আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল


সংগৃহীত
খুলনার আইনশৃঙ্খলা নিয়ে গণমাধ্যমে একের পর এক শিরোনাম, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সব নিয়ন্ত্রণে। শ্রমিকের ন্যায্য আন্দোলনের পেছনে ‘ইন্ধনদাতা’ খুঁজলে উল্টো ইন্ধনদাতার ন্যায্যতাই তৈরি হয়। সরকারের এই ব্যর্থতা আর চাঁদাবাজি-দখলের অভিযোগ আওয়ামী লীগের নাশকতার জন্য মাটি তৈরি করে দিচ্ছে।
শাহীন মোল্যা সেদিন মোটরসাইকেলে ছিলেন। দিনটা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬। জায়গা নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর, বটতলা মোড়। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা তখন সেখান দিয়ে যাচ্ছিল। শাহীন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক। পাশে ছিলেন সোহেল মোল্যা, জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
শোভাযাত্রায় হামলা হলো। দুজনই গুরুতর আহত হলেন। প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনার হাসপাতাল। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী শনিবার জানিয়েছেন, হত্যার ঘটনায় তখনো মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করতে আসবে, এমন কথা আছে।
ওই দুই মৃত্যু এখন দেশের রাজনীতির একটা বড় প্রশ্নের ভেতরে ঢুকে গেছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়। কোনো দলের এই চাওয়া দোষের নয়। কিন্তু ফেরার জন্য দলটি যে পথ বেছেছে, সেই পথেই ফেরার দরজা আরও আটকে যাচ্ছে। আওয়ামী লীগ কি আসলেই ফিরতে চায়?
ফিরতে চাইলে দলের চেহারা বদলাতে হয়। গত মে মাসে প্রথম আলোর খবর ছিল, ‘রিফাইন্ড’ আওয়ামী লীগে নেতা-কর্মীদের সায় নাই। দল অপেক্ষাতে আছে শেখ হাসিনার ফেরার। দলের মালিক তিনি। সভাপতির পদ ছাড়লে তাঁর আর কোনো জায়গা থাকে না, এটা তিনি জানেন। ফলে দলও জানে, হাসিনাকে ছাড়া কোনো আওয়ামী লীগ নাই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি ভারতে আছেন। ভার্চুয়াল বৈঠকের ক্লিপ অনলাইনে ঘোরে। সেখানে ক্ষমা চাওয়ার কথা নাই। আছে ‘দেখে নেওয়ার’ কথা।
ফেরার আরেকটা শর্ত আছে— ২০২৪ সালের জুলাই-আগস্টে যা ঘটেছে, তার হিসাব দেওয়া। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে ওই সময়ের মৃত্যুর আনুমানিক সংখ্যা এসেছে ১,৪০০ পর্যন্ত। এই হিসাবের সামনে আওয়ামী লীগ আজও দাঁড়ায়নি। দলের সামনের সারির প্রায় সবাই বিদেশে। মাঠে যাঁরা আছেন, তাঁরা তৃণমূলের নেতা-কর্মী। সহিংসতার ফল আসবে তাঁদের ঘাড়েই। তরুণদের মতামতও আছে। গণ-অভ্যুত্থানের পর নতুন প্রজন্মের একটা বড় অংশ দলটির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের টানার মতো নতুন মুখ আওয়ামী লীগ কতটা তৈরি করেছে, তা নিয়ে প্রশ্ন আছে। সামাজিক মাধ্যমে দলের সমর্থকেরা প্রতিটি হামলার পর ‘ভয় পাচ্ছেন?’ লিখে প্রচার চালান। আওয়ামী লীগ মনে করছে এটা তরুণদের কাছে টানার ভাষা। কিন্তু আদতে তা ভয় দেখানোর ভাষা। ভয় দেখিয়ে কোনো দল ভোট পায় না, শুধু শত্রু বাড়ে।
এ দেশের রাজনীতির ইতিহাসে অবশ্য ক্ষমা চাওয়ার চল নাই। জামায়াতও একাত্তরের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। কিন্তু জামায়াতকে ফিরতে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। চড়া দামও দিতে হয়েছে। সেই দায় তারা এখনো টানছে। আওয়ামী লীগ ভাবছে, তাদের ক্ষেত্রে সব অন্যরকম হবে। অথচ আড়াই বছর পার হয়নি।
আওয়ামী লীগ বারবার গণবিরোধী হয়ে ওঠে কেন?
ক্ষমতা ধরে রাখার অভ্যাস এ দেশের রাজনৈতিক দলগুলোকে বারবার গণবিরোধী অবস্থানে নিয়ে যাচ্ছে। ক্ষমতায় থাকতে দল ভোটকে ভয় পেয়েছে। ২০১৪ সালে ৩০০ আসনের ১৫৩টিতে ভোটই হয়নি। প্রার্থী একজন, তিনিই এমপি। ২০১৮ সালের ভোট নিয়ে প্রশ্ন আজও মেটেনি। ২০২৪ সালে বিরোধী দলগুলো ভোটে ছিল না। এই ১৫ বছরে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের ভাগাভাগিতে দলের তৃণমূল ভেঙে গেছে। আমলারা রাজনীতিকদের জায়গা নিয়েছেন। জনগণের সঙ্গে দলের সুতা কেটে যায়। তখন জনগণকে আর ভোটার মনে হয় না। মনে হয় প্রতিপক্ষ।
তারপর এল গুম, খুন, আয়নাঘর। ইতিহাস নির্মাণ করলো ২০২৪-এর জুলাই। নিরস্ত্র মানুষের ওপর গুলি। জনগণ তাঁদের তাড়িয়ে দিল। আওয়ামী সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে জনগণ একটা চলতি ব্যবস্থাকে মানুষ ফিরিয়ে দিয়েছে।
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের জন্য নতুন কিছু না, এ কথাও ঠিক। ১৯৭১ সালের ২৬ মার্চ ইয়াহিয়া খানের সামরিক সরকার দলটিকে নিষিদ্ধ করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের শেষে শেখ হাসিনার সরকার নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামীকে। দুবারই নিষেধাজ্ঞা টেকেনি। ফল কী হয়েছিল, সবাই জানে। এ যুক্তি আওয়ামী লীগ দিতেই পারে, আর দিচ্ছেও। কিন্তু একাত্তরে আওয়ামী লীগের হাতে ছিল ম্যান্ডেট, ছিল নির্বাচনের রায়। আজ তার হাতে আছে আগুন। দুটো এক জিনিস না।
এই অতীতের সঙ্গে আজকের নাশকতা মেলালে একটা সুর পাওয়া যায়। যে পথে ক্ষমতা গিয়েছে, সেই পথকেই দল আজও ঠিক মনে করছে। প্রথম আলোর একটি বিশ্লেষণে বলা হয়েছে, জুলাই-পূর্ব রাজনীতি নিয়ে আওয়ামী লীগ কোনো পর্যালোচনায় যেতেই পারেনি। হান্না আরেন্ট বলেছিলেন, সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, সৃষ্টি করতে পারে না। আওয়ামী লীগ ধ্বংসের হাতিয়ারটাই তুলে নিয়েছে।

নাশকতা এখন দলটির একমাত্র দৃশ্যমান অস্ত্র। শনিবার ১৪ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ার নীলফা, কুশলী আর বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোরের খবর অনুযায়ী, পরদিন বিকেল চারটার দিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন লাগে। রাত ৯টায় পোড়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখা। পুলিশ ১০ ও ১৫ নভেম্বরের ঘটনায় কয়েকজনকে ধরে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় আসে সবচেয়ে বড় ঘটনা। মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হলো। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করলেন। আটক সহকর্মীদের ছিনিয়ে নেওয়াই ছিল উদ্দেশ্য। দেশরূপান্তরের খবর অনুযায়ী থানার সামনের অন্তত ১০টি গাড়ি আর থানা ভবনে আগুন ধরানো হয়। গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন লাগে। তাঁর পরিবার ও স্বজনদের আরও ১০ থেকে ১৫টি বাড়ি পোড়ে। নীলফায় যৌথ বাহিনীর পথ আটকে ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। গাছ কেটে রাস্তা বন্ধ হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেনি।
পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় পরে মামলা হয়েছে ২ হাজার ২২৪ জনকে আসামি করে। কয়েকজনের নাম, বাকিরা অজ্ঞাতনামা, এমন মামলা এই দেশে নতুন নয়। কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন, ঘোষণা দিয়ে, লাইভে এসে আগুন দেওয়ার এই কৌশল কাকে কী বার্তা দিচ্ছে। বার্তাটা সোজা। আমরা আছি, আমরা পারি। প্রথম আলোর হিসাবে এই সহিংসতায় এ পর্যন্ত চারজনের প্রাণ গেছে।পিরোজপুরে বাসে আগুনে পুড়ে একজন পরিবহনশ্রমিক। ভাঙ্গায় কৃষক দলের এক নেতা। নড়াইলে দুজন।
আক্রান্ত শুধু বিএনপিও না। থানা, পুলিশ আর যৌথ বাহিনীর গাড়িও। যে দল একসময় এই বাহিনীগুলোকেই নিজের হাতিয়ার বানিয়েছিল, সে এখন সেগুলোকেই পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষ যা দেখছে তা হলো– রাষ্ট্র যখন দুর্বল, তখন নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হয়। এই ভাবনাটাই সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক।
লক্ষ্য বাছাইয়েও একটা ছক আছে। গ্রামীণ ব্যাংকের শাখা, এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, সামান্তা শারমিনকে হুমকি, শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলা। যাঁরা জুলাইয়ের সঙ্গে ছিলেন, ক্ষোভটা সরাসরি তাঁদের ওপর। নড়াইলে এরপর যা হলো, সেটাও সত্য।
শুক্রবার, ২০ নভেম্বর। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ও দোকানে হামলা, লুট, আগুন। সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়ি পোড়ে। পোড়ে সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি। নিউ এইজের তালিকায় আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ আর স্বেচ্ছাসেবক লীগের এস এম শামীমের নামও।
সংখ্যা নিয়ে সবাই আলাদা কথা বলছে। রাইজিংবিডির খবরে ৮ থেকে ১০টি বাড়ি, ফায়ার সার্ভিসের হিসাবে ২০ থেকে ৩০টি, ডেইলি স্টারে অন্তত ৪০, নিউ এইজে ৫০-এর বেশি, সারাবাংলায় প্রায় ৬০। আজকের পত্রিকার একটি অনলাইন শিরোনাম বলছে দু’শ। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ২০০-এর দাবি নাকচ করেছেন। ওসি ইদ্রিস আলী বলেছেন, দুজনকে আটক করা হয়েছে, আর ‘বিক্ষুব্ধ জনতা’ কিছু বাড়িতে আগুন দিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো দায়ী করছে বিএনপির লোকজনকে। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু অভিযোগ অস্বীকার করেছেন। নড়াইল-১ আসনের বিএনপি এমপি জাহাঙ্গীর আলম বলেছেন, নিহতদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে বিচ্ছিন্ন দু-একটি বাড়িতে হামলা করতে পারেন।

কেউ খুন হলে তার জবাবে অন্যের ঘর পোড়ানো অপরাধ। এতে আওয়ামী লীগের সহিংসতার কৌশলই বৈধতা পায়। প্রথম আলোর বিশ্লেষণও এ কথাই বলেছে। তাহলে এই ঘটনা মানুষের চোখে হালকা হয়ে গেল কেন? কারণ প্রচারণার একটা ঢেউ এসে ঘটনাটা ঢেকে দিল। ভারতীয় সামাজিক মাধ্যমের একাধিক অ্যাকাউন্ট আর অন্তত একটি ভারতীয় গণমাধ্যমে বলা হলো, নড়াইলে হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে। ‘বাংলাদেশ আন্ডার বিএনপি’ হ্যাশট্যাগে লেখা হলো, আওয়ামী লীগের শত শত সমর্থকের বাড়ি, যাঁদের অনেকেই সংখ্যালঘু হিন্দু। অথচ নড়াইল পুলিশ শনিবার বিবৃতি দিয়ে জানায়, বেন্দারচরে হিন্দু পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ ভিত্তিহীন। এএনআইয়ের নিজের প্রতিবেদনেও পুলিশের এই নাকচ ছাপা হয়েছে। বিএনপি বলছে, ফেসবুকে দলের নাম খারাপ করতে এসব ছড়ানো হচ্ছে।
কৃষ্ণপদ ঘোষের নাম তালিকায় থাকা মানেই হিন্দু বসতি আক্রান্ত, তা প্রমাণ হয় না। আবার পুলিশের নাকচ মানেই কারও ক্ষতি হয়নি, তাও না। এ লেখা তৈরির সময় পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে কোনো স্বাধীন তদন্তের কথা নাই। ক্ষতির কোনো সরকারি তালিকাও নাই।
এই ছকটা নতুন না। প্রতিবার সহিংসতার পর ‘সংখ্যালঘু নির্যাতন’-এর গল্প আগে ছড়ায়, তথ্য আসে পরে। যখন তথ্য আসে, ততক্ষণে গল্প অনেক দূর চলে গেছে। আওয়ামী লীগের সমর্থকেরা এর সুবিধা নেন। কারণ ভিন্ন মতের কাছে বাংলাদেশ মানেই অনিরাপদ দেশ, এই ছবি আঁকা তাঁদের দরকার। এ ছবি যত বড় হয়, নিজেদের নাশকতার প্রশ্ন তত ছোট হয়ে যায়।
আসল ক্ষতিটা তাই দ্বিগুণ হলো। একটা মিথ্যা দাবি ধরা পড়ল। তার সঙ্গে সত্যিকারের পোড়া বাড়িগুলোও ‘প্রোপাগান্ডা’র খাতায় চলে গেল। যাঁদের ঘর পুড়েছে, তাঁদের কথা শোনার মানুষ কমল। এই ঘটনায় লাভ কার হলো? যাঁরা ‘হিন্দু নিধন’ বলে আগুনে ঘি ঢাললেন, তাঁদের। আর ক্ষতি হলো সেই ঘরোয়া মানুষের, যাঁর দলীয় পরিচয় যা-ই হোক, ঘর পুড়েছে।
এখন আওয়ামী লীগ কী করবে?
সরকারের ভাষা কড়া। বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ পরদিন লালমনিরহাটে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’ কিন্তু মাঠে এখনো প্রাণঘাতী অস্ত্র নিয়ে কোনো অভিযান দেখা যায়নি। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সরকারি স্থাপনায় আরও হামলা হতে পারে। ডিসেম্বর সামনে। শেখ হাসিনার ফেরার গুঞ্জনও আছে।
দলটির সামনে পথ আসলে তিনটা। এক, নাশকতা চালিয়ে যাওয়া। এতে কয়েকটা শিরোনাম মেলে, তৃণমূলের মন একটু চাঙ্গা হয়, আর সরকার কড়া হাতে নামলে পাল্টা সহিংসতার একটা গল্প তৈরি হয়। দুই, বিদেশ থেকে ভার্চুয়াল বৈঠক আর অনলাইন প্রচারণায় চালিয়ে যাওয়া। এতে নিজের ঝুঁকি নাই, ঝুঁকি যায় দেশের ভেতরের কর্মীদের। তিন, সহিংসতা থেকে সরে এসে দায় স্বীকার করা, বিচারের মুখোমুখি হওয়া, নেতৃত্বে বদল আনা। শেষ পথটাই একমাত্র সত্যিকারের ফেরার পথ। কিন্তু হাসিনাকে ঘিরেই দল চলছে, তাই এই পথ ধরার সম্ভাবনা সবচেয়ে কম।
এই পুরো সময়ে একটা তথ্য কোনো দপ্তর প্রকাশ করেনি। ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত গোপালগঞ্জ, নড়াইল, পিরোজপুর আর ভাঙ্গায় মোট কতগুলো ঘর, দোকান, অফিস আর গাড়ি পুড়েছে, তার একটি একীভূত তালিকা। কত জন গ্রেপ্তার হয়েছেন, কত জনের নামে মামলা, কোন মামলায় কে আসামি, তারও পূর্ণ হিসাব নাই। হিসাব না থাকলে গুজবই হিসাব শক্ত হয়ে দাঁড়ায়।
একটি দলকে জনগণ চায় কি না, তা বোঝার উপায় ভোট। একজন প্রথম আলো-লেখক প্রশ্ন তুলেছেন, নির্বাহী আদেশে নিষিদ্ধ করা দলের জন্য আদালতের পথ কেন নেওয়া হলো না। প্রশ্নটা অযৌক্তিক নয়। আবার গণহত্যার অভিযোগ থাকা একটি দলকে বিচার ছাড়া ফিরতে দেওয়া যায় কি না, সে প্রশ্নও আছে। দুটো প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।
সরকারের নিজের ঘরেও ফাঁক আছে। দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন করছেন, আর মজুরি বোর্ডের সভা পিছিয়ে যাচ্ছে। খুলনার আইনশৃঙ্খলা নিয়ে গণমাধ্যমে একের পর এক শিরোনাম, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সব নিয়ন্ত্রণে। শ্রমিকের ন্যায্য আন্দোলনের পেছনে ‘ইন্ধনদাতা’ খুঁজলে উল্টো ইন্ধনদাতার ন্যায্যতাই তৈরি হয়। সরকারের এই ব্যর্থতা আর চাঁদাবাজি-দখলের অভিযোগ আওয়ামী লীগের নাশকতার জন্য মাটি তৈরি করে দিচ্ছে। দল যখন দেখে রাষ্ট্র কার্যকর না, তখন ঝুঁকি নিতে তার সাহস বাড়ে।
বিএনপির পরীক্ষাও এখানে। সরকারে থেকে পাল্টা হামলা ঠেকাতে না পারলে আওয়ামী লীগ ঠিক সেটাই পাবে, যা সে চাইছে—- ভয়ের ছড়াছড়ি এবং দুই মেরুতে সমাজ ভাগ হওয়া। বাংলাদেশের মানুষ আড়াই বছর আগে একটা ব্যবস্থা বদলেছিল ভয়-ত্রাসের শাসন থেকে মুক্তি পাবে বলে। এখন সেই ভয়ই আবার ফিরছে।
শাহীন মোল্যার পরিবারের কাছে এসব রাজনীতির হিসাব কোনো সান্ত্বনা না। ১৮ নভেম্বর যে মানুষ মোটরসাইকেলে বেরিয়েছিলেন, তিনি আর ফেরেননি। ২০ নভেম্বর যাঁদের ঘর পুড়ল, তাঁরাও কেউ ওই হত্যার সঙ্গে জড়িত কি না, কেউ জানে না। পিরোজপুরের বাসে পুড়ে মরা শ্রমিক, গ্রামীণ ব্যাংকের পোড়া শাখার ঋণগ্রহীতা, গোপালগঞ্জের রাস্তা আটকে থাকায় আগুন নেভাতে না পারা ফায়ার সার্ভিসের ভরসায় থাকা গ্রামবাসী। দলগুলো যার যার ক্ষমতার হিসাব কষছে। দাম দিচ্ছে সাধারণ মানুষ।
__________________________________________
লেখকঃ কবি
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



