তারেককে ট্রাম্পের অভিনন্দন: প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তিতে গুরুত্ব

স্কেচ: এআই
প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গতি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনী জয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই অভিনন্দন জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে চিঠিটি প্রকাশ করা হয়েছে।
চিঠির শুরুতে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।’ তিনি দুই দেশের অংশীদারত্বকে পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গতি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে।
পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও চিঠিতে উঠে এসেছে। ট্রাম্প লিখেছেন, ‘আমি আশা করি, আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।’ চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রীর আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা দুই দেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন এবং শক্তিশালী অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



