তারেক রহমানকে মোদীর অভিনন্দন, পূর্ণ সমর্থনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬পরিবর্তন করতে ক্লিক করুন
তারেক রহমানকে মোদীর অভিনন্দন, পূর্ণ সমর্থনের আশ্বাস
শেয়ার করুন:

'এই বিশাল জয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আস্থারই প্রতিফলন।'

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে এই ফোনালাপে তিনি ‘ভাবি প্রধানমন্ত্রী’ তারেক রহমানকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের কাজ ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

 

তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে চমকপ্রদ বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছি।’

 

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের যেকোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে। গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা প্রধানমন্ত্রী মোদী পুনরায় স্মরণ করিয়ে দেন।

 

এর আগে শুক্রবার সকালেও এক এক্স বার্তায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান মোদী। সেখানে তিনি বলেন, 'এই বিশাল জয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আস্থারই প্রতিফলন।' একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে, সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জোটগত সমীকরণে বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকা বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

 

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন।

 

দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দীর্ঘ বিরতির পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরতে চলায় ভারতের এই দ্রুত ও ইতিবাচক প্রতিক্রিয়া দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: