নির্বাচনে বাড়ছে সহিংসতা ও অসুস্থ প্রতিযোগিতা: টিআইবি

দেশে নির্বাচনের শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকলেও বর্তমানে সংঘাত, দলীয় কোন্দল ও সহিংসতা ক্রমান্বয়ে বাড়ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার রাজধানীর ধানমন্ডিতে ‘গণভোট ও প্রাক্-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কিন্তু বর্তমানে অর্থ, ধর্ম, পেশিশক্তি, পুরুষতন্ত্র ও গরিষ্ঠতন্ত্রই রাজনীতির মূল পুঁজিতে পরিণত হয়েছে। নারী মনোনয়নের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর অনীহা দেখা গেছে। জামায়াতে ইসলামী একজন নারীকেও মনোনয়ন না দিয়ে ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বড় দলগুলোর নারী প্রার্থীর হার মাত্র ২.৭ শতাংশ, যা হতাশাজনক।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়েও দুর্নীতি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করাকে তিনি স্বচ্ছতার অভাব ও ভবিষ্যতের জন্য মন্দ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এছাড়া নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে টিআইবি। সংস্থাটি বলছে, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কমিশনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় এবং কর্মকর্তাদের একাংশের মধ্যে নিষ্ক্রিয়তা লক্ষণীয়।
গণভোট প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনে জানানো হয়, সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব এবং দোদুল্যমানতার কারণে গণভোটের বিষয়টি জটিল ও বিতর্কিত হয়ে পড়েছে। সরকারি কর্মচারীদের প্রচারণায় যুক্ত করা এবং পরবর্তীতে অস্পষ্ট নির্দেশনা দেওয়ার ফলে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ টাইমস-এর কার্যালয় থেকে সাংবাদিকদের তুলে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টিআইবি একে গণমাধ্যমের ওপর ‘ভীতিমূলক বার্তা’ হিসেবে অভিহিত করে। টিআইবির পর্যবেক্ষণে সাতটি নির্বাচনী ও এগারোটি গণভোট সংক্রান্ত পর্যবেক্ষণ তুলে ধরা হয়, যেখানে মূলত অস্থিতিশীলতার ঝুঁকি ও নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। অনুষ্ঠানে টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



