জাহাজটির গন্তব্য নয় বাংলাদেশ: কোনো প্রক্সি যুদ্ধের রসদ যাচ্ছিল?

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৪পরিবর্তন করতে ক্লিক করুন
জাহাজটির গন্তব্য নয় বাংলাদেশ: কোনো প্রক্সি যুদ্ধের রসদ যাচ্ছিল?

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

জ্বালানি নেওয়ার অজুহাতে মালাক্কা প্রণালির মুখে অপেক্ষার সময় গোয়েন্দা নজরদারির জালেই আটকা পড়ে ‘এমভি স্টার লাইন’। সব সূত্র মিলিয়ে ধারণা করা যায়, জাহাজটি চীন-আমেরিকার কোনো প্রক্সি যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছিল।

গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে একটি সন্দেহজনক জাহাজ আটক করে দেশটির নৌবাহিনী। টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’-এর রাডারে ধরা পড়া জাহাজটির নাম ‘এমভি স্টার লাইন’। কমোরোসের পতাকাবাহী এই জাহাজে পাওয়া যায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে থাকা কয়েক মিলিয়ন ব্ল্যাঙ্ক ফোরজি সিমকার্ড। জাহাজটির প্রাথমিক কাগজপত্রে গন্তব্য হিসেবে বাংলাদেশের মোংলা বন্দরের নাম উল্লেখ ছিল। এই খবরে দেশে নানা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু ব্যাংকিং নিয়ম, সমুদ্রপথের হিসাব এবং সমরাস্ত্র প্রযুক্তির তথ্য মিলিয়ে দেখলে ছবিটা পুরোপুরি পাল্টে যায়। স্পষ্ট বোঝা যায়, জাহাজটির আসল গন্তব্য মোটেও বাংলাদেশ ছিল না। মোংলা বন্দরের নামটি ছিল স্রেফ একটি কাগুজে আড়াল।

কেন বাংলাদেশ আসল গন্তব্য নয়, তার হিসাব খুব সোজা। সোডিয়াম পারক্লোরেট মূলত মিসাইল বা রকেটের জ্বালানি তৈরির কাঁচামাল। বাংলাদেশ কোনো মিসাইল তৈরি করে না। বিপুল পরিমাণ এই রাসায়নিক দিয়ে বাংলাদেশের করার কিছুই নেই। সবচেয়ে বড় প্রমাণ রয়েছে ব্যাংক ও বন্দরের খাতায়। বৈধ আমদানির প্রথম শর্ত হলো ব্যাংকে এলসি বা ঋণপত্র খোলা। অথচ বাংলাদেশের কোনো ব্যাংকে এই চালানের বিপরীতে কোনো এলসি নেই। মোংলা বন্দর বা কাস্টমসেও এই জাহাজের আগাম কোনো নথি বা আইজিএম ডেটা জমা পড়েনি। বাংলাদেশ সত্যিই গন্তব্য হলে বহু আগেই দেশের ব্যাংকিং চ্যানেলে এ-সংক্রান্ত তথ্য চলে আসত। অন্যদিকে, চীনের রপ্তানিকারক কোম্পানিও অর্থপ্রাপ্তি নিশ্চিত না করে এত বড় চালান জাহাজে তোলেনি। অর্থাৎ দুবাই, হংকং বা সিঙ্গাপুরের মতো তৃতীয় কোনো বাণিজ্যিক হাবের মাধ্যমে এই পণ্যের দাম পরিশোধ করা হয়েছে।

