রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ

এসএম শাহ মোমেন, রৌমারি প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৪পরিবর্তন করতে ক্লিক করুন
রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে চুন ও প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন:

কুড়িগ্রামের রৌমারীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক ও মুক্তিযুদ্ধের সময়কার গুলির চিহ্ন চুন দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

কুড়িগ্রামের রৌমারীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার গুলির চিহ্ন চুন দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, রৌমারীর চাঁনমারী-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক এবং মুক্তিযুদ্ধের সময় সামরিক প্রশিক্ষণের স্মৃতিবিজড়িত গুলির চিহ্ন চুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে শহীদদের স্মৃতিবিজড়িত নাম ও ঐতিহাসিক নিদর্শনগুলো আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রৌমারীতে শহীদ হন নয়জন বীর মুক্তিযোদ্ধা। তাঁরা হলেন—আবু আসাদ, আবুল হোসেন, আব্দুল হামিদ, আব্দুল লতিফ, আব্দুল মজিদ, আব্দুল বারী, বদীউজ্জামান, খন্দকার আব্দুল আজিজ চাঁন মিয়া ও কছিবর রহমান।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে রৌমারী মুক্তিযোদ্ধা সংসদ। সংগঠনটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা শাহার আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, খন্দকার শামসুল আলম এবং কমিটির আহ্বায়ক মো. নুর হোসেন।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার এত বছর পরও যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের প্রতি ঘৃণা জানাই। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ইউএনও মাহবুবুল হাসান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নামফলক ও চাঁনমারীর ঐতিহাসিক নিদর্শন সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
________________________
রৌমারি প্রতিনিধি

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: