অযান্ত্রিক সিনেমার মহাকব্যিক ফ্রেম এবং শুভ জন্মদিন, ঋত্বিক ঘটক

শফি রহমান
শফি রহমান
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৪পরিবর্তন করতে ক্লিক করুন
অযান্ত্রিক সিনেমার মহাকব্যিক ফ্রেম এবং শুভ জন্মদিন, ঋত্বিক ঘটক

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

পুঁজিবাদী বিচ্ছিন্নতা ও যন্ত্র-সম্পর্ককে হারিয়ে এইযে আদিবাসী জীবন আর সহজ শৈশবের কাছে নিজেকে খুঁজে পাওয়ার এমন সহজ- সহাজত দৃশ্যায়ন এটা আমাদেরকে জানায় বাংলা সিনেমায় এক মহান জীবন শিল্পীর আবির্ভাব ঘটেছিলো, যিনি জীবনকে তার সহজ প্রবাহে আঁকতে পারতেন সেলুলয়েডের চলচ্চিত্রে মহাকাব্যিক ব্যাঞ্জনায়। মার্ক্সের তত্ত্ব কিংবা ক্যামেরার কলাকৌশলগত কারুকাজ সেখানে কেবল রূপসীর কটাক্ষের ভঙ্গীর ভেতরের রক্তমাংস।

“অযান্ত্রিক” কেবল একটি মানুষ ও গাড়ির গল্প নয়। এটি পুঁজিবাদী সমাজব্যবস্থায় শ্রমের নির্মম বাস্তবতায় পিষ্ট এক শ্রমিকের সামাজিক বিচ্ছিন্নতার গল্প। আর সেই বিচ্ছিন্নতার গণ্ডি পেরিয়ে; জীবনের আদিম, মানবিক ও সামষ্টিক সুরকে পুনরায় আবিষ্কার করার এক অনন্য সিনেমাটিক আখ্যানও “অযান্ত্রিক”।

ঋত্বিক ঘটক পরিচালিত ১৯৫৮ সালের কালজয়ী চলচ্চিত্র “অযান্ত্রিক” এর গল্প মানুষের সাথে যন্ত্রের এক অভাবনীয় মনস্তাত্ত্বিক ও আবেগীয় সম্পর্কের ঘূর্ণাবর্তে আবর্তিত হয়েছে। এ গল্পে পুঁজিবাদী আধুনিকায়নের ফলে সৃষ্ট সামাজিক বিচ্ছিন্নতাবোধ ঋত্বিক ঘটকের অসামান্য মুন্সিয়ানায় জীবন্ত হয়ে উঠেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে, এক অবিচ্ছেদ্য সত্তা হিসেবে ধরা দেয়, কেন্দ্রীয় চরিত্র বিমল এবং তার জরাজীর্ণ ১৯২০ সালের শেভ্রোলে গাড়ি “জগদ্দল”।

চলচ্চিত্র সমালোচকেরা ছবিটিকে দূরদর্শী এক সৃষ্টি বলে আখ্যা দেন। ঋত্বিক ঘটক এখানে জড় বস্তুর ওপর মানবিক অনুভূতির সার্থক প্রক্ষেপণ ঘটিয়েছেন। সাধারণ মানুষের চোখে জগদ্দল একটি ভাঙাচোরা লোহালক্কড়ের গাড়ি মাত্র; কিন্তু বিমলের চোখে সেটি এক সংবেদনশীল চরিত্র, যে ঈর্ষা করে, আনন্দিত হয় ও অভিমানে মুখ ভার করে।

সমালোচক দেবকমাল গাঙ্গুলী এবং অন্যান্য তাত্ত্বিকদের মতে, সিনেমাটিতে ইউরোপীয় আধুনিকতাবাদের অন্ধ অনুকরণ করেন নি ঋত্বিক। বরং এখানে নিজস্ব ও আঞ্চলিক আবহে বিজ্ঞান ও মানুষের সম্পর্ক এঁকেছেন সেলুলয়েডে। গাড়িটি ও তার চালক যখন পাহাড়ি অঞ্চলের উরাওঁ সংস্কৃতির মুখোমুখি হয়, তখন প্রাক-শিল্পায়িত আদিবাস আরন্যক সমাজ আর আধুনিক যন্ত্র সভ্যতার এক মহাকাব্যিক মুখ দেখাদেখি হয় বাংলা সিনেমার চিত্রপটে।

পরিচালক ঋত্বিক ঘটক ভারতীয় কমিউনিস্ট পার্টি ও ভারতীয় গণনাট্য সংঘের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। মার্ক্সীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সুনিপুণ প্রয়োগ তাঁর নির্মিত চলচ্চিত্রে উপলব্ধি করা যায়। কার্ল মার্ক্স তাঁর “অর্থনৈতিক ও দার্শনিক পান্ডুলিপি”-তে বলেছিলেন, পুঁজিবাদী সমাজে উৎপাদন প্রক্রিয়ার বিমানবিক যান্ত্রিকতার কারণে মানুষ নিজের কাজ, কাজ দ্বারা তৈরি পণ্য, পরিবার, সমাজ এবং এমনকি নিজের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

“অযান্ত্রিক” ছবিতে বিমল ঠিক এই পুঁজিবাদী বিচ্ছিন্নতারই এক চরম শিকার। সে একজন ট্যাক্সিচালক, যাকে প্রতিনিয়ত রুটি-রুজির জন্য হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। কিন্তু পুঁজিবাদী প্রতিযোগিতা ও কঠোর বাস্তবতায় মানুষের সমাজ বিমলকে দিয়েছে কেবল একাকিত্ব। চারপাশের মানুষ তাকে বোঝে না, উপহাস করে। ফলস্বরূপ, সে সমাজ ও মানুষ থেকে মুখ ফিরিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মানুষের বিকল্প হিসেবে একটি "গাড়ি" (জগদ্দল)-কে তার পরম সঙ্গী ও ভালোবাসার পাত্র বানিয়ে নেয়। এটি মানুষের স্বাভাবিক মানবিক সম্পর্কের এক করুণ পরিণতিরই শৈল্পিক দলিল।

মার্ক্সীয় অর্থনীতিতে “পণ্য রতি”(কমোডিটি ফ্যাটিশিজম) বলতে বোঝায়, যেখানে মানুষের মধ্যকার সামাজিক সম্পর্কগুলো পণ্যের সাথে সম্পর্কে রূপ নেয়; এবং বস্তুর ওপর অতিমানবিক ক্ষমতা আরোপ করা হয়। বিমল যখন তার গাড়িটির সাথে কথা বলে, তার যত্ন নেয়, কিংবা তার যান্ত্রিক ত্রুটিকে "মান-অভিমান" হিসেবে গণ্য করে, তখন মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে তা বিমলের তীব্র একাকিত্ব ও পুঁজিবাদী ব্যবস্থার চাপে তৈরি হওয়া এক অবদমিত মনস্তাত্ত্বিক অবস্থার প্রতীক।

ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বিহারের রাঁচি অঞ্চলের উরাওঁ আদিবাসীদের জীবনযাত্রা। ঋত্বিক ঘটক এখানে দুটি ভিন্ন জগতের বৈপরীত্য দেখিয়েছেন। একদিকে পুঁজিবাদী সমাজ যা মানুষকে বিচ্ছিন্ন ও ব্যক্তিকেন্দ্রিক করে তোলে, অন্যদিকে আদিবাসী সমাজ, যেখানে আধুনিক যন্ত্রের প্রবেশ ঘটেনি এবং তারা সামষ্টিক আনন্দ ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচে। আদিবাসীদের এই সমষ্টিগত জীবন বিমলের বিচ্ছিন্ন জীবনের সমান্তরালে এক চরম পুঁজিবাদ বিরোধী বার্তা দেয়। ছবির শেষে যখন জগদ্দল সম্পূর্ণ অকেজো হয়ে যায় এবং লোহা-লক্কড় হিসেবে বিক্রি হয়ে যায়, তখন বিমলের পৃথিবী ভেঙে পড়ে।

শেষ দৃশ্যে বিক্রয়কৃত গাড়িটা ঠেলায় চড়ে চলে যাবার পর বিমল যখন উদাস চোখে পথের দিকে তাকিয়ে ছিল, তখন হঠাৎ মৃত গাড়িটার ভেঁপুটা বেজে ওঠে কোথাও। চমকে যাওয়া বিমলের দৃষ্টি তখন খুঁজে পায় গাড়ির পরিত্যক্ত ভেঁপুটি নিয়ে খেলার ছলে শব্দ বের করার চেষ্টা করছে এক হাস্যোজ্জ্বল শিশু। সে অবাক হয়ে তাকিয়ে দেখে বহুচেনা সেই ভেঁপুটিকে, তারপর ধীরে ধীরে শিশুর সেই সারল্যমাখা হাসিটা বিমলের মুখেও সঞ্চারিত হয় তার অশ্রুসজল চোখ ছাপিয়ে। সব হারানো মানুষ যেভাবে হেসে ওঠে জীবনের সহজাত ধর্মে। যেনো পুঁজিতান্ত্রিক সভ্যতার যন্ত্রসঙ্গীকে হারিয়ে নিস্ব বিমল হঠাৎ একটি শিশুর সঙ্গে হেসে উঠে আবার আবিষ্কার করেছে জীবনের সঙ্গে সংযোগ। মানুষের সঙ্গে যোগাযোগ।

পুঁজিবাদী বিচ্ছিন্নতা ও যন্ত্র-সম্পর্ককে হারিয়ে এইযে আদিবাসী জীবন আর সহজ শৈশবের কাছে নিজেকে খুঁজে পাওয়ার এমন সহজ- সহাজত দৃশ্যায়ন এটা আমাদেরকে জানায় বাংলা সিনেমায় এক মহান জীবন শিল্পীর আবির্ভাব ঘটেছিলো, যিনি জীবনকে তার সহজ প্রবাহে আঁকতে পারতেন সেলুলয়েডের চলচ্চিত্রে মহাকাব্যিক ব্যাঞ্জনায়। মার্ক্সের তত্ত্ব কিংবা ক্যামেরার কলাকৌশলগত কারুকাজ সেখানে কেবল রূপসীর কটাক্ষের ভঙ্গীর ভেতরের রক্তমাংস। আমরা সেই রক্তমাংসের ব্যবচ্ছেদ এ লেখায় করলাম সত্য কিন্তু সে হাসির মাধুরীর সন্ধান দেয়া ডোম কিংবা ডাক্তারের কর্ম নয়। তার লেনাদনা ঋত্বিকের সিনেমার ফ্রেমের সঙ্গে তার দর্শকের।

শুভ জন্মদিন, ঋত্বিক ঘটক!

-- --

লেখক: নির্বাহী সম্পাদক, ঢাকা পেপারস।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: