সেনাপ্রধানের বিরোধিতায় ভেস্তে যায় ‘প্রতিবিপ্লব’: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০পরিবর্তন করতে ক্লিক করুন
সেনাপ্রধানের বিরোধিতায় ভেস্তে যায় ‘প্রতিবিপ্লব’: রাষ্ট্রপতি

ফাইল ফটো

শেয়ার করুন:

‘প্রধান উপদেষ্টা ১৪ বার বিদেশে গেছেন, অথচ আমাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। নিজেদের মনমতো রাষ্ট্রপতি বসিয়ে নির্বাচন বিলম্ব করা বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই আমার ওপর এই মানসিক পীড়ন চালানো হয়।’

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল একটি 'প্রতিবিপ্লব' ঘটানো। তবে তিন বাহিনীর প্রধানদের, বিশেষ করে সেনাপ্রধানের দৃঢ় অবস্থান এবং বিরোধিতার কারণে সেই অসাংবিধানিক চেষ্টা ভেস্তে যায়।

 

সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত মঙ্গলবার সাক্ষাৎকারটির শেষ পর্ব প্রকাশিত হয়।

 

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ মাসের মাথায় গত বছরের ৫ আগস্ট এক অভাবনীয় রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী হন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের পর উদ্ভূত সেই জটিল পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার গঠনের নেপথ্য কাহিনি এবং বিগত দেড় বছরের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন রাষ্ট্রপ্রধান।

 

জরুরি অবস্থার চাপ ও সেনাবাহিনীর ভূমিকা

৫ আগস্ট সরকার পতনের পর সামরিক শাসন বা জরুরি অবস্থা জারির কোনো গুঞ্জন ছিল কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন এজেন্সি ও সুযোগসন্ধানী মহল থেকে তাকে জরুরি অবস্থা জারির জন্য চরমভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল।

 

রাষ্ট্রপতি বলেন, ‘আমার কানে বারবার বলা হচ্ছিল, আমি যেন ইমার্জেন্সি দিই। কারণ রাষ্ট্রপতিই শুধু এটি দিতে পারেন। ওই সময় একটি প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল।’ তবে এ ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘তারা ইচ্ছা করলে মার্শাল ল বা ইমার্জেন্সি দিতে পারত। কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এটার সম্পূর্ণ বিরোধী ছিলেন।’

 

রাষ্ট্রপতি জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়েছিলেন যে, সেনাবাহিনীর অতীত ইতিহাস ঘাটলে অনেক ভালো-মন্দের পাশাপাশি ওয়ান-ইলেভেনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের বিতৃষ্ণা তৈরি হতে পারে, তাই তারা কোনোভাবেই অসাংবিধানিক পথে পা বাড়াতে চাননি। সশস্ত্র বাহিনীর একমাত্র উদ্দেশ্য ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। রাষ্ট্রপতির ভাষ্য, ‘সেনাপ্রধানের মধ্যে ক্ষমতার কোনো মোহ ছিল না, এটা একদম শতভাগ সত্য।’

 

৫ আগস্টের নাটকীয়তা

৫ আগস্ট বঙ্গভবনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রপতি জানান, সেদিন দুপুর ১২টার দিকে তাকে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন। হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল। বঙ্গভবনের নিরাপত্তাকর্মীরাও অবস্থান নিয়েছিলেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ জানানো হয় তিনি আসছেন না। কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি জানতে পারেন, শেখ হাসিনা দেশত্যাগ করেছেন।

 

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পুরো দৃশ্যপট পাল্টে যায়। বিকেল ৩টার দিকে সেনাপ্রধান টেলিফোনে রাষ্ট্রপতিকে সার্বিক পরিস্থিতি অবহিত করেন এবং পরে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় প্রায় ২-৩ ঘণ্টা আলোচনার পর রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বঙ্গভবনে ডাকা হয়।

 

যেভাবে আসে অন্তর্বর্তী সরকার

 

বঙ্গভবনের সেই রুদ্ধদ্বার বৈঠকে তত্ত্বাবধায়ক, জাতীয় নাকি অন্তর্বর্তী সরকার—কোন মডেলে দেশ চলবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ওয়ান-ইলেভেনের নেতিবাচক স্মৃতি এবং দীর্ঘমেয়াদি অগণতান্ত্রিক সরকারের আশঙ্কা থেকে শেষ পর্যন্ত 'অন্তর্বর্তী সরকার' গঠনের সিদ্ধান্ত হয়।

 

তবে সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় এবং সংবিধানের ৭ ও ৭-ক অনুচ্ছেদ অনুযায়ী এটি রাষ্ট্রদ্রোহের শামিল হওয়ায় এক বড় সাংবিধানিক সংকট দেখা দেয়। এই সংকট উত্তরণে রাষ্ট্রপতি ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। ওই সময় সুপ্রিম কোর্ট ঘেরাও থাকায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে আপিল বিভাগ রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকার গঠনের আইনি বৈধতা দেন। রাষ্ট্রপতি বলেন, ‘আপিল বিভাগের ওই মতামতই আমার জন্য রক্ষাকবচ হয়ে ওঠে।’

 

ছাত্রনেতাদের অটল দাবির মুখেই যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল, তা-ও নিশ্চিত করেন রাষ্ট্রপতি। ড. ইউনূস ফ্রান্সে চিকিৎসাধীন থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছিল। তখন সালেহউদ্দিন আহমেদসহ বিকল্প কারও নাম ভাবা যায় কি না, এমন আলোচনা উঠলেও ছাত্রনেতারা ড. ইউনূসের প্রশ্নে অনড় ছিলেন। শেষ পর্যন্ত ছাত্রনেতাদের ইচ্ছাকেই সম্মান জানানো হয় বলে জানান তিনি।

 

মব জাস্টিস ও রাষ্ট্রপতির ‘মানসিক পীড়ন’

 

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ‘মব জাস্টিস’ নিয়ে হতাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি। মানবাধিকার সংস্থা আসকের তথ্যমতে, এই সময়ে মব সন্ত্রাসে অন্তত ২৯৩ জন নিহত হন। এ বিষয়ে সরকারের কোনো ইন্ধন ছিল কি না জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘ইন্ধন ছিল কি না জানি না। তবে তারা নীরব ছিল দেখেছি। আমি অসহায় ছিলাম। কিছু বলতে চাইনি, কেননা বলতে গিয়ে যদি বুমেরাং হয়ে যায়!’

 

অন্তর্বর্তী সরকারের সময়ে নিজের প্রতি হওয়া আচরণেরও সমালোচনা করেন মো. সাহাবুদ্দিন। তিনি অভিযোগ করেন, তাকে মানসিকভাবে ভেঙে পড়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ১৪ বার বিদেশে গেছেন, অথচ আমাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। নিজেদের মনমতো রাষ্ট্রপতি বসিয়ে নির্বাচন বিলম্ব করা বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই আমার ওপর এই মানসিক পীড়ন চালানো হয়।’

 

‘মানুষ মুক্তি চাইছিল’

 

দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনের পর গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেছে বিএনপি। সদ্য সমাপ্ত এই নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতির মূল্যায়ন ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল।’

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: