প্রত্যাখ্যাত এক দার্শনিকের চিন্তায় বদলে গেছে কোটি মানুষের জীবন

ঢাকা পেপার্স
কনফুসিয়াসের দর্শনে ব্যক্তিগত নৈতিকতা, পারিবারিক দায়িত্ব, সামাজিক শৃঙ্খলা, শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়ভিত্তিক শাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাঁর চিন্তা চীনের রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাপদ্ধতি ও সামাজিক সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। চীনের পাশাপাশি কোরিয়া, জাপান ও ভিয়েতনামসহ পূর্ব এশিয়ার বিভিন্ন সমাজেও কনফুসীয় দর্শনের প্রভাব বিস্তার করে
সারা জীবন একটি আদর্শ সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরেছেন। শাসকদের বুঝিয়েছেন, কীভাবে ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে সমাজ পরিচালনা করা যায়। কিন্তু সমসাময়িক ক্ষমতাবানেরা তাঁর কথা শোনেননি। রাজারা তাঁকে প্রত্যাখ্যান করেছেন, প্রভাবশালীরা উপহাস করেছেন। জীবনের শেষভাগে হতাশা ও একাকীত্বের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি। জীবদ্দশায় নিজের জীবনকে ব্যর্থ বলেই মনে হয়েছিল তাঁর।
কিন্তু ইতিহাসের বিচারে সেই মানুষটি মোটেও ব্যর্থ নন। যেসব রাজা একসময় তাঁকে উপেক্ষা করেছিলেন, তাঁদের অনেকের নামই আজ বিস্মৃত। অথচ তাঁর চিন্তা ও দর্শন এখনো কোটি কোটি মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে প্রভাব বিস্তার করে চলেছে। তিনি প্রাচীন চীনের দার্শনিক কনফুসিয়াস।
খ্রিষ্টপূর্ব ৫৫১ অব্দে প্রাচীন চীনের লু রাজ্যে জন্মগ্রহণ করেন কনফুসিয়াস। শৈশবেই বাবাকে হারান তিনি। মায়ের কাছে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন। সংসার চালাতে তরুণ বয়সে শস্যের গুদাম দেখাশোনা এবং পশুর খামারে হিসাবরক্ষকের কাজ করেছেন। তবে জীবিকার তাগিদে এসব কাজ করলেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। অবসর সময়ে ইতিহাস, সংগীত ও প্রাচীন ঐতিহ্য নিয়ে পড়াশোনা করতেন এবং সমাজের নৈতিক ভিত্তি নিয়ে ভাবতেন।
কনফুসিয়াসের বেড়ে ওঠার সময় চীন ছিল রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতে বিপর্যস্ত। ইতিহাসে এ সময়কে ‘বসন্ত ও শরৎকাল’ নামে অভিহিত করা হয়। তখন চীনের ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা ও ভূখণ্ড দখলের লড়াই চলত। শাসকদের ক্ষমতার দ্বন্দ্বে সমাজে অস্থিরতা বাড়ছিল, দুর্বল হয়ে পড়ছিল নৈতিক ও সামাজিক শৃঙ্খলা।
এই পরিস্থিতিতে কনফুসিয়াস মনে করতেন, অস্ত্রের জোরে ভূখণ্ড দখল করা সম্ভব হলেও মানুষের মন জয় করা যায় না। বলপ্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতি ও প্রশাসনের সঙ্গে যুক্ত হন। নিজ রাজ্য লুতে বিচার ও প্রশাসনিক দায়িত্বও পালন করেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়ার কথা ঐতিহাসিক বিবরণে উঠে এসেছে। তবে রাজদরবারের রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতাকেন্দ্রিক বিরোধের কারণে শেষ পর্যন্ত তিনি প্রভাব হারান।
এরপর শুরু হয় তাঁর দীর্ঘ ভ্রমণজীবন। প্রায় ১৪ বছর ধরে অল্প কয়েকজন অনুসারীকে নিয়ে চীনের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান কনফুসিয়াস। বিভিন্ন শাসকের কাছে নিজের রাজনৈতিক ও নৈতিক দর্শন তুলে ধরেন। তাঁর লক্ষ্য ছিল এমন এক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ক্ষমতার চেয়ে ন্যায়বিচার, ব্যক্তিস্বার্থের চেয়ে সামাজিক দায়িত্ব এবং বলপ্রয়োগের চেয়ে নৈতিকতার গুরুত্ব বেশি থাকবে।
কিন্তু জীবদ্দশায় তাঁর চিন্তা খুব বেশি শাসকের সমর্থন পায়নি। রাজনৈতিক প্রতিকূলতা, প্রত্যাখ্যান ও নানা বাধার মধ্য দিয়ে তাঁর ভ্রমণ চলতে থাকে। শেষ পর্যন্ত তিনি নিজ রাজ্যে ফিরে আসেন। খ্রিষ্টপূর্ব ৪৭৯ অব্দে, প্রায় ৭২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
তবে কনফুসিয়াসের চিন্তা তাঁর মৃত্যুর সঙ্গে হারিয়ে যায়নি। তাঁর ছাত্র ও অনুসারীরা শিক্ষকের বক্তব্য, উপদেশ ও কথোপকথন সংকলন করেন। এই সংকলনই পরবর্তীকালে ‘লুন ইউ’ বা ‘অ্যানালেক্টস’ নামে পরিচিতি পায়।
কনফুসিয়াসের দর্শনে ব্যক্তিগত নৈতিকতা, পারিবারিক দায়িত্ব, সামাজিক শৃঙ্খলা, শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়ভিত্তিক শাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাঁর চিন্তা চীনের রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাপদ্ধতি ও সামাজিক সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। চীনের পাশাপাশি কোরিয়া, জাপান ও ভিয়েতনামসহ পূর্ব এশিয়ার বিভিন্ন সমাজেও কনফুসীয় দর্শনের প্রভাব বিস্তার করে।
জীবদ্দশায় যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি রাজদরবারে ঘুরেছেন, তা তিনি নিজে দেখে যেতে পারেননি। কিন্তু তাঁর মৃত্যুর বহু শতাব্দী পরও তাঁর চিন্তা ও দর্শন মানুষের সমাজ, নৈতিকতা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে আছে। একসময় যাঁকে শাসকেরা প্রত্যাখ্যান করেছিলেন, ইতিহাস তাঁকেই স্মরণীয় করে রেখেছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



