জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসাটাই ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান
‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়া নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তারেক রহমান হাস্যরসের সঙ্গে বলেন, ‘জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের ইঞ্জিনিয়ারিংটা ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আমরা সফল হয়েছি।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।’
বিপুল এই বিজয়কে ‘গণতন্ত্র ও বাংলাদেশের বিজয়’ হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াইয়ের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। তবে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলোও তিনি স্পষ্ট করেন। তার ভাষ্যমতে, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে তারেক রহমান কড়া বার্তা দিয়ে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে তার সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, ‘সরকারি দল কিংবা বিরোধী দল—প্রতিটি নাগরিকের জন্যই আইন সমান হবে। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভুল–বোঝাবুঝি হতে পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।’
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ বরদাশত করা হবে না। ন্যায়পরায়ণতাই হবে নতুন সরকারের আদর্শ।
বিজয় উদ্যাপনে কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, ‘কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমি বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছিলাম।’
তিনি নেতাকর্মীদের উসকানির মুখে শান্ত ও সতর্ক থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এসময় কারাবন্দিত্ব ও দীর্ঘ অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার সশরীরে উপস্থিত থাকতে না পারার বিষয়টি স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
তারেক রহমান বলেন, ‘এমন আনন্দঘন মুহূর্তে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করেছে।’
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান তিনি। তারেক রহমান তার বক্তব্য শেষ করেন একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনার মধ্য দিয়ে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



