শ্রমিককে না বাঁচালে শিল্প বাঁচবে না, শিল্প না বাঁচলে দেশও বাঁচবে না


মোশরেফা মিশু
আজকের পরিস্থিতির জন্য প্রধানত মালিকরাই দায়ী। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মালিকদের সবচেয়ে বড় আস্কারা দিয়েছে সরকার। দীর্ঘ বছর ধরে, আমার ৩২ বছরের অভিজ্ঞতায়, মালিক ও সরকারের ভাষা একই রকম দেখেছি। মালিক ও সরকারকে আমরা আলাদা করে দেখতে পারিনি।
মোশরেফা মিশু একজন রাজনীতিবিদ ও শ্রমিক নেত্রী। তিনি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মোশরেফা মিশু নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগঠক ও নেত্রী ছিলেন। বাংলাদেশে চলমান গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সরকার ও রাষ্ট্রের সমন্বিত পীড়ন নিয়ে কথা বলেছেন তিনি। নূজিয়া হাসিন রাশাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের এই অসন্তোষের পেছনে দায়ী মালিকপক্ষ ও সরকার, কারণ তারা শ্রমিকদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে পল্টনে ১৮ নভেম্বর ঢাকা পেপার্সের জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়।
ঢাকা পেপার্স: শ্রম আইন ২০২৬-এ তিন বছর পর পর মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সে অনুযায়ী মে-জুনের মধ্যে মজুরি বোর্ড গঠনের কথা ছিল এবং ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি বৃদ্ধির পর এই নভেম্বরে নতুন মজুরি ঘোষণা করার কথা ছিল। কিন্তু সরকার বা মালিক পক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। শ্রমিকদের আন্দোলনের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখছেন?
মোশরেফা মিশু: শ্রম আইন ২০২৬ অনুযায়ী, তিন বছর পর পর মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সেই বিবেচনায় মে-জুনের মধ্যে মজুরি বোর্ড গঠনের কথা ছিল। ২০২৩ সালের নভেম্বরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে নতুন মজুরি ঘোষণা করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। মালিক পক্ষেরও কোনো উদ্যোগ ছিল না।
এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অক্টোবরের মাঝামাঝি, আমার হিসাব অনুযায়ী ১২ অক্টোবর থেকে, উত্তরা এলাকায় আন্দোলনে নামেন এবং ৩০ হাজার টাকা মজুরি দাবি করেন। এরপর দিন যত গড়িয়েছে, আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়েছে।
শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ও মালিক পক্ষ আরও সহিংস করে তুলেছে। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় শ্রমিকদের মাঠে নামতে হয়েছে। তাঁদের সামনে আর কোনো পথ ছিল না। ২০২৩ সালে যে মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেই মজুরিতে তখনই শ্রমিকদের জীবন চলছিল না। এর মধ্যে আরও তিন বছর পার হয়েছে। বাড়িভাড়া, যাতায়াত খরচ, গ্যাস, বিদ্যুৎ, পানি—সবকিছুর খরচ বেড়েছে। মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে শ্রমিকদের পক্ষে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ কারণেই তাঁরা বাধ্য হয়ে মাঠে নেমেছেন।
এখন শ্রমিকরা আন্দোলনে নেমেছেন বলে তাঁদের দমন করতে পুলিশ ব্যবহার করা হবে, তাঁদের গুলি করা হবে? শ্রম আইনেও মালিক ও শ্রমিকের দ্বন্দ্ব মীমাংসার জন্য দর-কষাকষির পথ রয়েছে। শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন, তাঁদের ক্ষুব্ধ হওয়ার শতভাগ কারণ রয়েছে বলে আমি মনে করি। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা না করে এক-দুই দিন পর থেকেই আমরা দেখলাম, পুলিশ রণমূর্তি ধারণ করেছে।
আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি, ছাত্র আন্দোলন বা যেকোনো গণতান্ত্রিক আন্দোলন হলেই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগকে পাঠিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হতো। এই সরকারের সময় আমরা দেখছি, শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাঁদের প্রত্যেকেই বিএনপির বিভিন্ন বাহিনী—স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সংশ্লিষ্টদের আঘাতে নিহত হয়েছেন। তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য কোথায়?
বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছেন, তার পেছনে কিছু স্বপ্ন ছিল, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে বৈষম্যবিরোধী যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছিল, আমরা দেখলাম, আন্দোলন দমনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নের কোনো প্রতিফলন ঘটেনি। বরং মনে হচ্ছে, আগের স্বৈরাচারী সরকারের শাসনের ধারাবাহিকতাই চলছে।
ঢাকা পেপার্স: মজুরি বোর্ড গঠনের পরও কেন শ্রমিকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন?
মোশরেফা মিশু: শ্রমিকরা আন্দোলনে নামার পর থেকেই মালিকরা বলতে শুরু করেছেন, এই মজুরি দেওয়ার সক্ষমতা তাঁদের নেই। তাঁরা আরও বলছেন, এই মজুরি দেওয়া হলে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে।
গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে আমি ৩২ বছর ধরে কাজ করছি। আমার অভিজ্ঞতায়, যতবার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে মাঠে নেমেছেন, যতবার শ্রমিক সংগঠনগুলো মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে, প্রতিবার মালিকদের পক্ষ থেকে তিনটি কথা বলা হয়েছে। প্রথমত, তাঁরা বলেছেন, এই মজুরি দেওয়ার সক্ষমতা তাঁদের নেই। দ্বিতীয়ত, এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তৃতীয়ত, তাঁরা বলেছেন, মজুরি বাড়ালে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশে কাজ করাবে না, অর্ডার অন্য দেশে চলে যাবে।
এবারও কোনো না কোনোভাবে এই কথাগুলো সামনে এসেছে। বিশেষ করে মালিকদের সক্ষমতা নেই—এই বক্তব্য জোরালোভাবে এসেছে। ফলে শ্রমিকরা হতাশ হয়ে পড়েছেন এবং মালিকদের প্রতি তাঁদের বিশ্বাস ও আস্থা হারিয়েছেন।
মজুরি বোর্ডের মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি একটি টেকনিক্যাল বিষয়। এই প্রক্রিয়ার বিভিন্ন দিক শ্রমিকরা বুঝতে পারেন না। তাঁরা মনে করেন, মজুরি বোর্ড গঠনের পর সরকার ঘোষণা দিয়ে জানাবে, ডিসেম্বর থেকে তাঁরা কত টাকা মজুরি পাবেন। মজুরি বোর্ড গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আমরা বারবার বলেছি, দমন-পীড়ন বন্ধ করতে হবে। বলপ্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না।
আরেকটি বিষয় আমরা বারবার বলেছি, প্রত্যেকটি গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকদের কারখানার বাইরে বেরিয়ে আসতে হতো না। কারখানার প্রতিনিধিরা ম্যানেজমেন্টের কাছে দাবি উত্থাপন করতেন, কারখানায় কাজ চলতে থাকত। তাঁদের সিবিএ নেতা বা নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের পক্ষে মালিকদের সঙ্গে দর-কষাকষি করতেন। শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারিত হতো, কারখানাও স্বাভাবিকভাবে চলত।
কিন্তু আজকের পরিস্থিতির জন্য প্রধানত মালিকরাই দায়ী। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মালিকদের সবচেয়ে বড় আস্কারা দিয়েছে সরকার। দীর্ঘ বছর ধরে, আমার ৩২ বছরের অভিজ্ঞতায়, মালিক ও সরকারের ভাষা একই রকম দেখেছি। মালিক ও সরকারকে আমরা আলাদা করে দেখতে পারিনি।
আজ যখন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন সরকার কেন বলছে না, শিল্পকে বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে? শ্রমিককে না বাঁচালে শিল্প বাঁচবে না, শিল্প না বাঁচলে দেশও বাঁচবে না। এই পরস্পর সম্পর্কিত বিষয়গুলো মীমাংসা করতে হলে অবশ্যই একটি যৌক্তিক মজুরি নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি, মালিক পক্ষ শ্রমিকদের বাঁচানোর মতো মজুরি নির্ধারণের ব্যাপারে কোনো অঙ্গীকার করছে না। তাঁদের কোনো সুস্পষ্ট বক্তব্য বা দৃষ্টিভঙ্গি নেই। বরং তাঁরা বারবার বলছেন, তাঁদের সক্ষমতা নেই। এ কারণেই মালিকদের প্রতি শ্রমিকদের অবিশ্বাস ও অনাস্থা তৈরি হয়েছে।
মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা ঘরে ফিরে যেতে পারেননি। প্রত্যেকটি কারখানায় মালিকরা যদি শ্রমিকদের সঙ্গে কথা বলতেন, তাঁদের আশ্বস্ত করতেন যে মজুরি বোর্ডে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধি, চেয়ারম্যান এবং নিরপেক্ষ সদস্য রয়েছেন, সবাই আলোচনা করে তাঁদের দাবি বিবেচনা করবেন, তাহলে শ্রমিকরা শান্ত হয়ে যেতেন। কিন্তু একজন মালিকও, মালিক পক্ষ, বিজিএমইএ, বিকেএমইএ কিংবা সরকার—কেউই শ্রমিকদের সঙ্গে এভাবে কথা বলেননি।
ঢাকা পেপার্স: আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা দেখেছি, যেকোনো শ্রমিক আন্দোলনে বিরোধী দলের নেতারা শ্রমিকদের পক্ষে দাঁড়াতেন। কিন্তু তারাই আজ ক্ষমতায় এসে শ্রমিকদের পক্ষে কথা বলতে পারছেন না। তাহলে শ্রমিকরা আসলে কাদের ওপর আস্থা রাখবেন?
মোশরেফা মিশু: শ্রমিক রাষ্ট্রের নাগরিক। তার রাষ্ট্র ও সরকারের ওপর আস্থা রাখার কথা। আদর্শগতভাবে শ্রমিক শ্রেণির সংগঠন ও সেই আদর্শের নেতৃত্বের ওপরও তার আস্থা রাখা উচিত। কিন্তু একজন শ্রমিকের দৈনন্দিন জীবনযাপন, কাজ ও মজুরির প্রশ্নে সরকার এবং মালিকের দায়িত্ব রয়েছে। মালিক যেন শ্রমিকের অধিকার কার্যকর করেন, রাত, জাতীয় ও আন্তর্জাতিক শ্রম আইন, শিল্প আইন এবং কারখানা আইন যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন কার্যকর করা, তদারকি করা এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু আমরা বাস্তবে দেখছি, এই রাষ্ট্র ও সরকার পুরো কাঠামোগতভাবেই শ্রমিকের নিপীড়কের ভূমিকায় দাঁড়িয়েছে। গত ৪৮ বছরে যে শিল্প কাঠামো গড়ে উঠেছে, সেই কাঠামোর কর্ণধাররাই শ্রমিকের নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
আপনি যদি সুনির্দিষ্টভাবে কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রীর নাম উল্লেখ করেন, আমি বলব, তারা যে রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করছেন, সেই শক্তিগুলো শ্রমজীবী ও নিপীড়িত মানুষের শত্রু সাম্রাজ্যবাদের সহযোগী। বিএনপি, জামায়াত, এনসিপি—এই শক্তিগুলো সাম্রাজ্যবাদের সহযোগী হিসেবে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে যুক্ত থেকে আপনি শ্রমিকদের পক্ষে কী ভূমিকা পালন করবেন?
আপনি বক্তৃতা দিতে পারেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হয়ে নানা ভাষায় কথা বলতে পারেন, সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারেন। কিন্তু শ্রমিকের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপনার আদর্শ যদি শ্রমিকের মুক্তির পক্ষে না থাকে, তাহলে সেই মুক্তি সম্ভব নয়। বিষয়টি আমাদের কাছে একেবারেই পরিষ্কার। সাম্রাজ্যবাদের দালাল বিএনপি। আর কেউ যদি বিএনপির দালাল হতে চায় সেই দালালদের দিয়েও শ্রমিকের মুক্তি সম্ভব নয়।
ঢাকা পেপার্স: গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে শ্রমিক ও মালিকের মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্বের সমাধান কীভাবে সম্ভব?
মোশরেফা মিশু: মালিক ও সরকার তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে এই দ্বন্দ্বের সমাধান হবে না। তারা যদি শ্রমিকদের কৃতদাস মনে করেন, তাহলে সমস্যার সমাধান সম্ভব নয়। একজন শ্রমিক পুরো মাস কাজ করার পর মজুরি চাইবেন, এটা তার আইনগত অধিকার। এটি মানবাধিকারের প্রশ্ন, সংবিধানের প্রশ্ন, শ্রম আইন ও শিল্প আইনের প্রশ্ন, একই সঙ্গে আইএলও কনভেনশনের বিষয়। অথচ এসব জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শ্রমিকদের মাসের পর মাস কাজ করিয়ে অনেক মালিক বেতন দিচ্ছেন না। এমনকি সরকারদলীয় এমপি-মন্ত্রীর কারখানার নামও আমরা বলতে পারি, যেখানে শ্রমিকদের দুই-তিন মাস পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে না।
একজন শ্রমিক মজুরি না পেলে মানবিক জীবনযাপন করতে পারেন না। পাশের দোকান থেকে চা, সবজি বা অন্যান্য পণ্য কিনে টাকা পরিশোধ করতে না পারলে তিনি হয়রানির শিকার হন। বাড়িভাড়া ঠিকমতো দিতে না পারলে বাড়িওয়ালার কাছেও নানা ধরনের হয়রানির শিকার হন। শ্রমিকের এই বাস্তবতা মালিক ও সরকার কখনোই বিবেচনায় নেয়নি। গত ৪৮ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জোট সরকার—কোনো সরকারই শ্রমিকের এই প্রয়োজন ও অধিকারকে যথাযথভাবে বিবেচনায় নেয়নি। এ কারণেই শ্রমিক-মালিক দ্বন্দ্বের সমাধান হচ্ছে না।
৪৮ বছর ধরে এই শিল্প গড়ে উঠেছে। এত বছর পরও একজন মালিক যদি বলেন, শ্রমিকদের মজুরি দেওয়ার সক্ষমতা তার নেই, তাহলে তিনি এই শিল্প কীভাবে টিকিয়ে রাখবেন? এই দায়িত্ব প্রধানত সরকার ও মালিকের। শ্রমিকপক্ষেরও অবশ্যই দায়িত্ব রয়েছে এবং শ্রমিকদের সব অর্থেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কিন্তু শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার সুযোগ বা স্পেস তৈরি করা হয়নি। আইন অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। তাহলে শ্রমিকদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে, তারা গণতান্ত্রিকভাবে নিজেদের দাবি উত্থাপন করতে পারবেন এবং আন্দোলনও গণতান্ত্রিক, স্থির ও শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে পারবেন। এই আন্দোলনের মধ্য দিয়েই শিল্পে স্থিতিশীলতা আসবে। কিন্তু শ্রমিকদের সব অধিকার অস্বীকার করে, তাদের অধিকারকে ডিনায়ালের অবস্থানে রেখে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্যার সমাধান করতে হলে শ্রমিকের মানবিক ও আইনগত অধিকার এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। প্রতিটি কারখানায় শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন বাস্তবায়ন করা হলে শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পারবেন এবং কারখানাগুলোতেও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠবে।
মালিক ও সরকার এই বিষয়গুলো বিবেচনায় না নিলে আমাদের সামনে দুর্দিন রয়েছে। সামনে আরও দুর্দিন অপেক্ষা করছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