জাহাজটির চলাচলের সময়সূচি দেখলে এই জালিয়াতি আরও পরিষ্কার হয়। ট্র্যাকিং ডেটা বলছে, ‘এমভি স্টার লাইন’ গত ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছেড়ে যায়। প্রায় দুই মাস সমুদ্রে ঘুরে ৭ নভেম্বর সেটি সুমাত্রা উপকূলে পৌঁছায়। সেখানে জাহাজটি নির্ধারিত রুট ভেঙে সন্দেহজনকভাবে চলাচল করছিল। রেডিও কলেও সাড়া দিচ্ছিল না। সবচেয়ে বড় অসংগতি ছিল জাহাজের কাগজপত্রে। সেখানে মোংলা বন্দরে পৌঁছানোর সময় লেখা ছিল পরদিন ৮ নভেম্বর দুপুর ১২টা। অথচ জাহাজটির গতি ঘণ্টায় মাত্র ৭ নটিক্যাল মাইল। সুমাত্রা থেকে মোংলার দূরত্ব ১ হাজার ২০০ নটিক্যাল মাইলের বেশি। এই ধীরগতির জাহাজের পক্ষে ২৪ ঘণ্টায় মোংলায় পৌঁছানো ভৌগোলিকভাবে অসম্ভব। অর্থাৎ, ধরা পড়ার বহু আগেই মোংলায় যাওয়ার কাগুজে সময়সীমা পেরিয়ে গিয়েছিল।

রকেটের জ্বালানি ও লাখ লাখ সিমকার্ডের সামরিক রহস্য

প্রশ্ন হলো, কাগুজে গন্তব্যের আড়ালে এই বিপুল রসদ কোথায় যাচ্ছিল? উত্তর পেতে পণ্য দুটির সামরিক ব্যবহার বুঝতে হবে। সোডিয়াম পারক্লোরেট অত্যন্ত শক্তিশালী একটি অক্সিডাইজার বা জারক পদার্থ। এটি জ্বালানির দহন প্রক্রিয়ায় অক্সিজেন সরবরাহ করে এবং দ্রুত দহন ঘটাতে সহায়তা করে। সামরিক শিল্পে এটি প্রক্রিয়াজাত করে অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা হয়। এটি স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল এবং আর্টিলারি রকেটের কঠিন জ্বালানি বা ‘সলিড প্রপেল্যান্ট’-এর অন্যতম প্রধান উপাদান। গেরিলা বা অসম যুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলো তরল জ্বালানির বদলে কঠিন জ্বালানি বেশি ব্যবহার করে। কারণ, তরল জ্বালানি সংরক্ষণ করা জটিল। কিন্তু পারক্লোরেটজাত উপাদান ব্যবহার করে পাহাড় বা জঙ্গলের অস্থায়ী কারখানায় ধাতব পাইপে ভরে রকেট তৈরি করা যায়। এগুলো দীর্ঘদিন বাঙ্কারে মজুত রাখা যায়। যেকোনো সময় ট্রাকে তুলে উৎক্ষেপণ করা সম্ভব। বাঙ্কার বিধ্বংসী গোলা, স্থলমাইন ও শক্তিশালী আইইডি বোমা তৈরিতেও এ ধরনের রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। ৪০৫ টন রাসায়নিক দিয়ে হাজার হাজার রকেট তৈরির উপাদান উৎপাদন করা সম্ভব।

একই জাহাজে লাখ লাখ ব্ল্যাঙ্ক ফোরজি সিমকার্ড থাকাটাও আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আনে। চীন ও তাইওয়ানের মাইক্রোচিপ কারখানায় তৈরি এই খালি বা ‘হোয়াইট’ সিমে অপারেটরের নাম, নম্বর বা বায়োমেট্রিক পরিচয় থাকে না। বিদ্রোহীরা সাধারণ কার্ড রাইটার মেশিন ও সফটওয়্যার দিয়ে নিজেদের কোড বসিয়ে এগুলো চালু করতে পারে। এখন দূরপাল্লার আত্মঘাতী বা কামিকাজে ড্রোন চালাতে রেডিও সিগন্যালের পাশাপাশি ফোরজি সিমও ব্যবহৃত হচ্ছে। রেডিও তরঙ্গ সহজেই জ্যাম করা যায়। কিন্তু সিমযুক্ত ড্রোন মোবাইল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে শত শত কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আবার যুদ্ধক্ষেত্রে সরকারি বাহিনী ইন্টারনেট বন্ধ করে দিলে বিদ্রোহীরা পোর্টেবল বেজ স্টেশন বসাতে পারে। তখন এসব সিম দিয়ে তারা নিজস্ব নেটওয়ার্ক পরিচালনা করতে পারে। রিমোট বোমার ট্রিগার হিসেবেও সিম ব্যবহৃত হয়। প্রতিটি হামলায় সিম নষ্ট হয়ে যেতে পারে বলে বড় যুদ্ধক্ষেত্রে বিপুলসংখ্যক সিমের প্রয়োজন পড়ে।

চীনের বন্দর, কমোরোসের পতাকা ও তিন দেশের জাল

এমন সামরিক রসদ পাচারে একটি সুশৃঙ্খল ছদ্মবেশী ব্যবস্থা কাজ করে। এই চালানটি ছাড়ে চীনের জিয়াংসু প্রদেশের লিয়ানইউনগাং বন্দর থেকে। পীত সাগরের এই বন্দরে সাংহাই বা শেনজেনের মতো পশ্চিমা নজরদারি নেই। ‘নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ’ রেলপথে চীনের অভ্যন্তরীণ প্রদেশগুলোর রাসায়নিক পণ্য সরাসরি এখানে আসে। বন্দরের পাশেই রয়েছে শুওয়েই রাসায়নিক শিল্পাঞ্চল। অতীতে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞাভুক্ত কয়লা পরিবহনেও এই বন্দরের নাম এসেছিল। এখানে সোডিয়াম পারক্লোরেটকে ‘ব্লিচিং কেমিক্যাল’ এবং সিমকার্ডকে ‘প্লাস্টিক কার্ড’ হিসেবে দেখিয়ে ৫ হাজার টনের ছোট জাহাজে তোলা হয়। আর পরিবহনে ব্যবহার করা হয় ‘প্যারিস এমওইউ’-এর কালো তালিকাভুক্ত দেশ কমোরোসের পতাকা। পূর্ব আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র অর্থের বিনিময়ে কঠোর যাচাই ছাড়াই বিদেশি জাহাজকে পতাকা দেয়। রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়ানো ‘ছায়া জাহাজ’ বা ‘ডার্ক ফ্লিট’গুলো প্রকৃত মালিকের পরিচয় লুকাতে এই পতাকা ব্যবহার করে।

আটক ‘এমভি স্টার লাইন’ (আইএমও: ৮৩৫৬৯৬২) জাহাজটির ইতিহাসও একই রকম। ২০০৯ সালে তৈরি জাহাজটি আগে চীনা মালিকানায় ছিল। চালান ছাড়ার কিছুদিন আগে, চলতি বছরের মে মাসে এটি বিক্রি করে কমোরোসের পতাকা নেওয়া হয়। তিন দেশের তিনটি কোম্পানির আড়ালে এর মালিকানা সাজানো হয়েছে। নিবন্ধিত মালিক হংকং-সংশ্লিষ্ট ‘এভারসানি লিমিটেড’, বাণিজ্যিক ব্যবস্থাপক দুবাইয়ের ‘ড্রিমলাইন কমোডিটিজ ডিএমসিসি’ এবং কারিগরি অপারেটর চীনের ‘ফুজিয়ান সাকসেস ওশান শিপিং’। কাগজে নিবন্ধনের মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত লেখা থাকলেও আন্তর্জাতিক ডেটাবেজে জাহাজটির নিবন্ধন ‘স্থগিত’ পাওয়া গেছে। বিপজ্জনক রাসায়নিক বহনের উপযোগী অগ্নিনির্বাপণ সরঞ্জামও এতে ছিল না। এসব ছায়া জাহাজ গন্তব্যের কাছাকাছি গিয়ে জিপিএস ট্র্যাকার বা এআইএস বন্ধ করে দেয়। এরপর গভীর সমুদ্রে রাতের আঁধারে মাছ ধরার ট্রলারে পণ্য খালাস করে অন্য বন্দরে চলে যায়।

দশ বছরের নজির ও পরাশক্তির প্রক্সি যুদ্ধ

গত দশ বছরে (২০১৬–২০২৬) একই জাহাজে রকেটের জ্বালানি ও লাখ লাখ সিমকার্ড ধরা পড়ার নজির নেই। তবে আলাদাভাবে এ ধরনের চালান আগেও ধরা পড়েছে। ২০১৮ সালে গ্রিসে আটক তুরস্কের ‘অ্যান্ড্রোমিডা’ জাহাজে ৪১০ টন বিস্ফোরক পাওয়া যায়। কাগজপত্রে জিবুতি ও ওমানের নাম থাকলেও সেগুলো গোপনে লিবিয়ার মিসরাতায় মিলিশিয়াদের কাছে যাচ্ছিল। ২০২৫ সালের শুরুতে চীনের তাইকাং বন্দর থেকে দুটি ইরানি জাহাজে ১ হাজার টন সোডিয়াম পারক্লোরেট নেওয়ার তথ্য ফাঁস হয়, যা দিয়ে ২৬০টি মিসাইল তৈরি করা সম্ভব। জুনে লোহিত সাগরে হুতিদের জন্য ইরানের পাঠানো ৭৫০ টন সমরাস্ত্র ও বিস্ফোরকসহ ‘আল-শারওয়া’ জাহাজ আটক হয়। ২০২২ সালে ওমান উপসাগরে ৭০ টন অ্যামোনিয়াম পারক্লোরেট জব্দ করে মার্কিন নৌবাহিনী। এ ছাড়া ২০২০ সালে ভারতের কান্ডলা বন্দরে শিল্প ড্রায়ারের আড়ালে চীনের মিসাইল যন্ত্রাংশ এবং ২০২৪ সালে মিজোরাম সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য নেওয়া বিপুল বিস্ফোরক ধরা পড়ে।

সিমকার্ড আটকের চিত্রটিও একই রকম। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের আগে ১ লাখ সিম ও ৩০০টি চীনা সিম-সার্ভার জব্দ করে মার্কিন সিক্রেট সার্ভিস। অক্টোবরে ইউরোপে ৪০ হাজার সিম ও ১ হাজার ২০০টি চীনা সিম-বক্স আটক করে ইউরোপোল। ইউক্রেন যুদ্ধে ড্রোন ও বট-ফার্ম পরিচালনায় ব্যবহৃত লক্ষাধিক রুশ সিম জব্দ হয়েছে। আর ২০২৪ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জুলাইয়ে থাইল্যান্ড-মিয়ানমারের মায়ে সোট সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়ার পথে লক্ষাধিক সিমকার্ড আটক করে থাই পুলিশ।

এখন প্রশ্ন, ছদ্মবেশী জাহাজটি ইন্দোনেশিয়াতেই কেন ধরা পড়ল? চীন থেকে ভারত মহাসাগরে ঢোকার প্রধান পথ মালাক্কা, সুন্দা ও লম্বক প্রণালি ইন্দোনেশিয়ার জলসীমার মধ্য দিয়ে গেছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক চুক্তি হয়েছে। দেশটির আকাশসীমা ব্যবহারেরও অনুমতি চেয়েছে আমেরিকা। মূলত নজরদারি বিমান ও স্যাটেলাইটের মাধ্যমে চীনের সন্দেহজনক জাহাজ ট্র্যাক করতেই এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে ধারণা করা যায়। জ্বালানি নেওয়ার অজুহাতে মালাক্কা প্রণালির মুখে অপেক্ষার সময় সেই গোয়েন্দা নজরদারির জালেই আটকা পড়ে ‘এমভি স্টার লাইন’। সব সূত্র মিলিয়ে ধারণা করা যায়, জাহাজটি চীন-আমেরিকার কোনো প্রক্সি যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছিল। বঙ্গোপসাগরের তীরের মিয়ানমার থেকে শুরু করে ইন্দো-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তির এই ছায়াযুদ্ধ এখন তুঙ্গে। বঙ্গোপসাগর বা আন্দামান সাগরে ঢোকার বৈধ অজুহাত হিসেবেই নথিতে মোংলা বন্দরের নাম লেখা হয়েছিল। তাই এলসি ও বন্দর ডেটাহীন এই চালান নিয়ে বাংলাদেশকে সন্দেহ করা মূলত পরাশক্তির প্রকৃত ভূরাজনীতি থেকে চোখ ফিরিয়ে রাখারই শামিল।

__________


লেখক: সম্পাদক, ঢাকা পেপার্স

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: