বিশ্লেষণ: প্রাথমিকে ভর্তি পরীক্ষা ফেরানোর রাজনীতি
‘শিশুদের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কেন? কোচিং ব্যবসায়ীদের তদ্বিরে, তাদের ব্যবসা দিতে, এই সিদ্ধান্ত?’
সারা বিশ্ব যখন আনন্দময় শিক্ষার আবহে শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলছে, তখন বাংলাদেশে প্রাথমিকে ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার উদ্যোগ কেবল পশ্চাৎপদ নয়, বরং একটি প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের নামান্তর।
বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বে তো বটেই, এমনকি আফ্রিকার অনেক উন্নয়নশীল দেশেও ‘ক্যাচমেন্ট এরিয়া’ বা নিজ এলাকার ভিত্তিতে সরাসরি ভর্তির নিয়ম বিদ্যমান। আমাদের নীতিনির্ধারকরা যেন অনেকটা গুন্টার গ্রাসের উপন্যাসের সেই ‘অস্কার মাতজেরাত’-এর মতো; যে অশুভ জগতের ভণ্ডামি দেখে আর বড় না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তবে অস্কারের বড় না হওয়া ছিল প্রতিবাদ, আর আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই আটকে থাকাটা স্রেফ যুগের দাবি বুঝতে না পারার চরম অজ্ঞতা। নব্বইয়ের দশকের শুরুতে নকল প্রতিরোধের গৌরব নিয়ে ২০২৬ সালের আধুনিক পৃথিবীকে মাপতে চাওয়াটাই বড় ভুল।
অধ্যাপক আনু মুহাম্মদ প্রশ্ন রেখে বলেন, ‘শিশুদের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কেন? কোচিং ব্যবসায়ীদের তদ্বিরে, তাদের ব্যবসা দিতে, এই সিদ্ধান্ত?’
২০১১ সালের শিশু নীতি ও শিশু আইন অনুযায়ী, শিশুদের ওপর শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। পাঁচ-ছয় বছরের একটি শিশুকে প্রতিযোগিতামূলক পরীক্ষার টেবিলে বসিয়ে দেওয়া সেই আইনের সরাসরি লঙ্ঘন।
১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছিল যে, প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘শিশুর সর্বোত্তম স্বার্থ’ দেখা হবে। প্রাথমিক শিক্ষা কোনো দয়া বা করুণা নয় যে এটি পেতে মেধার পরীক্ষা দিতে হবে; এটি রাষ্ট্রের বাধ্যতামূলক দায়বদ্ধতা।
এই পরীক্ষা পদ্ধতি মূলত ইউনেস্কো ও ইউনিসেফের সেই বৈশ্বিক নির্দেশনার পরিপন্থী, যা প্রথাগত মূল্যায়নের বদলে শৈশবকে চাপমুক্ত রাখার কথা বলে।
ভর্তি পরীক্ষা সামাজিকভাবে এক গভীর বিভাজন তৈরি করে। বিত্তবান পরিবারের সন্তানরা নামী কোচিং সেন্টার বা গৃহশিক্ষকের সুযোগ পেলেও একজন দিনমজুরের সন্তানের সেই সামর্থ্য নেই। লটারি পদ্ধতি বন্ধ করে পরীক্ষা চালুর অর্থ হলো—সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালো স্কুলের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া।
বিশ্লেষণ বলছে, এটি শিক্ষার মাধ্যমে একটি ‘সামন্ততান্ত্রিক এলিট শ্রেণি’ তৈরি করার প্রয়াস ছাড়া আর কিছু নয়। যেখানে ভারতে ‘রাইট টু এডুকেশন অ্যাক্ট’ অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া আইনত দণ্ডনীয়, সেখানে বাংলাদেশে একে পুনরায় প্রবর্তন করা আমাদের শিক্ষাব্যবস্থাকে কয়েক দশক পিছিয়ে দেবে।
বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে কোনো দীর্ঘমেয়াদী রূপকল্প নেই। একদিকে ববি হাজ্জাজের মতো উচ্চশিক্ষায় দক্ষ ব্যক্তিকে কোণঠাঁসা করে রাখা হয়েছে, অন্যদিকে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রেন্টিয়ার টেকনোলজি’-র মতো দূরদর্শী প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এআই, রোবোটিক্স বা বিগ ডেটার যুগে তরুণদের এগিয়ে নেওয়ার বদলে শিশুদের ওপর সেকেলে পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া মূলত মেধাকে অঙ্কুরেই বিনষ্ট করার নামান্তর।
দাতা সংস্থাগুলোর বিপুল আর্থিক সহায়তা এবং বৈশ্বিক ভাবমূর্তি—উভয়ই এই হঠকারী সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়বে। একটি গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণে শিশুদের আনন্দহীন প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



