সঞ্জীব চৌধুরীর কাকচক্ষু জলমগ্নভূমি এবং আমাদের ফেনিল অস্তিত্ব


প্রেম ও দ্রোহের শিল্পী সঞ্জীব চৌধুরীর গান, কথা আর রাজপথের প্রতিবাদ নিয়ে ধ্রুব সাদিকের প্রবন্ধ। দলছুট, চাঁদের জন্য গান, নৌকাভ্রমণের ভেতর দিয়ে তাঁকে ফিরে দেখা।
‘যেখানে শব্দ ব্যর্থ হয়, সংগীত সেখানে কথা বলে।’ — হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
কবি মধুসূদন দত্ত বলেছেন, থামুন। একটু থামুন। দু’চোখ বন্ধ করে মস্তিষ্কের গোপন প্রকোষ্ঠ হাতড়ে ফিরুন। চলে যান কল্পনাদেশে। দেখুন, জলমগ্নভূমির স্বচ্ছ ও নির্মল জলের তলদেশ পর্যন্ত কেমন স্পষ্ট দেখা যায়! তাকিয়ে থেকেছেন কখনো এই শান্ত জলের গভীরে? ঠিক যে-মুহূর্তে আকাশের চাঁদ তার সমস্ত কৌমুদী উজাড় করে ঢেলে দেয় এই স্বচ্ছ জলের বুকে?
হলো না-হয় মহুয়া না-খেয়েও মাতাল হয়ে যাওয়ার উপক্রম! আমাদের ফেনিল, অস্থির অস্তিত্ব যখন হাঁপিয়ে ওঠে, আমরা তো কতকতবার চলে যাই একজন মানুষের কাকচক্ষু জলাভূমির কাছে! চাঁদের স্নিগ্ধ ও উজ্জ্বল আলোয় শান্ত জলের বুকে তার প্রতিচ্ছবিও খুঁজে ফিরি। কারণ: আশ্চর্যজনক সত্য হলো, সেই মানুষটিকে একটি মাতাল চাঁদ অন্ধ করে দিয়েছিল। আর সেই অন্ধত্ব তিনি ফেরি করেছেন চাঁদের মায়ায় বিভোর শতসহস্র মানুষের অন্তর্গত জগতে। কী যে একা দীর্ঘ রাত বিরান পথে হেঁটে যেতে যেতে তিনি গেয়ে উঠতেন, ‘কার ছবি নেই কেউ কি ছিল/ এই ভেবে ডুবে গেছে রাত,/ প্রশ্নেও নেই উত্তর নেই/ মাঝরাতে ডুবেছে মাতাল।’
একজন সঞ্জীব চৌধুরী! তিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর সমান আয়ু নিয়ে।
বলেছিলেন, ‘টিএসসি চত্বরে কিংবা আজিজ সুপার মার্কেটে আমি থাকবো না, সেটা কি কখনো কল্পনা করা যায়! গিয়ে দেখবেন, আমি সেখানে মস্ত আড্ডা জমিয়ে বসে আছি।’ ঠিক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের নভেম্বরের ১৯ তারিখের প্রথম প্রহরে অলোকলোকবাস নিলেন বটে, কিন্তু সেই টিএসসিতে সেদিন সঞ্জীবনী সঞ্জীব ঠিকই মস্ত আড্ডাই জমিয়েছিলেন। তবে এই আড্ডা মেনে নেয়া সম্ভবই হয়নি শতশত মানুষের! তারা তাদের স্বজন সঞ্জীবের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন।
সংগীত না থাকলে পৃথিবী কত রুক্ষ হতো তা জানা সম্ভব নয়, কিন্তু হৃদয়মন, মস্তিষ্ক যে রুক্ষ হতো, এই ব্যাপারটি নিশ্চিত। এই প্রেক্ষিতে শেক্সপিয়রকে স্মরণ করি। কবি বলেছেন,
‘পৃথিবীর নিজস্ব একটা সংগীত আছে। যাদের শোনার মতো মন আছে, শ্রবণেন্দ্রিয় আছে, তারাই এই সংগীত শুনতে পারে।’
হ্যাঁ, সকল কিছুরই একটা অন্তর্নিহিত সুর আছে। নদীর বয়ে যাওয়ার সুর, বাতাসের বয়ে যাওয়ার সুর, নরনারীর ভাতের হাঁড়ির সুর আর আছে আমাদের সঞ্জীব চৌধুরীর সুর।
সঞ্জীব চৌধুরীর কাকচক্ষু জলমগ্নভূমিতে আমরা আমাদের ফেনিল অস্তিত্ব টের পাই। মনে প্রশ্ন জাগতে পারে যে সঞ্জীব চৌধুরীর জলমগ্নভূমির সুরটা কেমন?
পানির ফেনা যেমন মুহূর্তেই তৈরি হয় এবং সামান্য বাতাসে বা স্পর্শে মিলিয়ে যায়, তেমনি জীবনের বা কোনো কিছুর ক্ষণস্থায়ী এবং অস্থির অবস্থাটা ধরেছেন সঞ্জীব চৌধুরী। ফলে সঞ্জীব চৌধুরী-রচিত, সুর করা, গাওয়া গান পিনপতন নৈঃশব্দ্যে ছাওয়া রাতে কর্ণকুহর ভেদ করে আমাদের মস্তিষ্কে হয়ে ওঠে অমিয় সংগীত। সুর-সংগীতের চেয়ে তাঁর গানের কথাই মূলত ছড়িয়ে পড়ে মগজের চারদিকে, তারপর গেঁথে যায় মননে। এই প্রেক্ষিতে 'কার ছবি নেই' গীতিকবিতাটি খেয়াল করলে সঞ্জীব চৌধুরীর কাকচক্ষু জলমগ্নভূমি এবং আমাদের ফেনিল অস্তিত্ব ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠবে:
‘চাঁদনী গেছে দূরের আঙ্গিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম…’
মাত্র ৪৩ বছরের এক স্বল্পপ্রজ অথচ ঘটনাবহুল আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন সঞ্জীব। এর জন্যই যতভাবে পেরেছেন শুধু কাজ করে গেছেন, কাজ করেছেন মানুষের জন্যে? আমরা স্পষ্টত টের পাই, মানুষের অন্তরের কথা, স্বপ্নের কথা নিজের অন্তরাত্মায় লীন করে তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে কথার ফল্গুধারা। মানুষের হৃদয়ের ব্যথা অনুধাবন করে তার অন্তরাত্মা শুধুই উৎকণ্ঠিত হত? না। তার মস্তিষ্কে শুরু হতো রক্তক্ষরণ। পাখির হৃদয় নিয়ে জন্মলাভ করা সঞ্জীবের বুকের ভেতরে বড় কষ্ট হতো কোনো মানুষ খুন হলে। মেনে নিতে না-পেরে তিনি চিৎকার করে উঠেছেন: ‘তিনটি লাশ, তিনটি লাশ। ঠাণ্ডা হিম। যাদের গুম করে ফেলা হবে।’
মানুষের অকালে চলে যাওয়াও তাঁর বুকে বেদনার মতো ক্ষত সৃষ্টি করে বাজতে থাকতো। তাঁর মাথার কোষে লাফ দিতো একসাথে একশ’ হরিণ। আর তার অন্তরাত্মা গেয়ে উঠতো: ‘আমি ঘুরিয়া ঘুরিয়া, সন্ধান করিয়া/ স্বপ্নের ওই পাখি ধরতে চাই/ আমার স্বপ্নের কথা বলতে চাই; আমার অন্তরের কথা বলতে চাই।’
[স্বপ্নবাজি]
সঞ্জীব মূলত স্বপ্নের পাখিটিকেই ধরতে চেয়েছে, স্বপ্নের কথা, অন্তরের কথাই বলতে চেয়েছেন। আর আমরা খেয়াল করি, সঞ্জীব চৌধুরীর কথার শক্তির মাহাত্ম্য ব্যাপক। মগজের কোষে-কোষে সঞ্জীব-শ্রবণের অনুধাবন ছড়িয়ে পড়লে অনুভূত হয়, কেউ যেন মগজে আসন গেড়ে বসে বলে চলে: নিভৃত, শব্দহীন, আমার উৎসর্গময় ভালোবাসা, তোমাদের আত্মার উৎকর্ষ সাধনের নিমিত্তে পথে-প্রান্তরে গান কুড়িয়েছি, শব্দ কুড়িয়েছি, কবিতা রচেছি। তোমাদের হৃদয়-গভীরের সকল সুখ-অসুখ, সুস্থতা-অসুস্থতায় নিজেকে সিঞ্চিত করে রচেছি তোমাদের আত্মা-সংগীত। আর তখন, আমরা খেয়াল করি, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা থেকে পাঁজরের ওপর সংবেদনশীল একাকী হাওয়ারা যেন আচম্বিত আছড়ে পড়ে, আছড়ে পড়ে স্বয়ং সঞ্জীব চৌধুরীর প্রতিচ্ছবি আর মাথার ভিতরে দ্রিমদ্রিম করে বাজে:
‘ওঠো ও গোলাপ/ জাগাও আমাকে/ কাঁটার পুলকে/ যে উদ্ভাসিত/ দুলছে আকাশ/ জল তিরতির/ জ্বলছে শরীর / অমীমাংসিত।’ [নৌকাভ্রমণ ]
নক্ষত্রের মতো পুড়ে ছাই হয়ে এবং ছাইগুলোকে জমিয়ে পাথর করে সেই নক্ষত্রপোড়া ছাইয়ের পাথর থেকে জন্মলাভ করা অনন্তের মানবপাখি সঞ্জীব চৌধুরী তো তরঙ্গের শীর্ষে বুদবুদ চলমান ছায়াবাস্তবতা থেকে সরে জলের গভীরে জমা একপ্রস্থ দীর্ঘশ্বাস। মানুষ হিসেবে সম্মোহনী ক্ষমতার অধিকারী সঞ্জীব চৌধুরী মানুষকে আপন করে নিতে জানতেন। আমরা তাঁর লেখা দলছুট গানটিতে দেখতে পাই মানুষকে তিনি কত গভীরে ভালোবেসে গান রচেছেন:
‘তাকে নিয়ে দু’একটি গান গেয়ে যাই/ আমাদের গানে তার দুঃখ বিকাই/ দুঃখের বেচাকেনা বাজার সরব/ ছেঁড়া স্যান্ডেল হাতে ছেলেটা নীরব।’[দলছুট]
সঞ্জীব চৌধুরীর গানের গভীরে বিচরণ করলে আমাদের অনুভব করতে বেগ পেতে হয় না যে গানের পরতে পরতে প্রেম ও দ্রোহ সমানভাবে উপস্থাপন করার পাশাপাশি সমাজের যেকোনো অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি গানে গানে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। তিনি ভালোবাসতেন, পরমতম আনন্দটুকু খুঁজে পেতেন রাতের মহানগরী ঢাকায় ঘুরে। পাখিদের মিছিলে মিশে যেতেন যেন এক দলছুট পাখি। হঠাৎ থেমে যেতেন রাস্তা পার হতে না-পারা একা সেইসব পাখিদেরকে রাস্তা পার করে দেয়ার সহায়ক হওয়ার জন্য। এই বসুন্ধরার সেইসব দুর্ভাগা পাখি যারা কানে শুনতে পায় না, বধির, তাদের অন্তরাত্মায় ছড়িয়ে দিতেন তিনি ইন্দ্রিয়নির্ভর আত্মা-সংগীত।
তিনি যে শুধু চারিদিক পর্যবেক্ষণ করতেন তাই নয়, তার জলমগ্নভূমিটি চারিদিকের চলমানতাকে ধারণ করতো; আর ব্যাকুলতা থেকে তিনি গাইতেন আকুল হৃদয়ের গান। আন্তর্জাতিক ভিক্ষা সংগীত গীতিকবিতাটিতে বলেছেন:
‘আল্লার ওয়াস্তে দুইডা ভিক্ষা দেন গো মা
আমি অন্ধ ফকির বাবা, চোখে দেখি না হাবাগোবা
ভাঙ্গা লাডি, ফুডা থালা
হাতে হারিকেন, পিঠে ঝোলা
আল্লাহর ওয়াস্তে দুইডা ভিক্ষা দেন গো মা।’
সঞ্জীব চৌধুরীর প্রতিস্পর্ধী বিকল্প প্রকাশনা রাশপ্রিন্টে দেখতে পাওয়া যায়, ঘাত-অভিঘাতের দারুণ ক্লেদাক্ত অভিযোগের পরও কতটা সরল তিনি জীবনের প্রতি, কতটা গভীরভাবে কৃতজ্ঞ তিনি মানুষজীবনের প্রতি। আমাদের আত্মার ওঠাপড়ার জন্য, আমাদের ফেনিল অস্তিত্বের জন্য তিনি যে কাকচক্ষুর জলাভূমি সৃষ্টি করেছেন, সেই স্তব্ধতার সূচক পাঠকের বোধকরি জানা থাকে না।
রাশপ্রিন্টে বলেছেন, ‘লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিণ্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে— সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।’
কোমল হৃদয়ের মানুষ তো ছিলেনই, কিন্তু ছদ্মজ্ঞানের মহিমার প্রতি বীতশ্রদ্ধ সঞ্জীব ঠিক ততটাই সোচ্চার ছিলেন অত্যাচারীর বিরুদ্ধে। অবরুদ্ধ সময়ে যখন বেয়োনেট আর জলপাই রঙের মহড়া চলছিল দেশে তখনও বুকের স্ফুলিঙ্গের হলকা উদ্গিরণ করে তিনি বলেছিলেন,
‘ওরা বলে, ঐ গাড়িতে করে আমাদের জন্য খাদ্য আর পানীয় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ, আমি জানি ঐ গাড়িতে আমাদের জন্য কোন খাদ্য ছিল না, আমাদের জন্য কোন পানীয় ছিল না। ৩০০ লাশ…। ৩০০ টি লাশ ঠাণ্ডা, হিম! যাদের খুন করে ফেলা হবে। আমি বলতে চেয়েছিলাম সেই সত্য কথা। আর তখনই আমার দিকে এগিয়ে আসে উদ্ধত রাইফেল। আমার দিকে এগিয়ে আসে উদ্ধত বেয়োনেট। ওরা বলে খামোশ…। তবুও বন্ধুগণ, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই…’
মিথ্যেবাদী, সত্য অস্বীকারকারী, সত্যকে মিথ্যার আবরণ দিয়ে চাপিয়ে রাখা আপাদমস্তক ভণ্ড, লুটেরাদের দেশে বিশাল দরিয়ার মতো দিল নিয়ে জন্মানো সঞ্জীব চৌধুরীর অকালপ্রয়াণে এই রাষ্ট্রের বিশাল এক ক্ষতি হয়েছে। তিনি সেই মানুষ যিনি উচ্চারণ করতে পেরেছিলেন, ‘
মনে পড়ে, মনে পড়ে সেই হৃদয় কাঁপানো স্বপ্নের কথা, কথা ছিল নিশ্চিত বিজয়, কথা ছিলো সমান অধিকার। কথা ছিল ঘাড়ের উপর চেপে বসা রক্ত চোষার ঝাড়গুলোকে, নর্দমার কীটগুলোকে পায়ে পিষে মারার। কথা ছিল একদিন নাহয় একদিন। কোথায় যেন ভুল ছিল, সূর্যটাকে ছিনিয়ে আনতে যারা বেরিয়ে পড়েছিল তাদের কেউ আর ফিরে আসে নি, কেউ আর ফিরে আসে নি।’
সঞ্জীব চৌধুরী নামটি একটি কালের সাক্ষী হয়ে আছে। মহানগরী ঢাকার পথে পথে লেগে আছে তাঁর পদচ্ছাপ। রাতের আকাশ, দিনের সূর্য আর নগরের চলমান পথচারীরাও জ্ঞাত: অর্থ-বিত্ত, নাম-খ্যাতি কিছুরই তাঁকে টলানোর ক্ষমতা ছিলো না। পথেপথে তিনি গান করতেন মানুষের জন্য। মানুষের বিবেক জাগ্রত করার জন্য। একজীবনে কত মানুষের একটা গানও যেখানে শ্রোতাদের হৃদয়ভূমি নাড়া দেয় না, সেখানে সঞ্জীব চৌধুরী রচিত এবং গাওয়া 'আমি তোমাকেই বলে দেবো', 'কিংবদন্তি', 'চল বুবাইজান', 'ইয়াসমিন', 'চাঁদের জন্য গান', 'কালা পাখি', 'সাদা ময়লা রঙিলা পালে', 'নৌকাভ্রমণ', 'বায়োস্কোপের নেশা', 'চোখটা এতো পোড়ায় কেনো', 'ভাঁজ খোলো আনন্দ দেখাও', 'কথা বলবো না', 'বয়স হলো ২৭', 'কার ছবি নেই', 'আমার সন্তান', 'নষ্ট শহরে', 'হৃদয়ের দাবি রাখো'সহ কত গান শ্রোতাদের উদারা, মুদারা, তারার রহস্যময় সব পর্দা ভেদ করে দিয়ে যায়।
সঞ্জীব চৌধুরী চলে যাওয়ার ১৯ বছর হয়ে গেলেও সঞ্জীব আজও রাষ্ট্র বাংলাদেশে সমানভাবে উজ্জ্বল। তবে আক্ষেপ এই: এই শহরের বুকে আসমুদ্র-হৃদয় নিয়ে আর কোনো হৃদয়বান পাগল গায় না চাঁদের জন্য গান:
‘শহরে এসেছে এক নতুন পাগল
ধরো তাকে ধরে ফেলো এখনই সময়
পাগল রাগ করে চলে যাবে
খুঁজেও পাবে না
পাগল কষ্ট চেপে চলে যাবে
ফিরেও আসবে না
মেয়ে আমাকে ফেরাও...’
-- --
লেখক- কবি ও প্রাবন্ধিক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



