৭০ শতাংশই প্রথমবার নির্বাচিত এমপি, তারুণ্যের জয়জয়কার

ছবি: উইকি
তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নেন এবং বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন। অন্যদিকে, ডা. শফিকুর রহমান ২০০১ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবার ঢাকা-১৫ আসন থেকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে পা রাখছেন। সংসদীয় রীতি অনুযায়ী, তারেক রহমান হতে যাচ্ছেন সংসদ নেতা এবং ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা।
দেশের সংসদীয় ইতিহাসে এক অভাবনীয় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) এক বিশাল সমাগম ঘটতে যাচ্ছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা—দুজনেই প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
নির্বাচন কমিশন থেকে পাওয়া ফলাফলে দেখা গেছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে বিরোধী দলের আসনে বসছে। বিস্ময়কর বিষয় হলো, তারেক রহমান ও ডা. শফিকুর রহমান—দুজনের কেউই এর আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন না।
তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নেন এবং বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন। অন্যদিকে, ডা. শফিকুর রহমান ২০০১ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবার ঢাকা-১৫ আসন থেকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে পা রাখছেন। সংসদীয় রীতি অনুযায়ী, তারেক রহমান হতে যাচ্ছেন সংসদ নেতা এবং ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা।
নতুন সংসদের ২৯৭ জন সদস্যের মধ্যে অন্তত ২০৯ জনই (৭০ শতাংশ) প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপির ১৩২ জন এবং জামায়াতে ইসলামীর ৫৯ জন নতুন মুখ রয়েছেন। জামায়াতের ক্ষেত্রে নতুন মুখের হার বিস্ময়করভাবে বেশি—প্রায় ৮৬ শতাংশ।
শুধু বড় দুটি দলই নয়, নতুন সংসদে প্রতিনিধিত্ব করা আটটি দলের মধ্যে পাঁচটিরই শীর্ষ নেতারা প্রথমবারের মতো এমপি হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের নুরুল হক (নুর)। জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে এবং নুরুল হক (নুর) পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম জয়ী হয়েছেন ঢাকা-১১ আসন থেকে।
সংসদীয় বিষয়াবলি–সম্পর্কিত বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম আহমেদ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ১৯৭৩ সালের প্রথম সংসদেও বিরোধী দল এত নগণ্য ছিল যে কোনো আনুষ্ঠানিক বিরোধীদলীয় নেতা ছিলেন না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করলেও তারা প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার সময় এই শীর্ষ পদে ছিলেন না।
অধ্যাপক নিজাম বলেন, ‘নতুনদের শুরুতে কার্যপ্রণালি বিধি বুঝতে কিছুটা সময় লাগতে পারে। তাদের ‘‘লার্নিং বাই ডুইং’’ বা কাজের মাধ্যমে শেখার নীতি অনুসরণ করতে হবে।’
অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এস কে তৌফিক এম হক মনে করেন, নতুনদের আসা পরিবর্তনের বড় সুযোগ। তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞ এমপিরাই অনেক সময় সংসদ অকার্যকর করেছেন। নতুনরা যদি মানসিকতায় পরিবর্তন আনতে পারেন, তবে সংসদে গঠনমূলক বিতর্ক হবে এবং রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য রাজপথে নামার প্রয়োজন হবে না।’
বিশ্লেষকদের মতে, নতুন মুখের এই আধিক্য জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষারই প্রতিফলন। মানুষ যে পুরোনো নেতৃত্বের পরিবর্তন চেয়েছিল, ভোটের এই ফলাফল তারই বড় প্রমাণ।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



