প্রথম ১৮০ দিনের যে অগ্রাধিকার ঠিক করল নতুন সরকার

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
‘কাদের কী রাজনৈতিক সংশ্লিষ্টতা (অ্যাফিলিয়েশন) আছে, সেটি আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব। যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্থানে থাকবেন।’
নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রথা অনুযায়ী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১০০ দিনের কর্মসূচি দিলেও, বর্তমান সরকার দীর্ঘমেয়াদী সংস্কার ও স্থিতিশীলতার লক্ষ্যে ১৮০ দিনের (ছয় মাস) অগ্রাধিকার তালিকা তৈরি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ কিছু অনুশাসন দিয়েছেন। সরকারের প্রাথমিক লক্ষ্য হিসেবে কয়েকটি খাতকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি: দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটানো।
সরবরাহ চেইন: পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থায় কোনো ধরনের প্রতিবন্ধকতা বা সিন্ডিকেট দূর করা।
বিদ্যুৎ ও জ্বালানি: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং এই খাতে কোনো সংকট তৈরি হতে না দেওয়া।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের প্রথম দিন একটি মন্ত্রিসভা বৈঠক করতে হয়। আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমরা এবার ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছি, যা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রথা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি আমলাতন্ত্রের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করে রায় (ম্যান্ডেট) দিয়েছে। সুতরাং জনগণের ইচ্ছাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের আন্তরিক ও পেশাদার হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনে রদবদল বা কর্মকর্তাদের মূল্যায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘কাদের কী রাজনৈতিক সংশ্লিষ্টতা (অ্যাফিলিয়েশন) আছে, সেটি আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব। যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্থানে থাকবেন।’
সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনে গতিশীলতা আনার একটি কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, প্রথম ছয় মাসের মধ্যে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারলে জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



