সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার ঘিরে প্রশ্ন

ছবি: উইকি
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অপরাধ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার একটি দীর্ঘস্থায়ী এবং উদ্বেগজনক বৈশিষ্ট্য হলো—তদন্ত শেষ হওয়ার আগেই গ্রেপ্তার।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১৮ মাস পর গ্রেপ্তার হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে চারটায় ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার লালবাগ ও রংপুরে সংঘটিত একাধিক হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীর নাম রয়েছে। প্রাথমিকভাবে লালবাগ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সবশেষ, রিমান্ড না মঞ্জুর করে তাকে পাঠানো হয়েছে কারাগারে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অপরাধ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার একটি দীর্ঘস্থায়ী এবং উদ্বেগজনক বৈশিষ্ট্য হলো—তদন্ত শেষ হওয়ার আগেই গ্রেপ্তার। বর্তমানে এই প্রবণতা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কোনো অভিযোগ উত্থাপিত হওয়ার পর তার প্রাথমিক সত্যতা বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ যাচাই না করেই পুলিশ তড়িঘড়ি করে অভিযুক্তকে গ্রেপ্তার করছে।
এর ফলে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদি প্রাক-চার্জ ডিটেনশন বা অভিযোগপত্র দেওয়ার আগে মাসের পর মাস আটকে রাখা। এটি কার্যত আইনি প্রক্রিয়ার অংশ না হয়ে বরং বিচার হওয়ার আগেই একটি বড় ধরনের সাজায় পরিণত হয়েছে।
ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক ডেভিড বার্গম্যান বলেন, ‘২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা প্রমাণ করে যে, বিএনপি প্রমাণহীন এক বিচার ব্যবস্থা গড়ে তুলছে। এখানে সুনির্দিষ্ট অপরাধের বদলে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতেই মানুষকে আটক করা হচ্ছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় বিএনপি মূলত আগের আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে। এর পেছনের মূল দর্শন বা যুক্তি অপরিবর্তিতই রয়ে গেছে।’
তিনি বলেন, ‘এই ধরনের গ্রেপ্তারের নেপথ্যে থাকে রাজনৈতিক অনুমোদন। পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ না করায় এমনটি সম্ভব হচ্ছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, সুনির্দিষ্ট ভিত্তি ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখা যায় না। কিন্তু শিরিন শারমিনের ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে। এটি পুলিশ ও বিচারিক কাঠামোর একটি গভীর সংকট। তারা রাজনৈতিক নেতাদের তুষ্ট করতে আইন ভাঙতে এতটাই অভ্যস্ত যে, আইনের সঠিক প্রয়োগই হয়তো তারা ভুলে গেছেন।’
অভিনেত্রী ও এক্টিভিস্ট নীলা ইসরাফিল প্রশ্ন রেখে বলেন, ‘ইউনূস সরকার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেনি কেন? তাকে নিয়ে কি ইউনূস সরকারের কোন গোপন ষড়যন্ত্র ছিল, নাকি কোন আর্থিক লেনদেন ছিল, নাকি আগেই তিনি আটক ছিলেন, ইউনূস গং প্রকাশ করেনি?’
প্রশ্ন উঠেছে, প্রায় দেড় বছর সাবেক স্পিকার শিরীন শারমিন কোথায় ছিলেন?
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিরীন শারমিন চৌধুরী জনরোষ থেকে বাঁচতে সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, যা পরবর্তীতে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, পতনের দিন তারা সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন, যেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। সেখানে অবস্থানকালেই ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।
গত দেড় বছর তার অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও পুলিশ জানিয়েছে, তিনি দেশের ভেতরেই বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সবশেষ মঙ্গলবার (৭ এপ্রিল) ধানমন্ডিতে স্বামীর মালিকানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশত্যাগ না করার দাবি করেছেন।
আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদের ব্যক্তির গ্রেপ্তার জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



