নতুন সংসদে ব্যবসায়ীদের দাপট, অধিকাংশ প্রবীণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
নতুন সংসদে ব্যবসায়ীদের দাপট, অধিকাংশ প্রবীণ

ছবি: উইকি

শেয়ার করুন:

'সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে রাজনীতি ব্যবসায়িক মুনাফার পুঁজিতে পরিণত হয় এবং চোরতন্ত্রের বিকাশ ঘটে। এতে ব‍্যবসা ও রাজনীতি উভয়ই দুর্বৃত্তায়িত হয় এবং স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনি ও নীতিকাঠামো দখল হয়।'

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের প্রায় ৫৯ শতাংশই পেশায় ব্যবসায়ী। প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ১৭৪ জনই নিজেদের মূল পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। এছাড়া জয়ীদের ৮৩ শতাংশ উচ্চশিক্ষিত এবং ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যু এবং অন্য দুটি আসনে আদালতের নিষেধাজ্ঞার কারণে ২৯৭ জনের তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

 

ব্যবসায়ীদের দাপটের চিত্রটি সবচেয়ে বেশি প্রকট হয়েছে এককভাবে ২০৯টি আসন পাওয়া বিএনপির ক্ষেত্রে। দলটির বিজয়ীদের মধ্যে ১৪৫ জনই ব্যবসায়ী, যা মোট জয়ী প্রার্থীর ৬৯ শতাংশ। অন্যদিকে জামায়াতে ইসলামীর ৬৮ জন প্রার্থীর মধ্যে ব্যবসায়ীর হার ২৯ শতাংশ বা ২০ জন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ব্যবসায়ীদের এই ক্রমাগত উত্থান বেশ লক্ষণীয়। ১৯৭৩ সালের প্রথম সংসদে যেখানে ব্যবসায়ী ছিলেন মাত্র ১৮ শতাংশ, ১৯৯১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে এই হার ছিল ৬৭ শতাংশ।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, 'সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে রাজনীতি ব্যবসায়িক মুনাফার পুঁজিতে পরিণত হয় এবং চোরতন্ত্রের বিকাশ ঘটে। এতে ব‍্যবসা ও রাজনীতি উভয়ই দুর্বৃত্তায়িত হয় এবং স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনি ও নীতিকাঠামো দখল হয়।'

 

শিক্ষাগত যোগ্যতার বিচারে এবারের সংসদ বেশ সমৃদ্ধ। নির্বাচিত ২৯৭ জনের মধ্যে ২৪৭ জনই স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রিধারী। এর মধ্যে বিএনপির ১৭১ জন এবং জামায়াতের ৬১ জন উচ্চশিক্ষিত প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৯ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে এবং ১৫ জন এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশা হিসেবে আইনজীবীর সংখ্যা ৩৬ জন, যার মধ্যে বিএনপির ২৪ জন এবং জামায়াতের ৮ জন। শিক্ষকতাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের ২৩ জন এবং বিএনপির ৪ জন সদস্য। রাজনীতিকে পেশা হিসেবে সরাসরি দেখিয়েছেন মাত্র ১০ জন। এছাড়া ১২ জন চিকিৎসক এবং ১৭ জন কৃষিজীবীও এবার সংসদে প্রতিনিধিত্ব করবেন।

 

বয়সের বিশ্লেষণে দেখা গেছে, প্রবীণদের সংখ্যাই এই সংসদে বেশি। বিজয়ীদের ৭৩ শতাংশ বা ২১৬ জনের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে এবং ১৪৫ জনের বয়স ৬০ বছরের বেশি। বিএনপির মধ্যে সবচেয়ে প্রবীণ সদস্য হলেন ৮৫ বছর ১১ মাস বয়সী মুশফিকুর রহমান। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক (৮৫) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী (৮২) নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বয়স ৫৭ বছর, যিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জামায়াতের সবচেয়ে প্রবীণ সদস্য এ টি এম আজহারুল ইসলামের বয়স ৭৩ বছর।

 

তবে প্রবীণদের এই ভিড়ে ব্যতিক্রমী উজ্জ্বলতা দেখিয়েছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জয়ী ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনেরই বয়স ৩০ বছরের নিচে। সংসদের সর্বকনিষ্ঠ সদস্য নোয়াখালী-৬ থেকে নির্বাচিত আব্দুল হান্নান মাসউদ, যার বয়স মাত্র ২৫ বছর। এছাড়া ঢাকা-১১ আসন থেকে ২৭ বছর বয়সে নির্বাচিত হয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের কনিষ্ঠতম সদস্য কুষ্টিয়া-৩ আসনের আমির হামজা (৩৩) এবং বিএনপির কনিষ্ঠতম সদস্য গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার (৩৫)। এনসিপি বাদে ৩০ বছরের কম বয়সী একমাত্র বিজয়ী হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: