি একটি গণতান্ত্রিক উত্তরণের ইঙ্গিত দিলেও উল্লিখিত অনিয়মগুলো ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: