‘সত্যের’ দাবি ও করপোরেট গণমাধ্যম

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮পরিবর্তন করতে ক্লিক করুন
‘সত্যের’ দাবি ও করপোরেট গণমাধ্যম

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

প্রথম আলোর সম্পাদকের প্রতিষ্ঠাবার্ষিকীর বয়ান-বিশ্লেষণ

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক মতিউর রহমানের লেখা ‘স্যরি, সবাইকে খুশি করতে পারিনি’ (৪ নভেম্বর ২০২৬) নিবন্ধের একটি বাক্য বিশেষভাবে নজর কাড়ে; ‘আক্রমণ-মামলা-গ্রেপ্তার-সমালোচনা-বিজ্ঞাপন বন্ধ’। হাইফেন দিয়ে যুক্ত এই পাঁচটি ভিন্নমাত্রিক বিষয়কে যেন একই বন্ধনীতে বন্দি করা হয়েছে। অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় দমন, মামলা এবং একজন পাঠকের সমালোচনামূলক অভিযোগ—সবকিছু উচ্চারিত হয়েছে এক নিঃশ্বাসে। দীর্ঘ ২৮ বছর ধরে ক্ষমতার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানোর দাবি করা একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র তার সমালোচকদের কীভাবে দেখে, এই একটি বাক্য যেন পুরো নিবন্ধের মর্মবস্তু উন্মোচন করে দেয়।

শুরুতেই স্পষ্ট করা প্রয়োজন, হুমকি ও হামলার বাস্তবতা অনস্বীকার্য। মামলা, রাষ্ট্রীয় চাপে বিজ্ঞাপন বন্ধ, সাংবাদিকদের গ্রেপ্তার কিংবা ২০২৫ সালের ডিসেম্বরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন অগ্নিসংযোগ—সবই ঘটেছে। এই সহিংসতা ও দমন-পীড়নকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই; এর নিন্দা সর্বাগ্রে হওয়া আবশ্যক। কিন্তু কোনো সংবাদপত্র আক্রান্ত হলেই তার সম্পাদকীয় সিদ্ধান্তের অভ্রান্ততা প্রমাণিত হয় না। মতিউর রহমানের নিবন্ধে প্রতিষ্ঠানটির ওপর চাপ, জনপ্রিয়তা এবং তাদের সামাজিক দায়বদ্ধতার কাজ—সবকিছুকেই একধরনের নৈতিক দায়মুক্তির ঢাল হিসেবে হাজির করা হয়েছে। এই বিশ্লেষণে দেখার চেষ্টা করা হয়েছে, ভাষাতাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক ডিসকোর্সের ভেতর দিয়ে কীভাবে সেই কর্তৃত্বের নির্মাণ ঘটেছে।

ভাষাতাত্ত্বিক নরম্যান ফেয়ারক্লাফের সমালোচনামূলক ডিসকোর্স বিশ্লেষণের (সিডিএ) তিনটি পরস্পর-সম্পর্কিত স্তর রয়েছে: পাঠের ভাষাগত কৌশল (টেক্সট), প্রাতিষ্ঠানিক চর্চা (ডিসকোর্স প্র্যাকটিস) এবং সামগ্রিক আর্থরাজনৈতিক প্রেক্ষাপট (সোশ্যাল প্র্যাকটিস)। প্রতিষ্ঠাবার্ষিকীর নিবন্ধ সাধারণত প্রতিষ্ঠানের আত্মমূল্যায়ন ও আত্মশ্লাঘার মিশ্রণ; সেখানে নিরপেক্ষতা প্রত্যাশিত নয়। তবে দেখার বিষয় হলো, ‘সত্যের’ একচ্ছত্র দাবি তুলে কীভাবে এখানে সমালোচনাকে খারিজ করা হয়েছে।

ব্যক্তিগত ‘এথোস’ থেকে করপোরেট বৈধতা

নিবন্ধের শুরুতে সম্পাদক নিজের রাজনৈতিক অতীতের স্মৃতিচারণা করেছেন—১৯৬২ সালের আইয়ুববিরোধী ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতা-র দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা। ধ্রুপদি অলংকারশাস্ত্রে একে বলা হয় ‘এথোস’—ব্যক্তির সংগ্রাম, ত্যাগ ও চরিত্রকে বিশ্বাসযোগ্যতার ভিত্তি বানানো। মতিউর রহমানের এই ব্যক্তিগত অতীত নিঃসন্দেহে সমৃদ্ধ। কিন্তু জটিলতা তৈরি হয় যখন একজন ব্যক্তির আদর্শিক বিশ্বাসযোগ্যতাকে একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া হয়। একতা ছিল একটি ঘোষিত রাজনৈতিক ভাবাদর্শের পত্রিকা। বিপরীতে প্রথম আলো মিডিয়াস্টার লিমিটেড পরিচালিত দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের অংশ, যাদের ব্যবসা বিস্তৃত কোমল পানীয়, ওষুধ, ইলেকট্রনিকস ও ভোগ্যপণ্যে। ব্যক্তিগত আদর্শের অতীত পুঁজি করে করপোরেট মালিকানাধীন একটি সংবাদপত্রের সম্পাদকীয় স্বার্থকে যখন জনস্বার্থ হিসেবে দেখানো হয়, তখন করপোরেট সীমাবদ্ধতার প্রশ্নটি সুকৌশলে আড়ালে চলে যায়। একইভাবে জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্মের রূপক ব্যবহার করে সাংবাদিকদের ‘জনগণের সহযোদ্ধা’ বলা হয়েছে। কিন্তু এই ‘জনগণ’ সত্তাটিকে একটি অবিভাজ্য একক হিসেবে হাজির করার বিপদ রয়েছে। এর ফলে, সংবাদপত্রের ভূমিকা নিয়ে কোনো নাগরিক প্রশ্ন তুললে তাঁকে অনায়াসে ‘জনগণের প্রতিপক্ষ’ বা ‘অন্ধকারের শক্তি’র কাতারে ঠেলে দেওয়া সম্ভব হয়।

তথ্য যাচাই বনাম নিরপেক্ষতার রাজনীতি

নিবন্ধজুড়ে ‘সত্য’ শব্দটি এসেছে চূড়ান্ত প্রত্যয়ে। মতিউর রহমান লিখেছেন, ‘সত্য সকালের সূর্যের মতো; তার কোনো পরিবর্তন নেই’ এবং প্রথম আলো ‘যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশ করে’। তথ্য যাচাই সংবাদকক্ষের প্রাথমিক দায়িত্ব। যা ঘটেছে তা নিশ্চিত করা জরুরি, কিন্তু তথ্য যাচাই আর ‘নিরপেক্ষতা’ সমার্থক নয়। হাজারো ঘটনার ভিড়ে কোন ঘটনা সংবাদ হবে, কার বয়ান প্রাধান্য পাবে, শিরোনামের কোণ কী হবে—এগুলো প্রাতিষ্ঠানিক বাছাইয়ের প্রশ্ন।

গণমাধ্যম তাত্ত্বিক রবার্ট এন্টম্যান বা পামেলা শুমেকার যাকে বলেছেন ‘গেটকিপিং’ ও ‘ফ্রেমিং’। এই বাছাই প্রক্রিয়াটি কখনো সংবাদকক্ষের নিজস্ব মতাদর্শ, কখনো মালিকানার স্বার্থ, আবার কখনো রাজনৈতিক বোঝাপড়া দিয়ে প্রভাবিত হয়। ‘সত্যের অনুসন্ধান’ কথাটি এই জটিল প্রক্রিয়াটিকে সম্পূর্ণ আড়াল করে দেয়।

তাছাড়া, একই সঙ্গে ‘দলের মুখপাত্র না হয়ে নিরপেক্ষ থাকা’ এবং মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা বা সামাজিক সংস্কারের মতো সুনির্দিষ্ট রাজনৈতিক-সামাজিক মূল্যবোধ ধারণ করার দাবি পরস্পরবিরোধী। মূল্যবোধে স্পষ্ট অবস্থান নেওয়া দোষের নয়, বরং স্বাভাবিক। কিন্তু সেই পক্ষভুক্ত অবস্থানকে যখন ‘অনপেক্ষ সত্য’ ও ‘নিরপেক্ষতা’ বলে দাবি করা হয়, তখন সমাজতাত্ত্বিক গাই টাচম্যানের ভাষায় তা বস্তুনিষ্ঠতার এক 'কৌশলগত আচার’ -এ পরিণত হয়—যার কাজ কেবল সমালোচনা থেকে প্রতিষ্ঠানকে

সুরক্ষিত রাখা।

সহিংসতা ও সমালোচনাকে এক তালিকায় তোলা

আবার ফিরে আসা যাক সেই হাইফেনযুক্ত তালিকায়: ‘আক্রমণ-মামলা-গ্রেপ্তার-সমালোচনা-বিজ্ঞাপন বন্ধ’। এই তালিকায় সাধারণ যৌক্তিক সমালোচনাকে রাষ্ট্রীয় নিপীড়ন এবং শারীরিক সহিংসতার সঙ্গে একই অলংকারিক পাত্রে রাখা হয়েছে। জনরোষের বিশ্লেষণে সম্পাদক লিখেছেন, ‘আমাদের লেখা কারও স্বার্থের বিরুদ্ধে গেলে’ মানুষ ক্ষুব্ধ হয়। অর্থাৎ, প্রথম আলোর সমালোচনার পেছনে কেবল ‘স্বার্থহানি’ই একমাত্র কারণ; এর পেছনে কোনো নীতিগত বা পেশাগত মতপার্থক্য থাকতে পারে না। ভাষাতাত্ত্বিক টুন ভ্যান ডাইকের ‘আইডিওলজিক্যাল স্কয়ার’ তত্ত্ব অনুযায়ী, এটি আত্মপক্ষকে মহিমান্বিত করা (‘আমরা সত্য ও সাহসের প্রতীক’) এবং অপরপক্ষকে কলঙ্কিত করার (‘সমালোচকের অন্ধকারের শক্তি ও স্বার্থান্বেষী’) একটি নিখুঁত ডিসকোর্স।

রাষ্ট্রীয় বিজ্ঞাপন বন্ধ করা বা সাংবাদিকদের আটক করা যেখানে ক্ষমতাবানদের প্রাতিষ্ঠানিক দমননীতি, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর কার্যালয়ে অগ্নিসংযোগ ছিল জনতার মব-ভায়োলেন্স। উভয় ঘটনাই নিন্দনীয় হলেও এদের চরিত্র আলাদা। একইভাবে পাঠকের বৌদ্ধিক সমালোচনা আর রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার এক নয়। এডওয়ার্ড হারম্যান ও নোয়াম চমস্কি যাঁকে ‘ফ্ল্যাক’ বলেছেন, তার সঙ্গে যৌক্তিক সমালোচনাকে গুলিয়ে ফেললে প্রকারান্তরে যে কোনো ধরনের অ্যাকাডেমিক বা পেশাগত জবাবদিহির দরজাই বন্ধ হয়ে যায়।

ক্ষমা প্রার্থনার ফাঁপা বয়ান

নিবন্ধে ‘দুঃখিত’ (স্যরি) শব্দটি এসেছে চারবার। সবাইকে খুশি করতে না পারা, আপস না করা কিংবা শত আঘাতেও না থামার জন্য এই ‘দুঃখ প্রকাশ’। প্রতিবারই বন্ধনীর মারপ্যাঁচে আসলে নিজের অনমনীয় মহিমাকে উদযাপন করা হয়েছে। যোগাযোগ তাত্ত্বিক উইলিয়াম বেনোয়ার ভাষায় একে বলা হয় ‘বলস্টারিং’—ক্ষমার ছলে নিজের ইতিবাচক ভাবমূর্তির বিস্তার ঘটানো।

এরপর ‘অনিচ্ছাকৃত ভুলের’ কথা বলে দায় সারার চেষ্টা রয়েছে। কিন্তু গবেষক অ্যারন লাজারের মতে, সত্যিকারের ক্ষমাপ্রার্থনায় নির্দিষ্ট ভুলের স্বীকৃতি, অনুশোচনা ও প্রতিকারের অঙ্গীকার থাকতে হয়। ২০০৭ সালের ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল ভাঙার চেষ্টা কিংবা বহুল আলোচিত ‘মাইনাস টু’ প্রকল্পে প্রথম আলোর তৎকালীন সম্পাদকীয় নীতি নিয়ে যে দীর্ঘস্থায়ী বিতর্ক রয়েছে, তার কোনো সুরাহা এই অস্পষ্ট ‘অনিচ্ছাকৃত ভুল’ দিয়ে হয় না। সম্পাদক হিসেবে ওই সময়ের রাজনৈতিক অবস্থানের নির্মোহ পুনর্মূল্যায়ন যেখানে প্রয়োজন ছিল, সেখানে অনির্দিষ্ট ক্ষমার আড়ালে সেই রাজনৈতিক উত্তরাধিকারকে ধামাচাপা দেওয়া হয়েছে।

মালিকানা, বিজ্ঞাপন ও অদৃশ্য শৃঙ্খল

‘আমাদের কলম কখনো শৃঙ্খলিত নয়’—এই ঘোষণা বাংলাদেশের বাস্তবতায় অর্ধেক সত্য। প্রথম আলোর ওপর যে রাষ্ট্রীয় চাপ ছিল, তা অনস্বীকার্য। ২০২৫ সালের ডিসেম্বরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ লিখেছিলেন, কীভাবে ২০১৫ সালে গোয়েন্দা সংস্থাগুলো অর্ধশতাধিক করপোরেট প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন না দেওয়ার মৌখিক নির্দেশ দিয়ে তাদের ‘আর্থিক লাইফলাইন’ কেটে দিতে চেয়েছিল।

কিন্তু হারম্যান ও চমস্কির গণমাধ্যম মডেল আমাদের মনে করিয়ে দেয়, সংবাদমাধ্যমের সীমাবদ্ধতা কেবল রাষ্ট্রের দিক থেকেই আসে না; করপোরেট মালিকানা ও বিজ্ঞাপননির্ভরতাও সমান বড় সেন্সরশিপ। বিজ্ঞাপনদাতার স্বার্থ ক্ষুণ্ন হতে পারে এমন অনুসন্ধানী রিপোর্ট নামিয়ে ফেলা, নরম শিরোনাম করা বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ নীরব থাকার যে ‘অদৃশ্য চুক্তি’ ঢাকার সংবাদকক্ষগুলোতে নিয়মিত চর্চিত হয়, তা প্রতিষ্ঠানের স্বাধীনতার দাবিকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সাহসী হওয়া প্রতিষ্ঠানটি তাদের করপোরেট অংশীদার ও বিজ্ঞাপনী পুঁজির কাছে কতটা স্বাধীন—এই প্রশ্নের উত্তর ছাড়া ‘শৃঙ্খলহীন কলমের’ দাবি অপূর্ণ থেকে যায়।

প্রতীকী পুঁজি বনাম সাংবাদিকতার জবাবদিহি

নিবন্ধের এক বড় অংশে অ্যাসিড-সন্ত্রাস প্রতিরোধ, মাদকবিরোধী ক্যাম্পেইন, গণিত অলিম্পিয়াড এবং প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তির খতিয়ান টানা হয়েছে। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক সামাজিক উদ্যোগ। কিন্তু সমাজতাত্ত্বিক পিয়ের বুর্দিয়ুর ‘প্রতীকী পুঁজি’র ধারণার আলোকে দেখলে বোঝা যায়, কীভাবে সামাজিক কর্মকাণ্ডের সুনামকে সাংবাদিকতার ভুলত্রুটি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। অনুচ্চারিত যুক্তিটি এমন দাঁড়িয়েছে: ‘যে প্রতিষ্ঠান মাদক ও অ্যাসিডের বিরুদ্ধে লড়াই করে এবং শিক্ষার্থীদের বৃত্তি দেয়, তাদের সাংবাদিকতায় কোনো অসততা থাকতে পারে না।’ একইভাবে ‘এক নম্বর সংবাদপত্র’, ‘এক নম্বর ওয়েবসাইট’ এবং ‘কোটি কোটি পাঠক’-এর সংখ্যাকে নৈতিক বৈধতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু পাঠকপ্রিয়তা বা বাজারসাফল্য সাংবাদিকতার মানের নিশ্চয়তা দেয় না। বুর্দিয়ু তাঁর অন টেলিভিশন গ্রন্থে সতর্ক করেছিলেন, বাজারমুখী রেটিং কীভাবে সাংবাদিকতার স্বায়ত্তশাসনকে বিনষ্ট করে।

পাঠকসংখ্যা একটি বাজারসম্পদ, যা বিজ্ঞাপন টানে; তা কোনোভাবেই সম্পাদকীয় সিদ্ধান্তের নৈতিক অভ্রান্ততার প্রমাণ হতে পারে না।

ঝুঁকি স্বীকার বনাম আত্মসমালোচনার দায়

বাংলাদেশে আজ সাংবাদিকতা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাংবাদিক নিগ্রহ, রাষ্ট্রীয় কালাকানুন এবং জনরোষের নামে সংবাদপত্রের দফতরে অগ্নিসংযোগের মতো বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া প্রতিটি মুক্তমনা মানুষের কর্তব্য।

কিন্তু গণমাধ্যমের ওপর আসা আক্রমণের প্রতিবাদ করার অর্থ এই নয় যে তাদের করপোরেট ভূমিকা ও সম্পাদকীয় সিদ্ধান্তকে সমালোচনার ঊর্ধ্বে তুলে দিতে হবে। ২৮ বছর ধরে দেশে সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণের দাবি করা একটি প্রতিষ্ঠানের কাছে শুধু ব্যঙ্গাত্মক ‘স্যরি’ কিংবা আত্মশ্লাঘাপূর্ণ ভিকটিমহুডের বয়ান যথেষ্ট নয়।

১/১১-এর সময়কার অবস্থান থেকে শুরু করে ট্রান্সকম গ্রুপের বহুমাত্রিক বাণিজ্যিক স্বার্থ এবং বড় বিজ্ঞাপনদাতাদের সঙ্গে আপসরফার সীমারেখা ঠিক কোথায়—এই প্রশ্নগুলোর খোলামেলা উত্তর দেওয়ার মধ্যেই একটি গণমাধ্যমের আসল প্রাতিষ্ঠানিক সততা নিহিত।

আত্মপ্রশংসা ও ভিকটিমহুডের সহজ বৃত্ত থেকে বেরিয়ে প্রথম আলো সেই কঠিন আত্মসমালোচনার

সৎ সাহস দেখাবে কি না, সেটাই এখনকার মৌলিক প্রশ্ন।

__________


লেখা: সম্পাদক, ঢাকা পেপার্স

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: