প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভায় তারুণ্যের প্রাধান্য

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। এবারের মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখিয়েছে বিএনপি। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়াও রয়েছেন ৩ জন টেকনোক্র্যাট সদস্য।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির নেতৃত্বে নতুন মেয়াদে সরকার গঠিত হলো।
বিকেল ৪টা ৫ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তারেক রহমান। এসময় উপস্থিত জনতা ও আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত প্রধানমন্ত্রী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করমর্দন করেন এবং একে অপরকে অভিনন্দন জানান।
নতুন মন্ত্রিসভায় তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। এবারের মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখিয়েছে বিএনপি। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়াও রয়েছেন ৩ জন টেকনোক্র্যাট সদস্য।
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রতিমন্ত্রীরা এবং এরপর ক্রমান্বয়ে মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভার প্রবীণ ও পরিচিত মুখগুলোর মধ্যে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তবে এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘নতুন মুখ’। ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই এবার প্রথমবার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এই প্রথমবার মন্ত্রিসভার সদস্য ও সরকারপ্রধান হলেন।
প্রথমবার মন্ত্রী হলেন যারা:
তারেক রহমান (প্রধানমন্ত্রী), এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
প্রথমবার প্রতিমন্ত্রী হলেন যারা:
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উৎসবের আমেজে মাতোয়ারা ছিল রাজধানী ঢাকা। বিশেষ করে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা আড়াইটার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকায় ছেয়ে যায় সংসদ ভবন এলাকা।
সাধারণ মানুষের জন্য শপথ অনুষ্ঠান সরাসরি দেখার ব্যবস্থা করতে মানিক মিয়া এভিনিউতে বসানো হয়েছিল বেশ কয়েকটি বড় ডিজিটাল ডিসপ্লে। মাইকে ভেসে আসছিল শপথের শব্দ। যখনই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করছিলেন, বাইরে উপস্থিত হাজারো মানুষ হর্ষধ্বনি দিয়ে সেই মুহূর্তটিকে উদযাপন করেন। রাস্তার এক প্রান্তে একটি সাংস্কৃতিক মঞ্চও তৈরি করা হয়েছে, যেখানে দেশাত্মবোধক গান ও নাটক পরিবেশিত হচ্ছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে এই নতুন মন্ত্রিসভা দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কতটা কার্যকর হয়, সেদিকেই এখন সবার নজর।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



