গুজবের প্রধান লক্ষ্যবস্তু তারেক রহমান

'তারেক রহমানকে লক্ষ্য করে সর্বোচ্চ ১৩৩টি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিরুদ্ধে ৩৬০টি ভুয়া তথ্য বা গুজব ছড়ানো হয়েছে।'
দেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ জানিয়েছে, বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশে সবচেয়ে বেশি অপপ্রচার ও গুজবের শিকার হচ্ছেন।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, 'ব্যক্তিগত পর্যায়ে তারেক রহমানকে লক্ষ্য করে সর্বোচ্চ ১৩৩টি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিরুদ্ধে ৩৬০টি ভুয়া তথ্য বা গুজব ছড়ানো হয়েছে।'
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশে গুজবের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশ রাষ্ট্র, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
রিউমার স্ক্যানার জানায়, এসব অপপ্রচারের একটি বড় অংশ আসছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। বিশেষ করে ভারত থেকে পরিচালিত বিভিন্ন হ্যান্ডেল এবং দেশের অভ্যন্তরের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ছাড়া কিছু মূলধারার গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোকে বিতর্কিত করতেই এই গুজবগুলো ছড়ানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করে রিউমার স্ক্যানার বলছে, নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে সামাজিক অস্থিরতা তৈরি করাই ছিল এসব অপপ্রচারের মূল লক্ষ্য।
রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে উল্লেখ করেছে, তারেক রহমানের নামে প্রচারিত গুজবগুলোর ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে তার বক্তব্য বিকৃত করা অথবা তার নামে ভুয়া বিবৃতি প্রচার করা হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানটি দেশের সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



