‘কোথাও কেউ নেই’: বাকের ভাইয়ের মৃত্যু, এক জাতির সম্মিলিত শোক

ঢাকা পেপার্স গ্রাফিক্স
হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের ফাঁসি ঘিরে নব্বইয়ের দশকে বাংলাদেশজুড়ে তৈরি হয়েছিল অভূতপূর্ব আবেগ ও প্রতিবাদ। ফিরে দেখা সেই সাংস্কৃতিক ঘটনা।
দূরের কোনো মসজিদের মিনার থেকে ভেসে আসছে ফজরের আজান—‘আসসালাতু খাইরুন মিনান নাওম’ (ঘুমের চেয়ে নামাজ উত্তম)। ভোরের সেই অদ্ভুত নীলাভ অন্ধকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারী লোহার ফটকটি ক্যাঁচক্যাঁচ শব্দে খুলে গেল। ভেতরে পা বাড়ালেন মুনা। সামনে এসে দাঁড়ালেন এক কারারক্ষী। নিয়মমাফিক নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইলেন, “আপনি কি ডেডবডি রিসিভ করবেন? কাগজপত্র এনেছেন?” মুনা নিঃশব্দে কাগজ এগিয়ে দিলেন।
লোকটি আবার তাকালেন। কণ্ঠে এবার সামান্য কৌতূহল, “আপনি বাকেরের কে হন?” মুনা এক মুহূর্ত স্থির হয়ে রইলেন। বুকের গভীর থেকে উঠে আসা এক অন্তহীন শূন্যতাকে আড়াল করে উত্তর দিলেন, “আমি... আমি কেউ না।”
লাশ বের হয়ে এলো। সোনালি রোদের আলোয় ঢাকা চত্বরে মুনা গিয়ে বসলেন বাকেরের নিথর মরদেহের পাশে। ব্যাকগ্রাউন্ডে হঠাৎ বেজে উঠল এক পরাবাস্তব সুর—‘হাওয়া ম্যায় উড়তা যায়ে মোরা লাল দোপাট্টা মলমল কা...’। বাকেরের প্রিয় সেই চটুল হিন্দি গানটি তখন আর আনন্দের অনুভূতি জাগায় না; বরং বাতাসে ছড়িয়ে দেয় এক তীব্র বিদ্রূপ ও একাকিত্বের সুর। কিছুক্ষণ পর মুনা উঠে দাঁড়ালেন। ধীর পায়ে হেঁটে চলে গেলেন রাজপথের দিকে।
১৯৯৩ সালের ২১ সেপ্টেম্বরের সেই রাতে এভাবেই পর্দা নেমেছিল ‘কোথাও কেউ নেই’ নাটকের। তবে এই সমাপ্তি কেবল একটি নাটকের শেষ পর্ব ছিল না; ছিল একটি জাতির সম্মিলিত হৃৎস্পন্দনের করুণ অপমৃত্যু।
রাত আটটার সংবাদের পর ঢাকা শহর যেন এক অলিখিত কারফিউয়ের চাদরে মুখ ঢেকেছিল। ব্যস্ত ফার্মগেট, গুলিস্তান কিংবা নিউমার্কেট—কোথাও রিকশার টুংটাং শব্দ ছিল না, ছিল না বাসের তীব্র হর্ন। ফুটপাতের চায়ের দোকান থেকে অভিজাত ড্রয়িংরুম—সারা বাংলাদেশ তখন বিটিভির পর্দার সামনে স্তব্ধ। বিশ্ব নাটকের ইতিহাসে কোনো কাল্পনিক চরিত্রের জন্য একটি সমগ্র জাতির এভাবে প্রার্থনায় বসার নজির বিরল।
এই অভূতপূর্ব ঘটনার নেপথ্যে ছিলেন বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ। তিনি কেবল একটি নাটক নির্মাণ করেননি; নব্বইয়ের দশকের শহুরে মধ্যবিত্তের মনোজগতে ঘটিয়েছিলেন এক ধরনের মনস্তাত্ত্বিক বিপ্লব।
মধ্যবিত্ত সাধারণত আপসকামী, ভীরু ও সুরক্ষাপ্রবণ। অন্যায় দেখেও ব্যক্তিস্বার্থের কারণে অনেক সময় তারা চোখ বুজে থাকে। হুমায়ূন আহমেদ ঠিক এই আপসের প্রবণতার মূলে কুঠারাঘাত করেছিলেন ‘বাকের ভাই’ চরিত্রটি নির্মাণের মধ্য দিয়ে। বাকের ভাই কোনো উচ্চশিক্ষিত সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন না। মোড়ে দাঁড়িয়ে চা খাওয়া, চাবির রিং ঘোরানো আর বাকরখানি চিবানো এক ‘রোমান্টিক মাস্তান’। কিন্তু তাঁর ভেতরে ছিল এমন এক মেরুদণ্ড, যার অভাব মধ্যবিত্তের চরিত্রে প্রায়ই দেখা যায়—অন্যায় না-সওয়ার দুর্লভ সাহস এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
ড্রয়িংরুমে বসে আপস করে বেঁচে থাকা মধ্যবিত্ত বাকের ভাইয়ের মধ্যে খুঁজে পেয়েছিল নিজেদের অবদমিত বীরত্ব। ফলে বাকের ভাই আর নিছক টেলিভিশন চরিত্র থাকেননি; হয়ে উঠেছিলেন তাদের আত্মিক মুক্তির প্রতীক।
আর তাই বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে নাটকের শেষ পর্বের আগে যা ঘটেছিল, তা সমাজতাত্ত্বিক গবেষণার বিষয় হতে পারে। বডির মিথ্যা সাক্ষ্যে যখন বাকেরের ফাঁসি নিশ্চিত হয়ে উঠল, তখন সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছিল। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাড়া-মহল্লায় ব্যানার ঝুলেছিল—“বাকের ভাইয়ের ফাঁসি কেন, প্রশাসন জবাব চাই!” দেয়াল ভরে উঠেছিল স্লোগানে—“বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে!”
হুমায়ূন আহমেদের শহীদুল্লাহ হলের বাসায় পাঠানো হয়েছিল শত শত চিঠি। কেউ অনুরোধ করেছিল, কেউ রক্ত দিয়ে চিঠি লিখে হুমকি দিয়েছিল। এমনকি দরজায় কাফনের কাপড় রেখে শাসিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল—বাকেরের ফাঁসি হলে লেখকের পরিণতি ভালো হবে না! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে লেখককে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। রাষ্ট্রের উচ্চপর্যায় থেকেও চিত্রনাট্য বদলানোর বার্তা গিয়েছিল বলে জানা যায়। কিন্তু হুমায়ূন আহমেদ আপস করেননি। শিল্পের নিষ্ঠুর সততায় তিনি অটল ছিলেন।
সেই শেষ দৃশ্য আজও কোটি দর্শকের মনে গভীর ক্ষতচিহ্ন হয়ে আছে। ফাঁসির মঞ্চে ওঠার আগে বাকের ভাইয়ের শেষ ইচ্ছা ছিল কেবল এক কাপ চা আর একটি সিগারেট। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনের প্রতি তাঁর এই নির্লিপ্তি যেন চরিত্রটির স্বভাবেরই এক চূড়ান্ত প্রকাশ। অন্যদিকে, আসাদুজ্জামান নূরের চোখের শান্ত দৃষ্টি যেন বিচারহীন এক সমাজের প্রতি নীরব ধিক্কার ছুড়ে দিচ্ছিল।
ফাঁসির দড়ি যখন বাকেরের গলায় চেপে বসল, বিটিভির পর্দা তখন কালো হয়ে গেল। সারা বাংলাদেশ যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে পড়ল। অসংখ্য বাঙালি পরিবারে সেদিন রাতে চুলা জ্বলেনি। মানুষ কেঁদেছিল নিজের কোনো রক্তের স্বজনকে হারানোর বেদনায়।
তবে নাটকের এই মহাকাব্যিক হাহাকারের পর আমরা যদি হুমায়ূন আহমেদের মূল উপন্যাসের পাতায় চোখ ফেরাই, সেখানে অপেক্ষা করে আছে আরও এক বরফশীতল বাস্তবতা। উপন্যাসে নেই রাজপথের স্লোগান, নেই দৃশ্যমান কোনো ফাঁসির মঞ্চ। সেখানে জীবন আরও বেশি গদ্যময়, নিষ্ঠুর ও নিঃসঙ্গ। বাকের ভাইয়ের চলে যাওয়ার পর সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। মুনার আত্মীয়স্বজন যে যার মতো নিজেদের জীবন গুছিয়ে নেয়। মুনার জন্য কোথাও কোনো সান্ত্বনা অবশিষ্ট থাকে না।
উপন্যাসের শেষ মুহূর্তে মুনা এসে দাঁড়ায় তার বারান্দায়। বাইরে গাঢ় অন্ধকার, ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জনমানবহীন রাস্তা। মুনা উপলব্ধি করে, মানুষের চরম সত্য তার নিঃসঙ্গতা। বিপদের সময় পাশে থাকার কেউ নেই, ভালোবাসার হাত ধরে পথ চলার কেউ নেই।
উপন্যাসের শেষ বাক্যটি কোনো অশ্রুজল নয়; বরং এক আদিগন্ত হাহাকার হয়ে পাঠকের বুকে প্রতিধ্বনিত হয়। চারপাশে আলো-আঁধারির খেলা, অথচ এই মহাবিশ্বের কোনো প্রান্তেই নিজের বলতে যেন সত্যিই ‘কোথাও কেউ নেই’।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



