ফতোয়ার কাঠগড়ায় ইকবাল ও নজরুল: ধর্মান্ধতার বিরুদ্ধে দুই কবির দ্রোহ


ঢাকা পেপার্স গ্রাফিক্স
ফতোয়াবাজির প্রযুক্তি বদলেছে, কিন্তু ধর্মান্ধতার অন্ধকার মনস্তত্ত্ব একচুলও বদলায়নি। আজও কাঠমোল্লারা মঞ্চে দাঁড়িয়ে যাঁর জয়গান গায়, শতবর্ষ পূর্বে তাঁরই রক্তের জন্য তারা উন্মত্ত হয়েছিল। কবিরা বেঁচে থাকেন তাঁদের সৃষ্ট আগুনের ডানায় ভর করে, আর ফতোয়াবাজরা নিক্ষিপ্ত হয় ইতিহাসের আঁস্তাকুড়ে।
হাতের মুঠোয় জ্বলজ্বল করা নিয়ন স্ক্রিনের নীল আলো এখন এক অদৃশ্য কসাইখানা। বাটন ফোনের সরল যুগ পেরিয়ে মানুষ যখন স্মার্টফোনের স্পর্শকাতর পর্দায় নিজের অস্তিত্ব সঁপে দিয়েছে, তখন এক ক্লিকেই নির্ধারিত হয়ে যায় কারও জীবন কিংবা মরণ। সামান্য মতভিন্নতা? মৃত্যুদণ্ড ‘কাফের’! প্রচলিত বয়ানের বাইরে গিয়ে কোনো সত্য উচ্চারণ? রায় চূড়ান্ত, ‘মুরতাদ’! নিমেষেই ভার্চুয়াল গণআদালত বসে, তারপর বাস্তবের রাজপথে নেমে আসে পেট্রোলের আগুন আর গণপিটুনির নারকীয় উল্লাস।
অনেকেই গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন, “আমরা আগে কত ভালো ছিলাম!”
ইতিহাসের মহাফেজখানা কিন্তু এই সান্ত্বনাকে সপাটে অস্বীকার করে। ইতিহাস বলে, আমরা কখনোই ভালো ছিলাম না। এই বিষাক্ত ফতোয়া, ভিন্নমতের রক্তপান আর ধর্মের রাজনৈতিক মনোপলির খেলা আজকের ফেসবুক বা টিকটকের আবিষ্কার নয়। ক্ষমতার মসনদ আর কাঠমোল্লাতন্ত্র যুগে যুগে একই অস্ত্র শানিয়ে এসেছে। যে খড়্গ আজ সোশ্যাল মিডিয়ায় উদ্যত, শতবর্ষ আগে সেই একই খড়্গ নেমে এসেছিল উপমহাদেশের দুই শ্রেষ্ঠ মনীষীর গলার ওপর—পাকিস্তানের আধ্যাত্মিক জনক কবি আল্লামা মুহাম্মদ ইকবাল এবং বাংলার ধূমকেতু কাজী নজরুল ইসলামের। রাষ্ট্র, ধর্ম আর সাহিত্যের এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল কোনো শিল্পবিতর্ক ছিল না; এ ছিল টিকে থাকার, আধিপত্যের এবং মুক্তবুদ্ধির এক শ্বাসরুদ্ধকর রাজনৈতিক খেলা।
সাল ১৯০৯। পাঞ্জাবের ঐতিহাসিক শহর লাহোর। আঞ্জুমান-ই-হিমায়াত-ই-ইসলামের বার্ষিক জনসভা। হাজার হাজার উলেমা, সুফি আর সাধারণ মুসলিম সমবেত হয়েছেন। মঞ্চে উঠলেন বিলিতি স্যুট পরা, কেমব্রিজ ও মিউনিখ ফেরত এক তরুণ ব্যারিস্টার মুহাম্মদ ইকবাল। পিনপতন নীরবতা। কিন্তু ইকবাল যা পাঠ করতে শুরু করলেন, তা কোনো প্রচলিত বিনম্র প্রার্থনা ছিল না; তা ছিল রাজদ্রোহের মতো বিস্ফোরক এক কবিতা, ‘শিকওয়া’ (অভিযোগ)।
ইকবাল সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন স্বয়ং স্রষ্টাকে। মুসলিম উম্মাহর পতন, সাম্রাজ্যবাদের দাসত্ব আর অপমানের দলিল পেশ করে কবির কণ্ঠ থেকে যেন বের হয়ে এলো আগ্নেয়গিরির লাভা,
“হম তো মায়েল বা করম হ্যায়, কোই সায়েল হি নহীঁ...
রাহ দিখলায়েঁ কিসে, রহ রওয়া কোই নহীঁ!”
(আমরা তো করুণা করতে প্রস্তুত, কিন্তু কোনো যাচকই তো নেই...
কাকে পথ দেখাব, কোনো পথিকই তো নেই!)
এরপরই ইকবাল ছুড়ে দিলেন সেই চরম স্পর্ধার চরণ, যা তৎকালীন মুসলিম ধর্মীয় সমাজের মেরুদণ্ডে ভীতি ও ক্রোধের বিদ্যুৎ সঞ্চার করল-
“কভি হম সে কভি গায়রোঁ সে শানাসাই হ্যায়,
বাত কহনে কি নহীঁ তু ভি তো হারজাই হ্যায়!”
(কখনো তুমি আমাদের প্রতি সদয়, কখনো পরদের প্রতি পরিচিত;
বলা তো অনুচিত, তবুও বলি, তুমিও কি তবে চঞ্চল বা অবিশ্বস্ত?)
‘হারজাই’! স্রষ্টার শানে একজন চঞ্চলা, নিষ্ঠাহীন প্রেমিকার রূপক!
মুহূর্তের মধ্যে লাহোরের মঞ্চে যেন বোমা ফাটল। গোঁড়া আলেমদের মুখমণ্ডল ক্রোধে বিকৃত হয়ে উঠল। দেওবন্দ থেকে বেরেলি, সবখান থেকে একযোগে গর্জে উঠল ফতোয়ার তোপখানা। লাহোরের উজির খান মসজিদের মিম্বর থেকে ঘোষণা এলো যে, এই কবি পথভ্রষ্ট, ধর্মদ্রোহী। তাঁকে ‘কাফের’ এবং ‘মুরতাদ’ ঘোষণা করা হলো। ১৯২৫ সাল নাগাদ ‘রোজনামা জমিদার’সহ বহু পত্রিকায় ছাপা হলো ইকবালের কুফরির দলিল। কাঠমোল্লাদের রায় ছিল দ্ব্যর্থহীন—আল্লাহর ন্যায়বিচার ও আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা বান্দা আর যাই হোক, মুসলিম হতে পারে না।
ইকবাল ততদিনে রক্ষণশীলতার চোখে চিহ্নিত হয়ে গেছেন এক বিপজ্জনক ‘পাশ্চাত্যের চর’ হিসেবে।
লাহোরের আগুন যখন ধিকিধিকি জ্বলছে, ঠিক তখনই ১৯২১ সালের ডিসেম্বরের এক শীতের রাতে কলকাতার ৩/৪ সি তালতলা লেনের এক স্যাঁতসেঁতে ঘরে পেন্সিল হাতে জেগে উঠলেন বাইশ বছরের এক যুবক কাজী নজরুল ইসলাম। এক বসায় তিনি লিখে ফেললেন বাংলা সাহিত্যের সবচেয়ে বিধ্বংসী কবিতা ‘বিদ্রোহী’।
কবিতাটি প্রকাশিত হওয়ামাত্রই কলকাতার রক্ষণশীল মুসলিম বলয়ে ভূকম্পন শুরু হলো। মাওলানা মোহাম্মদ আকরম খাঁর ‘মাসিক মোহাম্মদী’, ‘ইসলাম দর্শন’ এবং কট্টরপন্থীদের আখড়াগুলো থেকে শুরু হলো নজরুলের চরিত্রহননের পৈশাচিক উৎসব। কারণ কী? নজরুল লিখেছেন,
“আমি বিধির বুকে এঁকে দেব পদচিহ্ন!”
“আমি পরশুরামের কঠোর কুঠার...”
মৌলবীদের ফতোয়া এলো দ্রুতগতিতে—‘বিধির বুকে পদচিহ্ন’ আঁকা চরম শিরক ও খোদাদ্রোহিতা! তদুপরি মুসলিম হয়ে বলরাম, রুদ্র, পরশুরামের মতো হিন্দু পৌরাণিক প্রতীকের জয়গান গাওয়া নির্ভেজাল কুফরি।
নজরুল তাদের আগুনে ঘি ঢাললেন ব্যক্তিগত জীবনেও। তিনি কোনো নারীকে ইসলামে ধর্মান্তরিত না করেই বিয়ে করলেন হিন্দু ব্রাহ্ম পরিবারের কন্যা আশালতা সেনগুপ্তকে (প্রমিলা দেবী)। সন্তানদের নাম রাখলেন হিন্দু ও মুসলিম ঐক্যের অদ্ভুত রসায়নে—কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ফলাফল হলো সর্বাত্মক সামাজিক বয়কট। আঞ্জুমানে ওলামা নজরুলকে ঘোষণা করল ‘কাফের’ ও ‘মুরতাদ’। অপরদিকে কট্টর হিন্দুত্ববাদীরা তাঁকে ডাকল ‘যবন’ ও ‘নেড়ে’ বলে।
চারপাশের এই হিংস্র ধর্মান্ধতার জবাবে নজরুল কোনো ক্ষমা চাইলেন না, পিছু হটলেন না। বরং কলমকে তরবারি বানিয়ে লিখলেন ‘আমার কৈফিয়ত’।
“মৌলোভী যত মৌলবী আর ‘পুরুত’ করেন খাসা,
এ দুই জাতের দুই দিকে ঠিক একই রকম ভাষা।
(মৌলবী’রা কন, ‘চ্যাওড়া টুপি না পরার ফল পাইলি!
...টিকিওয়ালারা কয়, ‘মারো শালারে মারো!’)
নজরুল উন্মোচন করে দিলেন ধর্মব্যবসার নগ্ন রাজনৈতিক কঙ্কাল। দেখিয়ে দিলেন, পুরোহিত আর মোল্লার ভাষা আসলে এক, তা হলো শোষণের ভাষা।
লাহোরে ফিরে যাওয়া যাক। ফতোয়াবাজির তীব্র ঝড়ে ইকবাল কিন্তু ভেঙে পড়েননি। তিনি জানতেন, সংকীর্ণ মোল্লাতন্ত্রের বৌদ্ধিক ক্ষমতা কতটুকু। দেওবন্দের আলেমরা দাবি করেছিলেন, তাঁরা ইকবালের ‘শিকওয়া’র দাঁতভাঙা জবাব দেবেন। কিন্তু কেটে গেল চার চারটি বছর। দেওবন্দের মসজিদজীবীরা ইকবালের তোলা অস্তিত্ববাদী প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না।
অবশেষে ১৯১৩ সালে ইকবাল নিজেই চাললেন তাঁর মোক্ষম ট্রাম্পকার্ড। তিনি রচনা করলেন ‘জওয়াব-ই-শিকওয়া’ (অভিযোগের জবাব)। এটি ছিল এক অতুলনীয় মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক মাস্টার স্ট্রোক। এবার আর মানুষের অভিযোগ নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কবি উত্তর দিলেন বজ্রকণ্ঠে-
“হাঁদ তো হ্যায় এক মাগার তুম তো ওহ ভি নহীঁ...
তুম হো সৈয়দ ভি, মির্জা ভি, আফগান ভি হো,
তুম সব কুছ হো, বাতাও তো মুসলমান ভি হো?”
(স্রষ্টা তো এক, কিন্তু তোমরা কি এক হতে পেরেছ? তোমরা সৈয়দ, মির্জা, পাঠান, সব পরিচয়ে বিভক্ত; সত্যি করে বলো তো, তোমরা কি আদৌ মুসলমান?)
ইকবাল টেবিল উল্টে দিলেন। তিনি প্রমাণ করলেন, পতনের জন্য খোদা দায়ী নন; দায়ী মুসলমানদের কর্মবিমুখতা, নৈতিক অবক্ষয়, গোত্রীয় বিভেদ আর কোরআনের বিপ্লবী দর্শন ছেড়ে মোল্লাদের অন্ধ আনুগত্য। ‘জওয়াব-ই-শিকওয়া’ শোনার পর নিখিল ভারত স্তব্ধ হয়ে গেল। যে আলেমরা এতদিন তাঁকে পাথর মারার ফতোয়া দিচ্ছিলেন, তাঁরা নিজেদের মেধার দেউলিয়াত্ব বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়লেন। পরাজয় ঢাকতে তাঁরা এবার উল্টো কৌশল নিলেন। যে কবিকে গতকাল ‘কাফের’ বলা হয়েছিল, তাঁকেই রাতারাতি ভূষিত করা হলো ‘আল্লামা’ (মহাপণ্ডিত) এবং ‘হাকিমুল উম্মত’ (উম্মাহর বিজ্ঞ চিকিৎসক) উপাধিতে!
কুফরির অন্ধকূপ থেকে ইকবালকে ছিনিয়ে এনে আলেমসমাজ নিজেদের মাথায় তুলে নিল। এ ছিল ধর্মতত্ত্বের ওপর কবিতার এক ঐতিহাসিক বিজয়। কিন্তু ইকবাল সেখানেও থামেননি। ১৯১৫ সালে তিনি ফারসিতে লিখলেন ‘আসরার-ই-খুদি’ (আত্মার রহস্য)। এবার তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু হলো প্রচলিত সুফিবাদ ও পারস্যের কবি হাফিজ সিরাজি। ইকবাল বললেন, ওয়াহদাতুল উজুদ (অদ্বৈতবাদ) আর মরমি বৈরাগ্য মুসলমানদের একটি কাপুরুষ, অলস এবং পরনির্ভরশীল জাতিতে পরিণত করেছে।
ইকবাল দাঁড় করালেন তাঁর যুগান্তকারী দর্শন ‘খুদি’ (অহং বা আত্মচেতনা)। যেখানে মানুষ নিজেকে ঈশ্বরের মধ্যে বিলীন করে দেবে না, বরং নিজের সত্তাকে এত প্রবল করবে যাতে সে সৃষ্টির নিয়ন্তা হয়ে ওঠে-
“খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তাকদির সে পেহলে
খোদা বান্দে সে খোদ পুছে বাতা তেরি রাজা কিয়া হ্যায়!”
(নিজের আত্মাকে এতটা উচ্চতায় নিয়ে যাও, যেন প্রতিবার ভাগ্য লেখার আগে স্বয়ং খোদা তোমাকে জিজ্ঞেস করেন, বলো, তোমার ইচ্ছাটা কী?)
গোঁড়াপন্থীরা আবার খেপে উঠল। অভিযোগ উঠল, ইকবাল জার্মান দার্শনিক ফ্রিডরিশ নিৎশের ‘অতিমানব’ তত্ত্ব এনে ইসলামকে বিকৃত করছেন। কিন্তু এখানেই ইতিহাসের সবচেয়ে অন্ধকার তামাশাটি উন্মোচিত হয়। আজকের যে রাজনৈতিক মোল্লাতন্ত্র কিংবা জামায়াত ও হেফাজতি গোষ্ঠী ইকবালের শ্লোক আউড়ে মঞ্চ কাঁপায়, তারা কি জানে, ঠিক একইভাবে মুসলিম ইতিহাসের স্বর্ণযুগের পুরোধা ইবনে সিনাকে কাফের ফতোয়া দিয়েছিলেন ইমাম গাজ্জালি তাঁর ‘তাহাফুত আল ফালাসিফা’ গ্রন্থে? ইবনে তাইমিয়া তাঁকে বলেছিলেন ‘বাতেনি ও নাস্তিক’, আর ইবনুল কাইয়্যিম দিয়েছিলেন ‘ইমামুল মুলহিদীন’ (নাস্তিকদের ইমাম) খেতাব! ওমর খৈয়ামের রুবাইয়াতে মুক্তচিন্তা ও ভণ্ডামিবিরোধী শ্লোক দেখে তাঁকে অভিহিত করা হয়েছিল ‘মদ্যপ কাফের’ হিসেবে।
অথচ আজ? নিজেদের দেউলিয়াত্ব ঢাকতে জামায়াত ও শিবির তাদের করপোরেট হাসপাতালের নাম রাখে ‘ইবনে সিনা’, ওয়াজ মাহফিলে গর্বভরে খৈয়াম আর ইকবালের নাম বেচে ধর্মব্যবসা চালায়। অথচ এই একই গোষ্ঠী বাংলা সাহিত্যের মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘হিন্দু কবি’ আখ্যা দিয়ে ঘৃণা উগরে দেয়। যে মনীষীদের তাঁরা জীবদ্দশায় বেঁচে থাকতে দেননি, মৃত্যুর পর তাঁদেরকেই নিজেদের ব্যানারে সেঁটে দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার বানায়। এ কোনো ধর্মীয় নিষ্ঠা নয়, এ হলো রাজনৈতিক সুবিধাবাদের চরম নিকৃষ্ট রূপ।
ইকবাল শুধু ভাবুক ছিলেন না; ছিলেন বাস্তববাদী রাজনৈতিক কৌশলী। তিনি বুঝতে পেরেছিলেন, উপনিবেশ-পরবর্তী ভারতে মুসলিম জাতীয়তাবাদের রাজনীতির বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ১৯৩০ সালের ২৯ ডিসেম্বর, এলাহাবাদে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশন। সভাপতির মঞ্চে দাঁড়ালেন স্যার মুহাম্মদ ইকবাল।
তিনি এক ঐতিহাসিক রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন। ব্রিটিশ ভারত ভেঙে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করলেন। এই ‘এলাহাবাদ ভাষণ’ই ছিল পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামক রাষ্ট্রের প্রথম ভ্রূণ।
ইকবাল লন্ডনে নির্বাসিত ও হতাশ হয়ে পড়া ব্যারিস্টার মুহাম্মদ আলী জিন্নাহকে একের পর এক চিঠি লিখতে শুরু করলেন। ইকবাল জিন্নাহকে পাকিস্তান আন্দোলনে অগ্রসর ভূমিকা নিতে উদ্বুদ্ধ করলেন।ইকবালের দার্শনিক চিন্তাই জিন্নাহর রাজনীতিতে রূপান্তরিত হলো। ইকবাল হয়ে উঠলেন পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, ‘মুফাক্কির-ই-পাকিস্তান’। যদিও ১৯৩৮ সালের ২১ এপ্রিল এই কবি ও দার্শনিক চোখ বুজলেন, তাঁর কল্পিত রাষ্ট্র পাকিস্তান দেখার সুযোগ তাঁর হয়নি; কিন্তু মৃত্যুর মাত্র নয় বছর পর, ১৯৪৭ সালে, জন্ম নিল এক নতুন মানচিত্র।
ইতিহাসের এক অদ্ভুত ও নির্মম সমান্তরাল ট্র্যাজেডি এই যে, যে সমাজে মুক্তচিন্তক, কবি ও দার্শনিকদের জন্ম হয়, সেই সমাজই প্রথম তাঁদের রক্তপানের জন্য উন্মাদ হয়ে ওঠে। নজরুল আর ইকবাল, দুই ভূখণ্ডের দুই দিকপাল, উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল অজ্ঞতার দরবারে। নজরুল ধর্মের খোলস ভেঙে জয়গান গেয়েছিলেন শোষিত মানুষের; ইকবাল পরাধীনতার শৃঙ্খল গুঁড়িয়ে জাগিয়ে তুলতে চেয়েছিলেন মানুষের সুপ্ত ‘খুদি’ বা আত্মমর্যাদাকে। উভয়ের অপরাধ ছিল একটাই, তাঁরা অন্ধ শাস্ত্রীয় তোতাপাখিদের মতো পূর্বপুরুষের স্থবিরতাকে মেনে নেননি। তাঁরা প্রচলিত ধর্মতত্ত্বের রুদ্ধ দুয়ারে লাথি মেরে মুক্তবুদ্ধির আলো প্রবেশ করাতে চেয়েছিলেন।
আজকের ফেসবুক লাইভ, কমেন্টবক্সের হিংস্রতা আর ডিজিটাল তলোয়ারবাজির যুগে দাঁড়িয়ে সেই ইতিহাস যেন আরও বেশি জীবন্ত, আরও বেশি ভীতিপ্রদ। ফতোয়াবাজির প্রযুক্তি বদলেছে, কিন্তু ধর্মান্ধতার অন্ধকার মনস্তত্ত্ব একচুলও বদলায়নি। আজও কাঠমোল্লারা মঞ্চে দাঁড়িয়ে যাঁর জয়গান গায়, শতবর্ষ পূর্বে তাঁরই রক্তের জন্য তারা উন্মত্ত হয়েছিল। কবিরা বেঁচে থাকেন তাঁদের সৃষ্ট আগুনের ডানায় ভর করে, আর ফতোয়াবাজরা নিক্ষিপ্ত হয় ইতিহাসের আঁস্তাকুড়ে। শত ফতোয়া, কাফের তকমা আর সামাজিক নিগ্রহের ছাইচাপা ভেদ করে ইকবাল আর নজরুলের কণ্ঠ আজও মহাশূন্যে এক বিপ্লবী দ্রোহের মতো প্রতিধ্বনিত হয়-
“মোর পথচলা শেষ হল না তো, আমার চলার তৃষ্ণা জাগে,
পাষাণকারা ভাঙল কেবল, রক্তরাঙা প্রভাত আগে!”
-- --
লেখকঃ কবি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



