যেভাবে মুক্তিফৌজের সর্বাধিনায়ক হলেন ওসমানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:১৭পরিবর্তন করতে ক্লিক করুন
যেভাবে মুক্তিফৌজের সর্বাধিনায়ক হলেন ওসমানী

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, স্কেচ: এআই

শেয়ার করুন:

সেনাপতির দায়িত্ব নিয়ে তিনি পুরো বাহিনীকে ‘নিয়মিত’ ও ‘গণবাহিনী’ বা গেরিলা বাহিনীতে বিন্যস্ত করেন।

পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর সাবেক কর্নেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করেন। ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

 

নির্বাচনে নিরঙ্কুশ জয় সত্ত্বেও যখন পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে এবং ১৯৭১ সালের ১ মার্চ অধিবেশন স্থগিত করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয় দেশব্যাপী অসহযোগ আন্দোলন। এই উত্তাল সময়ে ওসমানী সাবেক বাঙালি সেনা কর্মকর্তাদের রাজপথে সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। একাত্তরের ২২ মার্চ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সেনাদের বিশাল সমাবেশে তিনি নেতৃত্ব দেন এবং এরপর শহীদ মিনারে স্বাধীনতার শপথ গ্রহণ করেন। সেদিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য জানিয়ে তারা একটি তরবারি উপহার দিয়েছিলেন, যা ছিল আসন্ন যুদ্ধের এক প্রতীকী ও বলিষ্ঠ ঘোষণা।

 

অসহযোগ আন্দোলনের আড়ালে ওসমানী গোপনে সক্রিয় বাঙালি সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর ‘হাউ পাকিস্তান গট ডিভাইডেড’ গ্রন্থেও ওসমানীর এই তৎতপরতা ও প্রস্তুতির কথা গুরুত্বের সাথে উল্লেখ রয়েছে। ২৫ মার্চ কালরাত্রির নির্মম গণহত্যার পর বিচ্ছিন্নভাবে শুরু হওয়া প্রতিরোধ যুদ্ধকে সুসংগঠিত করতে ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ ও মেজর খালেদ মোশাররফসহ প্রায় দুই ডজন সামরিক কর্মকর্তার উপস্থিতিতে সেই বৈঠকে গৃহীত ‘তেলিয়াপাড়া রণকৌশল’ মুক্তি সংগ্রামের মোড় ঘুরিয়ে দেয়।

 

সেখানে ওসমানীকে সর্বসম্মতিক্রমে প্রধান সেনাপতি নির্বাচিত করা হয় এবং রণাঙ্গনকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সুশৃঙ্খল যুদ্ধের পরিকল্পনা নেওয়া হয়।

 

১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর এমএজি ওসমানীকে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে চূড়ান্ত ঘোষণা দেয়। ইতিহাসবিদদের মতে, তার বিশাল সামরিক অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা তাকে এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তিতে পরিণত করেছিল। একই সঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় মুক্তিকামী সাধারণ মানুষের কাছেও তার ছিল বিপুল গ্রহণযোগ্যতা। সেনাপতির দায়িত্ব নিয়ে তিনি পুরো বাহিনীকে ‘নিয়মিত’ ও ‘গণবাহিনী’ বা গেরিলা বাহিনীতে বিন্যস্ত করেন। তার সুনিপুণ সমরকৌশলেই সাধারণ কৃষক, শ্রমিক ও ছাত্ররা প্রশিক্ষিত হয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠে।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলে বীর এই সেনানী জেনারেল পদে উন্নীত হন। পান সন্মানসূচক বঙ্গবীর খেতাব। তার নামে বর্তমানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, মেডিকেল কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা রয়েছে। তিনি বাংলাদেশের গৌরবোজ্বল সংগ্রামের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: