দক্ষিণ প্লাজায় শপথ: নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

স্কেচ: এআই
সোমবার সকাল থেকেই সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় শুরু হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোর কর্মযজ্ঞ। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পুরো এলাকা কয়েক দফা ‘সুইপিং’ করেছে। আকাশ ও স্থলপথে নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিটের সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বঙ্গভবনের প্রথাগত দরবার হলের পরিবর্তে এই প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজধানীজুড়ে নজিরবিহীন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। এই ‘মেগা ইভেন্ট’ সফল করতে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য।
সোমবার সকাল থেকেই সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় শুরু হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোর কর্মযজ্ঞ। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পুরো এলাকা কয়েক দফা ‘সুইপিং’ করেছে। আকাশ ও স্থলপথে নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিটের সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও হবু মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে অনুষ্ঠানস্থলে আনা-নেওয়ার জন্য বিশেষ প্রোটোকল ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য প্রস্তুত রয়েছে অর্ধশত গাড়ির একটি বহর। তিনি বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সংসদ ভবনের প্রবেশপথ ও রুটগুলোতে নিশ্ছিদ্র পাহারা থাকবে।’
অনুষ্ঠানে ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি আমন্ত্রণ পেয়েছেন। এরই মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। অতিথিদের প্রবেশের জন্য মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন গেটগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
আয়োজন নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ, লেকরোড এবং সংসদ ভবন সংলগ্ন এলাকাগুলোতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রিত বা বন্ধ থাকবে। ঐতিহাসিক এই আয়োজনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় এখন সাজ সাজ রব, যেন নতুন আগামীর অপেক্ষায় প্রহর গুনছে গোটা জাতি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



