একাত্তরের কথা: অন্য এক দেবদাসের গল্প

গওয়ার নাঈম ওয়ারা
গওয়ার নাঈম ওয়ারা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৬পরিবর্তন করতে ক্লিক করুন
একাত্তরের কথা: অন্য এক দেবদাসের গল্প

অধ্যাপক মজিবর রহমান 'দেবদাস'

শেয়ার করুন:

"আমার নাম দেবদাস, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মারলে মারো, যেভাবে মেরেছ। আইয়ুবের পতন ঘণ্টা বেজে গেছে, আমাকে মারো, তোমাদের পতন ত্বরান্বিত হোক। আমি দেবদাস।"

দেবদাস—এই নামটা শুনলেই কারও শরৎচন্দ্রের কথা মনে পড়ে, কেউ মনে করেন শাহরুখ খান, মাধুরী আর ঐশ্বরিয়াকে। তবে সবকিছু ছাপিয়ে ভেসে ওঠে এক পরাজিত ট্র্যাজিক তরুণের ছবি। নিজেকে প্রত্যাহার করে নেয় সে, হারিয়ে দেয় নিজেকে অচেনাদের ভিড়ে। মদ, নাচ, চন্দ্রমুখী—এসবই উপন্যাস আর তার নানা রূপান্তরের উপকরণ।

আসলে মুখ ফিরিয়ে নেওয়া—সমাজের ‘চালাকি ব্যবস্থাপনা’র আর ফালতু সব ‘সংস্কারে’র বিরুদ্ধে সে এক নীরব প্রতিবাদ। নিজেকে ধ্বংস করার এই প্রতিবাদ খুব কম লোকেরই নজরে আসে। নজরে না এলে সেটাই বা কেমন প্রতিবাদ?

প্রতিবাদ তো দৃষ্টি আকর্ষণের জন্য—আহা-উহু সংগ্রহের জন্য, দয়া-দাক্ষিণ্য, করুণা পাওয়ার জন্য অথবা ঘায়ের মলম পাওয়ার জন্য। কিন্তু যে প্রতিবাদী মলম চায় না, করুণা মাগে না, নিজেকে শেষ করে দিয়ে হলেও কথিত সমাজের আহা-উহুতে যার কোনো দিকচিহ্ন নেই, সে নিভৃতে চলে যায়।

মনে হতে পারে, এটা বীরের কাজ নয়, এটা পলায়নপরতা, এটা কাপুরুষতা—কিন্তু সবকিছু ছেড়ে চলে যাওয়াটাও একটা সাহসের ব্যাপার। নিজেকে শেষ করে দেবে, কিন্তু এ সমাজের আর মুখ দেখবে না—এটা ঠিক সংকটের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে যাওয়া নয়, বরং আরও ব্যক্তিগত সংকটে নিজেকে নিক্ষেপ করে সমাজে একটা উদাহরণ সৃষ্টির সাহসী প্রচেষ্টা।

আমি যা পেলাম না, পরের কাউকে যেন সেভাবে বঞ্চিত করা না হয়। সমাজ যে দুর্ভাগ্যজনকভাবে তার অন্যায়ের পুনরাবৃত্তি করার আগে সংবেদনশীল সমাজ প্রতিষ্ঠার এক নীরব কিন্তু কঠিন প্রচেষ্টা। তবে এটাও ঠিক, বিচারী সমাজের মানুষ উপন্যাসের দেবদাসের জন্য চোখের পানি ফেললেও ‘দেবদাস’ বলে আবার নিভৃতচারী মানুষকে হাসি-ঠাট্টা করতে পিছপা হয় না।

আমাদের স্যার মজিবর রহমানের ক্ষেত্রেও সমাজ এবং রাষ্ট্রীয় সংগঠন, শিক্ষা প্রশাসন তাই করেছে। ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি বাহিনী আর তাদের দোসরদের ‘টার্গেট কিলিং অ্যান্ড মাইনাস কমিশন’-এর মূল লক্ষ্য যখন সনাতন ধর্মের মানুষদের হত্যাযজ্ঞে পরিণত হয়, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক তাঁর নাম পরিবর্তন করে নিজের নাম রাখেন ‘দেবদাস’।

অবরুদ্ধ দেশে যখন সনাতন ধর্মের মানুষ দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন, বাঁচার জন্য পরিচয় গোপন করছেন, কেউ কেউ শান্তি কমিটির লাল চোখের ইশারায় ধর্মান্তরিত হয়ে মসজিদের বারান্দায় ঠাঁই খুঁজছেন, তখন বুক ফুলিয়ে স্যার মজিবর রহমান বলে বেড়াচ্ছেন, আমার নাম দেবদাস, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মারলে মারো, যেভাবে মেরেছ। আইয়ুবের পতন ঘণ্টা বেজে গেছে, আমাকে মারো, তোমাদের পতন ত্বরান্বিত হোক। আমি দেবদাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণহত্যা

আর্মি তাঁকে তুলে নিয়ে যায়। ক্যাম্পে রেখে নির্যাতন চালায়—শর্ত একটাই, বলেন, আপনি মজিবর, আপনি দেবদাস নন। বুঝিয়ে দিলেন, হাঁটুতে বুদ্ধি আর্মির কাছে দেবদাস মানেই মালাউন। সে জানে না, দেবদাস, ভগবান দাস আর আবদুল্লাহ একই শব্দের নানা ভাষার ডাক। মানে একটাই। সংস্কৃতে যা ভগবান দাস, আরবিতে তাই আবদুল্লাহ। দেশি বাংলায় সেটাই দেবদাস।

নির্যাতনে কাজ হয় না। আর্মি তাঁকে রাজশাহীর কয়েদখানায় পাঠিয়ে দেয় মানসিক রোগী হিসেবে। জানে বেঁচে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ান্নর সবচেয়ে মেধাবী ছাত্র একাত্তরের দেবদাস। বায়ান্নর মজিবর একাত্তরে দেবদাস হয় কীভাবে? মাথা না বিগড়ালে সেটি হওয়ার কথা নয়। নথিপত্র ঠিক করে জেলে পাঠানোর জন্য স্যারের জীবনহানি ঘটেনি—আলবদর, আলশামস তাঁর নাগাল পায়নি। রাজশাহী অঞ্চলের তৎকালীন উপসামরিক আইন প্রশাসক ব্রিগেডিয়ার কলিমউল্লাহর মা করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে এই কথিত মানসিক ভারসাম্যহীন শিক্ষকের জন্য হয়তো গুলি খরচ করতে চাননি সেই সেপাই। কিংবা আরও জরুরি কোনো কাজে ব্যস্ত থাকায় তাঁরা ভুলে যান তাঁর কথা। যেভাবেই হোক, স্যার জেনে বেঁচে যান।

কিন্তু রেসকোর্সে ব্যাজ আর ইউনিফর্ম খুলে হিন্দু আর্মির কাছে নিজেদের সমর্পণ করে দেশ ছেড়ে হানাদাররা চলে গেলেও আমরা যে মানসিকভাবে স্বাধীন হতে পারিনি, তার প্রমাণ মিলল স্যার জেল থেকে ফিরে ক্যাম্পাসে আসার পর।

স্যার বললেন, আমি দেবদাস, আমি আবার ছাত্র পড়াব, মানুষ বানাব তাদের।

পাকিস্তানি আর্মি রেখে যাওয়া রাষ্ট্র ও প্রতিষ্ঠানের কাঠামো একই ভাষায় বলল, তা কী করে হয়? বলো, তুমি মজিবর, তাহলে সব ফেরত পাবে, না হলে দরজা খোলা, চলে যাও যেখানে ছিলে। দেবদাস নামে তো কাউকে কখনো বিশ্ববিদ্যালয় নিয়োগ দেয়নি, তুমি কোন পাগলা? আইন বলল, নিজে নিজে নাম পরিবর্তন করলে হয় না, আদালতকে জানাতে হয়। আদালত যদি মানে, তাহলে হবে—নিয়মসিদ্ধ এফিডেভিট তিনি করলেন।

অধ্যাপক মজিবর রহমান 'দেবদাস'

বিশ্ববিদ্যালয় তবুও নাচার। বলে রাখা ভালো, তখন আইনত সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বাধীন বাংলার রাষ্ট্রপতি—কোনো পাকিস্তানি জেনারেল নন, বাঙালি বিচারপতি পেরে মুস্তাকের পররাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ চৌধুরী।

সকলেরই একই প্রশ্ন, মাথা খারাপ না হলে কি মুসলমান কখনো দেবদাস হয়? স্যারের মাথা নষ্ট। স্যার এবার সত্যিই দেবদাস হয়ে গেলেন। ছেড়ে দিলেন শিক্ষকতার চাকরি। ইস্তফাপত্রে তারিখ লিখলেন আগস্ট ১৯৭১—যেদিন পাকিস্তানিরা তাঁকে পিঠেপোড়া করে উঠিয়ে নিয়ে গিয়েছিল পিটিয়ে সোজা করার জন্য।

ইস্তফাপত্র গরম থাকতে থাকতেই কর্তৃপক্ষ তা গ্রহণ করে নোটে গাছটি মুড়িয়ে দিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেননি, তাঁর কোনো সনদ নেই। সনদ তাঁর একটাই, জেলখানার রিলিজ অর্ডার।

১৯৫২ সালে ফলিত গণিতে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। ড. কাজী মোতাহার হোসেনের খুব প্রিয় ছিলেন তিনি। মেলবোর্ন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে সেগুনবাগিচার বাসায় দেখা করতে এসেছিলেন স্যার মজিবর অধ্যাপক কাজী মোতাহার হোসেনের সঙ্গে। সেটা ১৯৬৬ অথবা ১৯৬৭ সালে হবে।

প্রায় শেষ বিকেল। অধ্যাপক তখন দাবায় মগ্ন। সাধারণত দাবায় বসলে তিনি উঠতেন না, কথা কইতেন ইশারা-ইঙ্গিতে। তবে সেদিন তিনি উঠে দাঁড়ালেন। জড়িয়ে ধরলেন স্যার মজিবরকে।

বললেন, কাজল।

যাবে যাবে?

১৯৬৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তার আগে ছিলেন করাচি বিশ্ববিদ্যালয়ে।

অধ্যাপক কাজী মোতাহার হোসেন বলেছিলেন, ‘দেশে আসো—দেশে।’

স্যার মজিবর কি তাঁর কথায় করাচি ছেড়ে রাজশাহী এসেছিলেন? সেটা ইতিহাস বলতে পারবে।

পাকিস্তানিদের প্রেতাত্মাদের হাতে নিগৃহীত হওয়ার পর তিনি সব ছেড়ে দেবদাসের মতো নিভৃতচারী হয়ে যান। চলে যান জয়পুরহাটের গভীর পল্লিতে। মানুষ ভুলে যায় তাঁর কথা।

কাজলায় কত কী হয়। চেতনার জয়জয়কার—গদিতে বসে কত রংবেরঙের অনুষ্ঠান হচ্ছে কাজলা আর বিনোদপুরে। মানবাধিকার মেলা, সমাবর্তন, পুনর্বাসন—কত কী! স্যারকে কেউ মনে করে না।

এই অবহেলা, অবজ্ঞা আর পাপের জঞ্জাল ঠেলে হঠাৎ একটুকরো হালকা সুবাতাস এল ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মজিবর রহমান দেবদাসকে একুশে পদক প্রদান করে। বলা যায়, দেরিতে, অতি সামান্য। ভালোই হয়েছিল, এ সময় তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন না। হলে তিনি আরও কষ্ট পেতেন।

সেবার একুশে পদকের লম্বা তালিকায় ছিল এমন এক ব্যক্তির নাম, যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকার-আলবদরদের মনোবল বাড়ানো এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে হাসি-ঠাট্টা করার বেতার অনুষ্ঠান ‘মামা ভাগ্নে’র সংগীত ও পাঠক ছিলেন।

স্যারকে এর চেয়ে বড় অপমান, আমাদের মুক্তিযুদ্ধকে এর চেয়ে বড় লাঞ্ছনা আর কে কীভাবে করতে পারে? কার মাথা নষ্ট? কে ঘাতকের মতো ছুরি মারে চেতনার পিঠে?

আহা, কেউ যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই তরুণী ছাত্রীর মতো পুরস্কারের মঞ্চে উঠে বলতেন—ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য; কিন্তু এই রাজাকারের সঙ্গে আমি পদক নেব না—আসসালামু আলাইকুম।

গত ১৮ মে ২০২০, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। জীবনের শেষ সময়ে তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের মহুরুল গ্রামের বাড়িতে থাকতেন। তাঁর দেখাশোনা করতেন ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম এবং পরিবারের নাতি-নাতনিরা। তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছিল।

__________________

লেখক: গবেষক, ‘একাত্তরের সামাজিক ইতিহাস’ বইয়ের লেখক

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: