সুমিদের জীবনের মূল্য কতটুকু?


ঢাকা পেপার্স গ্রাফিক্স
আমরা হয়তো একজন সুমিকে ভুলে যাব। কিন্তু যে ব্যবস্থায় সুমিদের জীবন এত সহজে উপেক্ষিত হয়, সেই ব্যবস্থা নিজে থেকেই বদলে যাবে না। বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি তখনই বাস্তব হবে, যখন শ্রমিকের অধিকার কেবল বক্তৃতা ও নীতিমালায় নয়, কারখানার প্রতিদিনের চর্চায় প্রতিষ্ঠিত হবে। দেশের অর্থনীতি মানুষের জন্য—মানুষ অর্থনীতির জন্য নয়
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এই শিল্পের হাত ধরে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, রপ্তানি আয় বেড়েছে, বৈদেশিক মুদ্রার প্রবাহ সমৃদ্ধ হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি তৈরি হয়েছে। এই সাফল্যের পেছনে রয়েছে লাখো শ্রমিকের ঘাম, পরিশ্রম ও নিরলস শ্রম। তাঁদের একটি বড় অংশ নারী। অথচ অর্থনীতিকে সচল রাখা এই নারীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নটি আজও আমাদের শিল্পোন্নয়নের আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না।
সাভারের আশুলিয়ায় ডেক্কো গ্রুপের প্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে ২৭ বছর বয়সী নারী পোশাকশ্রমিক সুমি আক্তার মিশুর মৃত্যু আমাদের সেই অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অসুস্থতার কারণে ছুটি চেয়েও তিনি ছুটি পাননি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে কাজ করার সময় নিজের সেলাই মেশিনের সামনেই তিনি লুটিয়ে পড়েন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণের জন্য নিরপেক্ষ তদন্ত জরুরি। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে যে প্রশ্নটি আমাদের সামনে এসেছে, তা কোনো একটি কারখানার ব্যবস্থাপনা কিংবা একটি নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্নটি হলো, যে নারী শ্রমিকের শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁর জীবনের মূল্য কতটুকু?
একজন মানুষ অসুস্থ হলে তাঁর বিশ্রাম প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন এবং নিরাপদে কাজ থেকে বিরত থাকার সুযোগ প্রয়োজন। অসুস্থ শরীরে কাজ চালিয়ে যেতে বাধ্য হওয়ার আশঙ্কা কিংবা ছুটি চাইলে চাকরি হারানোর ভয়—কোনোটিই একটি মানবিক কর্মপরিবেশের বৈশিষ্ট্য হতে পারে না। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ গুরুত্বপূর্ণ, কিন্তু তা কখনোই মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার ঊর্ধ্বে হতে পারে না। একটি কারখানার উৎপাদন কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হওয়া আর একজন শ্রমিকের জীবন বিপন্ন হওয়া এক বিষয় নয়। অথচ শ্রমিক ও মালিকের ক্ষমতার অসমতা এমন এক পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে শ্রমিকের ব্যক্তিগত প্রয়োজন, শারীরিক সীমাবদ্ধতা এবং মানবিক মর্যাদা উৎপাদনের চাপের কাছে গুরুত্ব হারায়।
কার্ল মার্ক্স তাঁর ক্যাপিটাল গ্রন্থে পুঁজিবাদী উৎপাদনব্যবস্থায় শ্রমশোষণ ও মুনাফা অর্জনের প্রবণতা বিশ্লেষণ করেছেন। উৎপাদনের উপকরণ ও প্রক্রিয়ার ওপর মালিকপক্ষের নিয়ন্ত্রণ এবং শ্রমিকের শ্রমের মাধ্যমে মূল্য সৃষ্টির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখিয়েছেন, মুনাফা বৃদ্ধির তাগিদ শ্রমের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। সুমি মিশুর মৃত্যুর কারণ নির্ধারণে এই তত্ত্ব ব্যবহার করা যায় না। কিন্তু ঘটনাটি আমাদের একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমাদের উৎপাদনব্যবস্থায় শ্রমিক কি একজন পূর্ণ মানুষ, নাকি কেবল উৎপাদনের জন্য প্রয়োজনীয় শ্রমশক্তি?
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিয়ে উদ্বেগ নতুন নয়। হিউম্যান রাইটস ওয়াচের ২০১৫ সালের 'হুএভার রেইজেস দেয়ার হেড সাফারস দ্য মোস্ট' শীর্ষক প্রতিবেদনে পোশাক শ্রমিকদের অতিরিক্ত কাজের চাপ, অসুস্থতাজনিত ছুটি ও অন্যান্য সুবিধা না পাওয়া, ব্যবস্থাপনার দুর্ব্যবহার এবং অধিকার প্রয়োগে বাধার মতো বিষয় উঠে এসেছিল। এত বছর পরও যদি একজন শ্রমিকের অসুস্থতা, বিশ্রাম ও নিরাপত্তার অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, তবে আমাদের অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা জরুরি। নিরাপদ কারখানা বলতে শুধু ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনির্বাপণব্যবস্থা কিংবা জরুরি বহির্গমন নিশ্চিত করাকে বোঝায় না। নিরাপদ কর্মপরিবেশের অর্থ হলো—শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা, যথাযথ বিশ্রাম, চিকিৎসাসেবা, অসুস্থতাজনিত ছুটির সুযোগ, অভিযোগ জানানোর স্বাধীনতা এবং ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করা।
নারী পোশাকশ্রমিকদের ক্ষেত্রে এই সংকটের সঙ্গে যুক্ত হয় আরও কিছু বাস্তবতা। কারখানায় মজুরির বিনিময়ে কাজ করার পাশাপাশি অনেক নারীকে ঘরে সন্তান লালন-পালন, পরিবারের যত্ন এবং গৃহস্থালির দায়িত্বও পালন করতে হয়। তাঁদের কর্মদিবস কারখানার নির্ধারিত সময়ের সঙ্গে শেষ হয়ে যায় না। এর বাইরে রয়েছে নারীর অপুষ্টি, প্রজননস্বাস্থ্য, মাসিককালীন ব্যবস্থাপনা, গর্ভধারণ ও প্রসব-পরবর্তী সময়ের শারীরিক ও মানসিক চাহিদা এবং মেনোপজের মতো বিষয়। অথচ এসব প্রয়োজনকে বিবেচনায় নিয়ে কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেই বললেই চলে।
নারীবাদী দার্শনিক ন্যান্সি ফ্রেজারের ‘যত্নের সংকট’ ধারণা আমাদের বুঝতে সাহায্য করে যে, অর্থনীতি শ্রমিকের শ্রমের ওপর নির্ভরশীল হলেও শ্রমিকের সুস্থতা ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় যত্নের ব্যবস্থাকে অবহেলা করলে সেই অর্থনীতির ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। একজন নারী শ্রমিকের অসুস্থতা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। তাঁর শরীরের সীমাবদ্ধতা আছে, বিশ্রামের প্রয়োজন আছে, চিকিৎসার প্রয়োজন আছে। তিনি উৎপাদনের যন্ত্র নন; তিনি একজন মানুষ, যাঁর পরিবার, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম গ্রন্থে উন্নয়নকে শুধু আয় বৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। মানুষের বাস্তব স্বাধীনতা, সক্ষমতা, সুস্থ থাকা, নিরাপদে বেঁচে থাকা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগকে তিনি উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখেছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে রপ্তানি আয় কিংবা উৎপাদন বৃদ্ধিই বাংলাদেশের পোশাকশিল্পের সাফল্যের একমাত্র মাপকাঠি হতে পারে না। সেই শিল্পে কর্মরত মানুষ কতটা নিরাপদ, কতটা সুস্থ এবং কতটা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারছেন, সেটিও উন্নয়নের হিসাবের অংশ হতে হবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের সামনে অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার প্রশ্নকে নতুন করে হাজির করেছিল। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, তার প্রতিফলন কর্মক্ষেত্রে কতটা ঘটেছে? বৈষম্যের বিরুদ্ধে অবস্থান কি কেবল রাজনৈতিক ও সামাজিক পরিসরেই সীমাবদ্ধ থাকবে, নাকি অর্থনৈতিক সম্পর্ক ও শ্রমিকের দৈনন্দিন জীবনেও তার প্রতিফলন ঘটবে? একজন নারী শ্রমিক অসুস্থ হলে ছুটি চাইতে ভয় পাবেন কেন? নিজের প্রয়োজনের কথা জানালে চাকরি হারানোর আশঙ্কা করবেন কেন? নাগরিক হিসেবে যে মর্যাদা ও অধিকার তাঁর প্রাপ্য, শ্রমিক হিসেবেও তা নিশ্চিত হবে না কেন?
বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা অর্থবহ করতে হলে শ্রমিকের কর্মক্ষেত্রেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব শ্রম আইন বাস্তবায়ন, কার্যকর কারখানা পরিদর্শন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার মান নিশ্চিত করা। মালিকপক্ষকে বুঝতে হবে, শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা উৎপাদনের প্রতিবন্ধকতা নয়; বরং টেকসই শিল্পের ভিত্তি। শ্রমিক সংগঠনগুলোকেও অসুস্থতাজনিত ছুটি, কর্মক্ষেত্রে দুর্ব্যবহার, অতিরিক্ত কাজের চাপ এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়ে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে।শ্রমিক যেন প্রতিশোধ বা চাকরি হারানোর ভয় ছাড়াই নিজের অধিকার দাবি করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
সুমি আক্তার মিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জানতে হবে, তিনি অসুস্থতার কারণে ছুটি চেয়েছিলেন কি না, তাঁর আবেদন কীভাবে বিবেচনা করা হয়েছিল, ঘটনার আগে কোনো ধরনের চাপ বা দুর্ব্যবহার করা হয়েছিল কি না এবং যথাযথ চিকিৎসাসহায়তা দেওয়ার ব্যবস্থা ছিল কি না। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে কারখানাটিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অসুস্থ শ্রমিকের জন্য জরুরি চিকিৎসা, বিশ্রাম এবং নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা কার্যকর আছে কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। একটি মৃত্যুর তদন্ত যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের পথ তৈরি করে।
এই দায়িত্বের পরিধি দেশের সীমানার মধ্যেও সীমাবদ্ধ নয়। জীবিকার সন্ধানে বাংলাদেশের লাখো নারী বিদেশে পাড়ি জমান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের অনেককে প্রতারণা, বেতন না পাওয়া, অতিরিক্ত শ্রম, শারীরিক ও যৌন নির্যাতন এবং অমানবিক জীবনযাপনের শিকার হতে হয়। কেউ নির্যাতন সহ্য করতে না পেরে দেশে ফিরে আসেন, কেউ দীর্ঘদিন ন্যায়বিচারের অপেক্ষায় থাকেন, আবার কেউ ফেরেন নিথর দেহ হয়ে। দেশের ভেতরে নারীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, দক্ষতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যর্থতা বিদেশে নারীর নিরাপদ অভিবাসনের প্রয়োজনকেও আরও গুরুত্বপূর্ণ করে তোলে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষতা প্রশিক্ষণ, নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, দূতাবাসের কার্যকর সহায়তা এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে হোক কিংবা বিদেশের মাটিতে—নারীর শ্রমের মূল্য, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ।
প্রায় ১৪০ বছর আগে শ্রমিক আন্দোলনের ইতিহাস আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। নির্দিষ্ট কর্মঘণ্টা, বিশ্রাম এবং শ্রমিকের মর্যাদা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এগুলো দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার। কিন্তু অধিকার আইনে স্বীকৃত হলেই তা বাস্তবে নিশ্চিত হয় না। সেই অধিকার কার্যকর করতে প্রয়োজন রাষ্ট্রীয় নজরদারি, প্রাতিষ্ঠানিক জবাবদিহি, শ্রমিকের সংগঠিত হওয়ার সুযোগ এবং সামাজিক সচেতনতা।
হয়তো কিছুদিন পর আমরা সুমি আক্তার মিশুকে ভুলে যাব। প্রতিদিনের নতুন খবর, নতুন সংকট আর অসংখ্য ঘটনার ভিড়ে তাঁর মৃত্যুর ঘটনাও চাপা পড়ে যাবে। তদন্ত ও জবাবদিহির প্রশ্ন হয়তো ধীরে ধীরে জনপরিসর থেকে হারিয়ে যাবে। তাঁর পরিবার ন্যায়বিচার পাবে কি না, দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে কি না—আমরা এখনই জানি না। কিন্তু কারখানার মেশিন থেমে থাকবে না, উৎপাদনের চাকা ঘুরবে, মুনাফার হিসাব চলবে। সেই হিসাবের আড়ালে যেন চাপা পড়ে না যায় শ্রমিকের অসুস্থতা, ক্লান্তি, অপমান ও বেঁচে থাকার আকুতি—এ বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।
আমাদের মনে রাখতে হবে, একটি শিল্পের সাফল্য তার উৎপাদন, রপ্তানি আয় কিংবা মুনাফার পরিমাণ দিয়ে পুরোপুরি পরিমাপ করা যায় না। যে শিল্প মানুষের শ্রমে গড়ে ওঠে, সেই শিল্পের নৈতিকতা যাচাই করতে হবে শ্রমিকের জীবন ও মর্যাদার মানদণ্ডে। একজন নারী শ্রমিকের অসুস্থতার সময় বিশ্রাম ও চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা কোনো বাড়তি সুবিধা নয়; এটি তাঁর মৌলিক মানবিক অধিকার।
সুমি তো চলে গেলেন, কিন্তু পরবর্তী সুমির জীবন রক্ষায় আমরা কি কিছু বদলাতে পারলাম?
আমরা হয়তো একজন সুমিকে ভুলে যাব। কিন্তু যে ব্যবস্থায় সুমিদের জীবন এত সহজে উপেক্ষিত হয়, সেই ব্যবস্থা নিজে থেকেই বদলে যাবে না। বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি তখনই বাস্তব হবে, যখন শ্রমিকের অধিকার কেবল বক্তৃতা ও নীতিমালায় নয়, কারখানার প্রতিদিনের চর্চায় প্রতিষ্ঠিত হবে। দেশের অর্থনীতি মানুষের জন্য—মানুষ অর্থনীতির জন্য নয়। এই সত্যকে বাস্তবে প্রতিষ্ঠা করাই হোক আমাদের অঙ্গীকার।
লেখকঃ পরিবেশ ও নারী অধিকারকর্মী
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



