যেভাবে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর মা খালেদা জিয়ার মৃত্যুর পর দলের পূর্ণ দায়িত্ব নেন তিনি। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার প্রায় দুই দশক পর তার নেতৃত্বেই বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরল।
প্রায় দেড় বছরের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকারের নতুন যাত্রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। প্রথা অনুযায়ী বঙ্গভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এবার সংসদ প্রাঙ্গণকেই বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিপুল সংখ্যক অতিথি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে সকালে সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক বিকল্প পন্থায় সিইসি এই দায়িত্ব পালন করেন। একই সঙ্গে আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে এবারই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়।
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর মা খালেদা জিয়ার মৃত্যুর পর দলের পূর্ণ দায়িত্ব নেন তিনি। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার প্রায় দুই দশক পর তার নেতৃত্বেই বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরল। এ দিন বিকেলের শপথ গ্রহণের মধ্য দিয়েই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



