নতুন প্রধানমন্ত্রী জাতিকে যে বার্তা দিলেন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪১পরিবর্তন করতে ক্লিক করুন
নতুন প্রধানমন্ত্রী জাতিকে যে বার্তা দিলেন

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

‘ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে একটি ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল শাসন কাঠামো নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার।’ 

দলীয় প্রভাব প্রতিপত্তি কিংবা জোর-জবরদস্তি নয়, আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা হবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার সবার। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং সুশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে একটি ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল শাসন কাঠামো নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার।’ 


আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীকে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। কোনো দলীয় প্রভাব এখানে কাজ করবে না।’ তিনি স্পষ্ট করেন যে, সরকার যেকোনো গঠনমূলক পরামর্শ বা অভিযোগ শুনতে সর্বদা প্রস্তুত।


 বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী এবং ক্রেতা—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য রাখতে ব্যবসায়ী সমাজকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।


নিজের দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী একটি বড় ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কোনো সংসদ সদস্য সরকারি সুবিধায় ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না।’ 


জনগণের ওপর কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে জনপ্রতিনিধিদের ত্যাগের এই উদাহরণ ‘ন্যায়পরায়নতার’ আদর্শেরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।


প্রধানমন্ত্রী তার ভাষণের শেষে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, রাষ্ট্র পরিচালনায় মহানবীর (সা.) ন্যায়পরায়নতার আদর্শই হবে এই সরকারের মূল ভিত্তি।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: