বইয়ের জগতে এক নির্মোহ জীবন: ফজলে রাব্বির স্মরণ


ফজলে রাব্বি | ঢাকা পেপার্স গ্রাফিক্স
বই পড়া, প্রকাশনা, বইয়ের প্রচার ও গণগ্রন্থাগার প্রতিষ্ঠায় জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন ফজলে রাব্বি। বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রে কাজের পাশাপাশি দেশের পাঠাগার আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন তিনি। বই ও পাঠাগারকে ভালোবেসে কাটিয়ে দেওয়া এই নির্মোহ মানুষটির জীবন ও কর্মের স্মৃতিচারণ।
জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলা একাডেমির সাবেক পরিচালক, লেখক, অনুবাদক ও গ্রন্থাগার সংগঠক ফজলে রাব্বি ১৫ নভেম্বর ২০২৬, ৯২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বই, প্রকাশনা ও পাঠাগার আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশ—এই তিন কালপর্বই তিনি দেখেছেন। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় কোনো পদ বা পেশাগত সাফল্যে আটকে নেই। তিনি ছিলেন আপাদমস্তক বইয়ের মানুষ। বই পড়া, বই প্রকাশ, বইয়ের প্রচার আর মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা—সবই তাঁর কাছে একই সাধনার অংশ ছিল।
বিভিন্ন গণমাধ্যমের মৃত্যুসংবাদে জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলা একাডেমির সাবেক পরিচালক হিসেবেই তাঁকে বেশি উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন যাঁরা তাঁর কাছে ছিলেন, তাঁরা তাঁকে আরও বড় পরিসরে চিনতেন। তিনি সরকারি চাকরি করেছেন, কিন্তু বই ও পাঠাগার নিয়ে তাঁর আগ্রহ অফিসের সময় বা দায়িত্বের সীমায় থামেনি। ব্যক্তিজীবন আর পেশাজীবনের মধ্যে তিনি কোনো বিভেদ রাখেননি। জীবনের শেষ দিন পর্যন্ত বইয়ের জগৎ নিয়ে ভেবেছেন, কাজ করেছেন, আর মানুষকে এই কাজে টেনে এনেছেন।
ষাটের দশকের শুরুর দিকে বাংলা একাডেমিতে যোগ দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। প্রকাশনা, মুদ্রণ ও বই বিপণনে তিনি দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন। একাডেমির নিজস্ব মুদ্রণব্যবস্থা গড়ার কাজে তাঁর সরাসরি ভূমিকা ছিল। প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বাংলা ভাষায় জ্ঞানচর্চার পরিসর বাড়াতে এবং পাঠকের হাতে দেশি-বিদেশি জরুরি বই পৌঁছে দিতে মনোযোগ দেন। এই অভিজ্ঞতা পরে ছাপাখানার ইতিকথা ও স্মৃতিতে বাংলা একাডেমী বইয়ে জায়গা পেয়েছে। প্রথম বইয়ে বাংলাদেশের মুদ্রণশিল্পের ইতিহাস ও বিকাশের নানা তথ্য আছে। দ্বিতীয় বইয়ে বাংলা একাডেমির কর্মপরিবেশ, প্রকাশনা কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিশিষ্ট মানুষদের স্মৃতি ধরা আছে।
বাংলা একাডেমিতে কাজ করার সময় থেকেই তিনি বইমেলা ও বইয়ের প্রচারকে বড় সামাজিক-সাংস্কৃতিক কাজের অংশ মনে করতেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ‘সুধীজন পাঠাগার’ প্রতিষ্ঠার সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। এই পাঠাগারের উদ্যোগে ১৯৭০ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে এক সপ্তাহের সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। দেশের বইমেলার ইতিহাসে এটি উল্লেখযোগ্য ঘটনা। পরে বইমেলাকে ঘিরে প্রকাশক, লেখক ও পাঠকের যোগাযোগ বেড়েছে এবং বই সাধারণ মানুষের কাছে পরিচিত হয়েছে। এর পেছনে তাঁর মতো সংগঠকদের দীর্ঘদিনের সহৃদয় চেষ্টা ছিল।
১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর কর্মজীবনের একটি বড় অধ্যায়। ১৯৯২ সালে অবসর নেওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় তেরো বছর, তিনি এই প্রতিষ্ঠানে ছিলেন। তাঁর নেতৃত্বে গ্রন্থকেন্দ্র বই প্রকাশ ও বিক্রির পাশাপাশি পাঠক তৈরি, গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং বইয়ের সামাজিক প্রসারে জোর দেয়। এ সময় সারা দেশে ‘গ্রন্থসুহৃদ সমিতি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়। সমসাময়িক স্মৃতিচারণ অনুযায়ী, আশির দশকের শেষ দিকে দেশে প্রায় এক হাজার সমিতি গড়ে ওঠে। এসব সমিতির উদ্যোগে বিভিন্ন এলাকায় ছোট ছোট গণগ্রন্থাগার হয়। নির্বাচিত সমিতিকে বই অনুদান দেওয়ার ব্যবস্থাও ছিল। এতে স্থানীয় পর্যায়ে পাঠাগার গড়ার একটি সাংগঠনিক ভিত্তি তৈরি হয়।
বইকে মানুষের কাছে নিতে তিনি প্রচলিত পথের বাইরেও ভাবতেন। ভ্রাম্যমাণ বইমেলা তেমনই একটি উদ্যোগ। গাড়িতে বই নিয়ে নানা এলাকায় গিয়ে বই বিক্রি ও প্রদর্শন করা হতো, যাতে বই শহরের বাইরেও পৌঁছায়। এর পাশাপাশি গ্রন্থসপ্তাহ, বইবিষয়ক প্রশিক্ষণ, গ্রন্থাগার জরিপ এবং প্রকাশনা ও বই বিপণনের নানা কাজে তিনি যুক্ত ছিলেন। গ্রন্থকেন্দ্রের মাসিক ‘বই’ পত্রিকা তাঁর সময়ে নিয়মিত বের হতো। বই, প্রকাশনা ও গ্রন্থাগার নিয়ে আলোচনা-পর্যালোচনার একটি জরুরি মাধ্যম ছিল এটি। বাংলা নববর্ষে ‘প্রিয়জনকে বই উপহার দিন’ কর্মসূচিও তাঁর উল্লেখযোগ্য অবদান। বই উপহার দেওয়াকে তিনি শুধু ব্যক্তিগত সৌজন্য নয়, সামাজিক ও সাংস্কৃতিক চর্চা হিসেবেও দেখেছেন।
ফজলে রাব্বির কাজের বিশেষত্ব ছিল এই- তিনি গ্রন্থাগার আন্দোলনকে শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব মনে করতেন না। তাঁর বিশ্বাস ছিল, পাঠক তৈরি করতে হলে মানুষকে নিজের উদ্যোগে পাঠাগার গড়তে হবে। এই বিশ্বাস থেকেই তিনি নারায়ণগঞ্জে সুধীজন পাঠাগার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের নানা জায়গায় গণগ্রন্থাগার গড়তে উৎসাহ ও সক্রিয় সহযোগিতা অব্যাহত রেখেছেন। গ্রন্থকেন্দ্র থেকে অবসরের পরও তাই থেমে থাকেননি তিনি। কয়েকজন গ্রন্থাগারপ্রেমীকে নিয়ে ‘বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি’ গঠনে অগ্রণী ভূমিকা নেন। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দেশের নানা অঞ্চলের দেড় শতাধিক গ্রন্থাগার সংগঠক ও কর্মী এতে অংশ নেন। লক্ষ্য ছিল বেসরকারি গ্রন্থাগারগুলোর সমস্যা চিহ্নিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের দাবি তুলে ধরার জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা। সংগঠনের সঙ্গে যুক্ত মানুষদের স্মৃতিচারণে তাঁর সাংগঠনিক তৎপরতা ও ব্যক্তিগত উৎসাহের কথা বারবার এসেছে।
সংগঠনের কাজের পাশাপাশি লেখক ও অনুবাদক হিসেবেও ফজলে রাব্বির আলাদা পরিচয় ছিল। তাঁর লেখার বড় অংশজুড়ে আছে বই, প্রকাশনা, মুদ্রণশিল্প ও গ্রন্থাগারের ইতিহাস। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে বাংলাদেশের গ্রন্থ ও গ্রন্থাগার, গ্রন্থকেন্দ্রের দিনগুলো, ছাপাখানার ইতিকথা, স্মৃতিতে বাংলা একাডেমী, স্মরণীয় বই বরণীয় মানুষ, বৃক্ষই জীবন, ভ্রমণে স্বদেশ ও বিদেশ এবং মোহময় কানাডা। কোনো বইয়ে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার বিবরণ আছে, কোনোটিতে ইতিহাস ও তথ্যের অনুসন্ধান, আবার কোনোটিতে ব্যক্তিগত স্মৃতি ও ভ্রমণের অভিজ্ঞতা। তাঁর ভাষা ছিল সহজ, সরল ও তথ্যনির্ভর।
অনুবাদক হিসেবেও তিনি বাংলা পাঠকের সামনে নানা দেশের সাহিত্য এনেছেন। ইন্দোনেশীয় লেখক মুখতার লুবিসের জাকার্তায় গোধূলি, যে পথের শেষ নেই ও ভয়, জাপানি লেখক নাতসুমে সোসেকির কোকোরো, মাকিওকারা চারবোন ও স্বজন, চিনুয়া আচেবের থিংস ফল অ্যাপার্ট এবং মাইকেল জ্যাকসনের আত্মজীবনী আমার কথা তাঁর উল্লেখযোগ্য অনুবাদ। বিষয়ের বৈচিত্র্য যেমন আছে, তেমনি বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা পাঠকের পরিচয় ঘটানোর আগ্রহ তাঁর কাজকে আলাদা মূল্য দিয়েছে। কথ্য ইতিহাস সংরক্ষণও তাঁর সাহিত্যকর্মের একটি দিক। সরদার ফজলুল করিমের সঙ্গে মিলে তিনি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের দীর্ঘ আলাপচারিতা ধারণ ও সংরক্ষণ করেছেন। পরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা নামে বই আকারে প্রকাশিত হয়।
মানুষকে আপন করে নেওয়ার সহজাত ক্ষমতা ছিল তাঁর আরেকটি বৈশিষ্ট্য। সহকর্মী, লেখক, প্রকাশক, গ্রন্থাগারিক কিংবা তরুণ লেখক—সবার সঙ্গেই তাঁর সম্পর্ক ছিল আন্তরিক। অনেকের স্মৃতিচারণে এসেছে, নতুন লেখকদের তিনি উৎসাহ দিতেন, তাঁদের লেখা পড়তেন, বই প্রকাশের পরামর্শ দিতেন, আর দরকার হলে প্রকাশনা ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় সাহায্য করতেন। তাঁর সঙ্গে পরিচয়ের সূত্রে অনেকে বই ও পাঠাগার আন্দোলনে যুক্ত হয়েছেন। মাসিক ‘বই’ পত্রিকায় লেখার জন্য তরুণদের উৎসাহ দেওয়া এবং দেশের নানা অঞ্চলের পাঠাগার সংগঠকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখা ছিল তাঁর এই স্বভাবেরই প্রকাশ। তাঁর কাছে বইয়ের জগৎ ছিল একটি বড় পরিবার, যেখানে পদমর্যাদা বা পরিচয়ের চেয়ে আগ্রহ ও আন্তরিকতার দাম বেশি।
জীবনের শেষ দিকে কয়েক বছর ছেলের কাছে কানাডায় থাকতে শুরু করলেও দেশের বই ও পাঠাগার আন্দোলনের সঙ্গে তাঁর যোগ ছিন্ন হয়নি। দূর প্রবাস থেকেও তিনি দেশের গ্রন্থাগার সংগঠকদের খোঁজ নিতেন, নানা উদ্যোগের খবর জানতে চাইতেন, দরকারি পরামর্শ ও উৎসাহ দিতেন। কানাডায় ‘ফ্রেন্ডস অব লাইব্রেরি, বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা ছিল তাঁর স্বপ্নের একটি অংশ। বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও বই নিয়ে তাঁর ভাবনা ও লেখালেখি চলেছে। দেশের গ্রন্থাগার আন্দোলনের মানুষদের কাছে শেষ বয়সেও তিনি ছিলেন পরামর্শদাতা ও অনুপ্রেরণার উৎস।
ফজলে রাব্বির দীর্ঘ কর্মজীবনের সব উদ্যোগ হয়তো প্রত্যাশিত ধারাবাহিকতা বা পূর্ণ সাফল্য পায়নি। তাঁর প্রতিষ্ঠিত বা উৎসাহ দেওয়া অনেক উদ্যোগ সময়ের সঙ্গে দুর্বল হয়েছে, কিছু কার্যক্রম বন্ধও হয়ে গেছে। কিন্তু কোনো উদ্যোগকে শুধু চূড়ান্ত সাফল্য দিয়ে মাপা যায় না। একসময় তিনি যে চিন্তা ও চেষ্টা নিয়ে এগিয়েছিলেন, তা বহু মানুষকে বই ও পাঠাগারের কাজে যুক্ত করেছে। সরকারি প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার মধ্যেও তিনি বইকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। অবসরের পরও নিজের উদ্যোগে জাতীয় পর্যায়ের একটি বেসরকারি গ্রন্থাগার সংগঠন গড়ার কাজে যুক্ত থেকেছেন। ব্যক্তিগত লাভ বা পরিচিতির চেয়ে একটি বড় সাংস্কৃতিক প্রয়োজন তাঁর কাছে বেশি মূল্যবান ছিল।
আজ আমরা এমন একজন মানুষকে হারালাম, যাঁর জীবনের বড় অংশ কেটেছে অন্যদের বইয়ের কাছে আনার চেষ্টায়। তাঁর কাজের মূল্যায়নে শুধু দাপ্তরিক পদ বা প্রকাশিত বইয়ের তালিকা দেখলে চলবে না। দেখতে হবে, কত মানুষ তাঁর উৎসাহে পাঠাগার গড়েছেন, কত তরুণ তাঁর অনুপ্রেরণায় লেখালেখি ও প্রকাশনায় এসেছেন, কত পাঠক তাঁর উদ্যোগে নতুন বইয়ের সন্ধান পেয়েছেন। এসবের অনেকটাই হয়তো আনুষ্ঠানিক ইতিহাসে ঠিকমতো লেখা হয়নি। কিন্তু যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁর সান্নিধ্য পেয়েছেন বা তাঁর উদ্যোগের সুফল পেয়েছেন, তাঁদের স্মৃতিতে তিনি অকৃত্রিম বইয়ের মানুষ হিসেবে বেঁচে থাকবেন।
ফজলে রাব্বির জীবন দেখলে বোঝা যায়, সমাজ ও সংস্কৃতির বিকাশে সব অবদান আলোচনার কেন্দ্রে আসে না। কিছু মানুষ নিভৃতে কাজ করে যান, অন্যদের কাজের সুযোগ তৈরি করেন, একটি দরকারি উদ্যোগ এগিয়ে নিতে নিজের সময় ও সামর্থ্য ব্যয় করেন। তাঁদের কাজের ফল অনেক সময় তাঁদের জীবদ্দশায় পূর্ণতা পায় না, কিন্তু পরের প্রজন্মের জন্য পথ খুলে দেয়। ফজলে রাব্বি ছিলেন তেমনই একজন। তাঁর স্মৃতি ও কাজ সংরক্ষণ করা এবং বই ও পাঠাগার আন্দোলনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এখন আমাদের দায়িত্ব।
লেখক: লেখক ও গবেষক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



