প্রধানমন্ত্রীকে দলে শুদ্ধিকরণের আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪পরিবর্তন করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রীকে দলে শুদ্ধিকরণের আহ্বান টিআইবির

ছবি: বিএনপির সৌজন্যে

শেয়ার করুন:

টিআইবি সতর্ক করে যে, যদি সড়কের চাঁদাবাজিকে এভাবে গ্রহণ করে নেওয়া হয়, তবে বিআরটিএ, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিদ্যুৎসহ রাষ্ট্রের অন্যান্য সেবা খাতেও দুর্নীতির একই তত্ত্ব প্রয়োগের ঝুঁকি তৈরি হবে। এতে পুরো সমাজব্যবস্থায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পথ প্রশস্ত হবে।

সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ হিসেবে অভিহিত করায় পরিবহনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এই বক্তব্য একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা এবং এটি সরকারের ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।


শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রীর এই সংজ্ঞা পরিবহন খাতের বিরাজমান নৈরাজ্যকে আরও উসকে দেবে। ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেখানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হয়েছে, তার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় মন্ত্রীর এমন মন্তব্য চরম হতাশাজনক। এটি প্রকারান্তরে পরিবহন খাতের 'ক্যানসার' খ্যাত চাঁদাবাজিকে সুরক্ষা দেওয়ার শামিল।


বিবৃতিতে আরও বলা হয়, মালিক ও শ্রমিক কল্যাণের দোহাই দিয়ে এই চাঁদাবাজিকে জায়েজ করার চেষ্টা বিভ্রান্তিকর। সড়কে এই অবৈধ লেনদেনের চূড়ান্ত বোঝা সাধারণ যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টদের বইতে হয়, যা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও ভূমিকা রাখে। 


টিআইবি সতর্ক করে যে, যদি সড়কের চাঁদাবাজিকে এভাবে গ্রহণ করে নেওয়া হয়, তবে বিআরটিএ, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিদ্যুৎসহ রাষ্ট্রের অন্যান্য সেবা খাতেও দুর্নীতির একই তত্ত্ব প্রয়োগের ঝুঁকি তৈরি হবে। এতে পুরো সমাজব্যবস্থায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পথ প্রশস্ত হবে।


ড. ইফতেখারুজ্জামান মনে করিয়ে দেন, ২০১২ সালেও তৎকালীন সরকার একই কায়দায় চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, যা আত্মঘাতী হিসেবে প্রমাণিত হয়েছিল। 


বর্তমান সরকারও একই পথে হাঁটছে কি না, তা নিয়ে সংস্থাটি গভীর সংশয় প্রকাশ করেছে। কর্তৃত্ববাদ পতনের পর দেশব্যাপী যেভাবে চাঁদাবাজি ও দখলবাজির 'হাতবদল' শুরু হয়েছে, মন্ত্রীর এই অবস্থান তাকে আরও বৈধতা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


টিআইবি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে। জনমানুষের আস্থা ধরে রাখতে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের ভেতর শুদ্ধি অভিযান ও সংস্কারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, দেশের মৌলিক চেতনার পরিপন্থী শক্তিগুলো এই পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: